কলকাতা থেকে পুরী যাওয়া আরও সহজ! শুরু নতুন বাস পরিষেবা, ভাড়া ও টাইমটেবিল জানুন

SOBDIK NEWS: কলকাতা থেকে পুরী (Kolkata-Puri Bus) যাওয়া আরও সহজ ও আরামদায়ক। চালু হয়েছে নতুন বাস পরিষেবা। ধর্মতলা থেকে রোজ সকাল সাড়ে ৯টা ও রাত সাড়ে ৮টায় পুরীর উদ্দেশে বাস ছাড়ে। ১০ ঘণ্টারও কম সময়ের মধ্যে যাত্রীদের পুরী পৌঁছে দেওয়ার লক্ষ্য নিয়েছে পরিষেবা প্রদানকারী সংস্থাটি। নতুন বাসের ভাড়া কত, টিকিট কীভাবে কাটতে হবে জেনে নিন।
কলকাতা থেকে পুরী নতুন বাস পরিষেবা | (Kolkata-Puri Bus)
গত ৬ নভেম্বর থেকে কলকাতা থেকে পুরী অবধি নতুন বাস পরিষেবা চালু করেছে ইজি রাইড (Easy Ride)। দীর্ঘ সফরে যাত্রীদের যাতে কোনও কষ্ট না হয় তা নিশ্চিত করতে প্রিমিয়াম স্লিপার ক্লাসের বাস চালু করা হয়েছে। যাত্রীদের স্বাচ্ছন্দ্যের কথা মাথায় রেখে অত্যাধুনিক এই বাসে একাধিক সুযোগ-সুবিধা রাখা হয়েছে।
কলকাতা থেকে পুরী অবধি চালু করা ইজি রাইডের এই বাসে প্রত্যেক যাত্রীর জন্য আলাদ টিভি, মোবাইল চার্জ দেওয়ার পোর্ট, বায়ো টয়লেট ও ওয়াই-ফাই রয়েছে। দীর্ঘ যাত্রাপথে যাত্রীদের আরাম ও সুযোগ-সুবিধার খামতি যাতে না হয় সেই জন্য নানা বন্দোবস্ত করেছে সংশ্লিষ্ট সংস্থা।
আরও পড়ুনঃ জন্মসূত্রে ঠাকুরদার সম্পত্তিতে নাতির অধিকার থাকে? বড় রায় দিল সুপ্রিম কোর্ট
ইজি রাইডের তরফে জানানো হয়েছে, কলকাতা থেকে পুরী যাতায়াতের সুবিধা বাড়ানোর পাশাপাশি যাত্রীদের জন্য আরও উন্নত মানের ও পরিবেশবান্ধব ভ্রমণের অভিজ্ঞতা তৈরি করাই এই বাস পরিষেবা চালু করার লক্ষ্য। যাত্রীদের সুবিধার্থে রোজ দিনে দু’বার এই বাস পরিষেবা পাওয়া যাবে।
ধর্মতলা বাসস্ট্যান্ড থেকে রোজ সকালে একবার ও রাতে একবার বাস ছাড়বে। ইজি রাইড অ্যাপের মাধ্যমে যাত্রীরা সিট বুক করতে পারবেন। মাত্র ১৫০০ টাকা থেকে ভাড়া শুরু হচ্ছে।
কলকাতা থেকে পুরী যাতায়াতের জন্য এতদিন মূলত ট্রেনই ভরসা ছিল। তবে এবার প্রিমিয়াম বাস পরিষেবা চালু হয়ে গেল। অল্প সময়ে আরামে সফর করতে চাইলে এই বাস বেছে নিতেই পারেন।



