0%

বিশ্বনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী মোদির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে, জেলেনস্কির সঙ্গে ফোনালাপের প্রসঙ্গ তুলে দাবি বিজেপির

নয়াদিল্লি, ১০ নভেম্বর : বিশ্বনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে বলে দাবি করল বিজেপি। ইউক্রেনের প্রেসিডেন্ট ভলোদিমির জেলেনস্কির সঙ্গে প্রধানমন্ত্রীর সাম্প্রতিক টেলিফোনে কথোপকথনের প্রসঙ্গ তুলে মঙ্গলবার এই মন্তব্য করেছে গেরুয়া শিবির।

আইএএনএস-কে দেওয়া সাক্ষাৎকারে বিজেপি সাংসদ প্রবীণ খান্ডেলওয়াল বলেন, “এটি প্রমাণ করে যে বিশ্বনেতাদের মধ্যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ব্যাপক গ্রহণযোগ্যতা রয়েছে। বর্তমানে বিশ্বের কোথাও কোনও সংকট তৈরি হলে কিংবা দুটি দেশের মধ্যে যুদ্ধের পরিস্থিতি দেখা দিলে সকলেই ভারতের দিকে তাকিয়ে থাকেন। এটি আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের অবস্থানকে প্রতিফলিত করে। গত ১২ বছরে প্রধানমন্ত্রী যেভাবে ভারতের মর্যাদা বৃদ্ধি করেছেন, এই কথোপকথন তারই প্রতিফলন।”

তবে বিজেপি সাংসদের এই মন্তব্যের পরিপ্রেক্ষিতে কংগ্রেস সাংসদ ইমরান মাসুদ বলেন, “ভূ-রাজনৈতিক ক্ষেত্রে আমাদের বর্তমান অবস্থানের কথা মাথায় রেখে এই ধরনের সমস্ত বিষয়ে অত্যন্ত সতর্কতার সঙ্গে এবং যথেষ্ট বিবেচনা করে কথা বলা উচিত।”

উল্লেখ্য, সোমবার সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ একটি পোস্টের মাধ্যমে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি প্রকাশ করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।

প্রধানমন্ত্রী লিখেছিলেন, “প্রেসিডেন্ট জেলেনস্কির সঙ্গে ফলপ্রসূ টেলিফোনে কথোপকথন করতে পেরে ভালো লাগল। আমরা দ্বিপাক্ষিক সহযোগিতার বিভিন্ন দিক পর্যালোচনা করেছি এবং ভারত-ইউক্রেন সম্পর্ক আরও মজবুত করার বিষয়ে সম্মত হয়েছি। চলমান সংঘাত, তার মানবিক দিক এবং শান্তি ফিরিয়ে আনার বিভিন্ন উদ্যোগ সম্পর্কে তাঁর মতামত জানানোর জন্য আমি প্রেসিডেন্ট জেলেনস্কিকে ধন্যবাদ জানিয়েছি। শান্তিপূর্ণ সমাধানের জন্য সবরকমভাবে অবদান রাখার বিষয়ে ভারতের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছি।”

অন্যদিকে, ইউক্রেনের প্রেসিডেন্ট জেলেনস্কিও এক্স-এ একটি পোস্টের মাধ্যমে প্রধানমন্ত্রী মোদির সঙ্গে তাঁর কথোপকথনের বিষয়টি জানান। তিনি বলেন, আবু ধাবিতে আসন্ন শান্তি আলোচনার আগে কূটনৈতিক ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি সম্পর্কে প্রধানমন্ত্রীকে অবহিত করেছেন।

জেলেনস্কির বক্তব্য, “আমি ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে কথা বলেছি এবং সাম্প্রতিক কূটনৈতিক অগ্রগতি সম্পর্কে তাঁকে জানিয়েছি। আবু ধাবিতে বৈঠকের আলোচ্যসূচির প্রতিটি বিষয় নিয়ে আমরা সক্রিয়ভাবে প্রস্তুতি নিচ্ছি। ইউক্রেন সবসময় গঠনমূলক মনোভাব নিয়ে এগিয়েছে এবং রাশিয়ারও একইভাবে উত্তেজনা প্রশমনে প্রস্তুতি দেখানো উচিত।”

তিনি আরও বলেন, প্রধানমন্ত্রী মোদি একাধিকবার, এমনকি সরাসরি রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকেও জানিয়েছেন যে এখন যুদ্ধ চালিয়ে যাওয়ার সময় নয়, বরং যুদ্ধের অবসান ঘটানোর সময়।

ভারত ও ইউক্রেনের দ্বিপাক্ষিক সম্পর্ক এবং চলমান সংঘাতের শান্তিপূর্ণ সমাধান নিয়ে দুই নেতার এই আলোচনাকে কেন্দ্র করেই রাজনৈতিক মহলে নতুন করে প্রতিক্রিয়া সামনে এসেছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker