খুনের ষড়যন্ত্র! জঙ্গি পান্নুনের মামলায় ডোভালকে সমন আমেরিকার, কড়া প্রতিক্রিয়া দিল্লির

তাঁকে হত্যার ষড়যন্ত্র করা হচ্ছে! এমনই অভিযোগ তুলে দু’বছর আগে আমেরিকায় মামলা দায়ের করেছিল খলিস্তানি জঙ্গি গুরুপতবন্ত সিং পান্নুন। সেই মামলায় এবার ভারতকে সমন পাঠাল মার্কিন বিদেশ দপ্তর। ইতিমধ্যেই তারা ওয়াশিংটনে ভারতীয় দূতাবাসকে এই সংক্রান্ত নোটিস পাঠিয়েছে।
২০২৪ সালে আমেরিকার আদালতে মামলাটি দায়ের করে খলিস্তানি জঙ্গি। সে অভিযোগ করে, তাকে হত্যার ষড়যন্ত্র করছে ভারত সরকার। এর জন্য নিখিল গুপ্তা নামে এক যুবককে নিয়োগ করা হয়েছে। ভারত সরকার ছাড়াও অভিযোগের তির ছোড়া হয়েছে জাতীয় নিরাপত্তা উপদেষ্টা অজিত ডোভাল, ভারতীয় গোয়েন্দা সংস্থা ‘র’-এর প্রাক্তন প্রধান সমন্ত গোয়েল, বিক্রম যাদব, নিখিল গুপ্তর বিরুদ্ধে। এখানেই শেষ নয়, পান্নুনের আরও দাবি, ২০২৩ সালে নিউ ইয়র্কেও তাকে হত্যার ছক করা হয়েছিল। সেই ষড়যন্ত্রেও জড়িত ছিলেন এই ভারতীয় আধিকারিকরা। সেণ মামলাতেই মার্কিন বিদেশ দপ্তর গত ৯ অক্টোবর ওয়াশিংটনের ভারতীয় দূতাবাসে একটি কূটনৈতিক নোট পাঠায়। তবে জানা গিয়েছে, নোটটি স্বাক্ষর করা হয়েছিল ৩০ সেপ্টেম্বর। আমেরিকার বক্তব্য, আইনি প্রক্রিয়ার বাধ্যবাধকতা মেনেই এই নথি পাঠানো হয়েছে। এর অর্থ এই নয় যে, পান্নুনের অভিযোগকে সমর্থন করছে ওয়াশিংটন।
গোটা ঘটনায় কড়া প্রতিক্রিয়া দিয়েছে নয়াদিল্লি। মঙ্গলবার একটি সাংবাদিক বৈঠকে বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল এই মামলাটিকে ‘ভিত্তিহীন’ বলে অভিহিত করেন। তিনি বলেন, “আমরা আমাদের উচ্চপদস্থ কর্মকর্তাদের বিরুদ্ধে আনা এই ভুয়ো ও বিদ্বেষপূর্ণ অভিযোগগুলি প্রত্যাখ্যান করছি। একইসঙ্গে এই ভিত্তিহীন মামলাকেও খারিজ করছি।” যোগ করেন, “ভারতে কোনও বিচারবিভাগীয় নথি পাঠানোর একটি নির্দিষ্ট আইনি প্রক্রিয়া রয়েছে। নিয়মানুযায়ী, এই ধরনের সমস্ত নথি কেবল ভারতের আইন ও বিচার মন্ত্রণাকের মাধ্যমেই পাঠাতে হবে।”
শেয়ার
লিংক



