0%

বিরাটের সেঞ্চুরি নিশ্চিত করতে গিয়ে গিলদের ব্যাটিংয়ে ক্ষতি! বিস্ফোরক গাভাসকর

বিরাট কোহলির (Virat Kohli) ব্যাট থেকে আসুক শততম সেঞ্চুরি। সাম্প্রতিক অতীতে ক্রিকেটপ্রেমীদের একাংশ ওয়ানডে দেখতে বসেন এই একটা ইচ্ছা নিয়েই। কিন্তু সেটা আখেরে ভারতীয় দলের উপর চাপ বাড়াচ্ছে কি? অন্যান্য ক্রিকেটাররাও কি বিরাটের সেঞ্চুরি নিয়েই বেশি ভাবছেন? একটি সংবাদপত্রে কলাম লিখতে গিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন কিংবদন্তি ক্রিকেটার সুনীল গাভাসকর (Sunil Gavaskar)।

মিড ডে সংবাদপত্রের কলামে গাভাসকর লিখছেন, ‘ভারতীয়রা রেকর্ড ব্যাপারটা বড্ড ভালোবাসে। ম্যাচের সময় রেকর্ড গড়াকে প্রাধান্য দেওয়া উচিত কিনা সেই তর্ক দীর্ঘদিনের। তবে একটা কথা নিশ্চিতভাবেই বলা যায়, যারা বলে যে রেকর্ডের জন্য খেলি না তারা আসলে জানে যে নজির গড়ার মতো প্রতিভা তাদের নেই। সেজন্যই এমন ধরনের কথা বলতে পারে। আসলে এমন কোনও ভারতীয় ক্রিকেটপ্রেমী নেই যে চায় না যে বিরাট ১০০টা সেঞ্চুরি করুক। আমরা সবাই সেটা চাই। ম্যাচের সময় কোনও ক্রিকেটার যদি বিরাটের সেঞ্চুরি পূরণের জন্য আত্মত্যাগ করে তাহলে ভারতের সকল ক্রিকেটপ্রেমীই খুশি হবেন।”

কিংবদন্তি ক্রিকেটার তুলে ধরেছেন একটি উদাহরণ, যেখানে বিরাট ৭০ রানে আউট হয়ে গিয়েছেন। গাভাসকরের মতে, ‘ওইরকম সময়ে শুভমান গিল বা শ্রেয়স আইয়ারের মতো ব্যাটাররা খোলা মনে ব্যাট করতে পারে। দলকে জেতানোর জন্য যেভাবে দরকার সেভাবেই ব্যাটিং চালিয়ে যেতে পারে। কিন্তু সমস্যাটা হয় ক্রিজের উলটো দিকে বিরাট থাকলে। সেসময়ে যদি বিরাটের শতরান হাঁকানোর সুযোগ থাকে, তাহলে চাপ এসে পড়ে গিলদের উপরেও। তখন ওরা একটা রান নিলেও সমালোচনা শুরু হয়ে যায়। বলা হয় ওরা সেঞ্চুরি আটকানোর চেষ্টা করছে।’

কিন্তু দলের জয় নাকি বিরাটের সেঞ্চুরি-কোনটা নিশ্চিত করা দরকার? গাভাস করের কথায়, ক্রিকেটারদের মধ্যে এই দোনোমোনোটা থেকেই যায়। কারণ তাঁরা বুঝতে পারেন না, দ্রুত জয় দরকার নাকি আগে মাইলস্টোন নিশ্চিত করে ফেলা দরকার। এই দোটানার জেরে তাঁদের ব্যাটিং ক্ষতিগ্রস্ত হতে পারে বলে মনে করছেন গাভাসকর। যদিও তিনি চাইছেন, প্রয়োজন হলে বিরাট মাইলস্টোনের জন্য আত্মত্যাগ করতেই পারেন সতীর্থরা।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker