0%

ইডেনের জাঁকজমক এবার কোচবিহারে! রাসমেলায় লেজার শো-আতসবাজি, থাকবেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: কোচবিহারের ঐতিহ্যের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িয়ে রয়েছে রাসমেলা (Cooch Behar Rash Mela)। এবার এই উৎসব উপলক্ষে কোচবিহারে জাঁকজমকপূর্ণ আয়োজনের তোড়জোড় শুরু হয়েছে। জানা গিয়েছে, আগামী ২৫ নভেম্বর রাসমেলার সূচনায় উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। তাঁর উপস্থিতিতে সাগরদিঘি ঘাটে আরতিও হবে বলে খবর।

কোচবিহারের রাসমেলায় লেজার শো-আতসবাজি | (Cooch Behar Rash Mela)

মুখ্যমন্ত্রী আগেই জানিয়েছেন, কোচবিহারের রাসমেলার আগেই উত্তরবঙ্গ সফরে যাবেন। আগামী ২৪ নভেম্বর নিয়ম মেনে মদনমোহন বাড়িতে রাস উৎসবের সূচনা হবে। রাসমেলার সূচনা হবে আগামী ২৫ নভেম্বর। ঐতিহ্যবাহী এই মেলার সূচনাপর্ব স্মরণীয় করে রাখতে লেজার শো থেকে আতসবাজি প্রদর্শনী রাখার পরিকল্পনা করছে প্রশাসন।

রাসমেলার বিষয়ে খুঁটিনাটি আলোচনা করতে মঙ্গলবার একটি উচ্চপর্যায়ের বৈঠক আয়োজিত হয়েছিল। কোচবিহারের জেলাশাসক জিতিন যাদব ও প্রশাসনিক আধিকারিকদের নিয়ে বৈঠকে বসেন রাজ্যের নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী মালতি রাভা রায় ও রাজ্যের স্পিকার রথীন্দ্র বসু।

আরও পড়ুনঃ লাফিয়ে বাড়বে সরকারি কর্মীদের বেতন! সপ্তম বেতন কমিশনের সুবিধা কবে থেকে মিলবে জানুন

রাসমেলার সময় জেলার হেরিটেজ স্থাপত্যগুলিকে আলোকিত করা হবে। রাজ্য বিধানসভার স্পিকার তথা কোচবিহার দক্ষিণের বিধায়ক রথীন্দ্র বলেন, ২১৪ তম বর্ষে পদার্পণ করেছে রাসমেলা। এই মেলাকে বিশ্বদরবারে তুলে ধরতে একটি ওয়েবসাইট তৈরি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সেখানে মেলার বিষয়ে যাবতীয় তথ্য পাওয়া যাবে।

এছাড়া রথীন্দ্র জানান, একসময় যারা কোচবিহারে থাকতেন, তবে বর্তমানে বিভিন্ন কাজে বাইরে থাকেন, তাঁদের কাছেও রাসমেলার নানা বিষয় পৌঁছে দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি এই মেলাকে কেন্দ্র করে পর্যটকদের জন্য একটি প্যাভিলিয়ন বানানোর কথা ভাবা হয়েছে। একইসঙ্গে সাগরদিঘির পাড়ে আরতির আয়োজন নিয়েও আলোচনা হয়েছে।

অন্যদিকে নারী ও শিশু কল্যাণ দফতরের মন্ত্রী তথা তুফানগঞ্জের বিধায়ক মালতি বলেন, উত্তর পূর্ব ভারতের অন্যতম বৃহৎ মেলা হল কোচবিহারের রাসমেলা। সেই মেলার ঐতিহ্য সবার সামনে তুলে ধরতে বিশেষ উদ্যোগ নেওয়া হচ্ছে। প্রথমবার রাসমেলা চত্বরেই স্বনির্ভর গোষ্ঠীদের নিয়ে গৌরীমেলা আয়োজিত হবে। এর জন্য স্টেডিয়াম চত্বরে প্রায় ৫০টি স্টল বানানো হবে।

রাজ্যে পালাবদলের পর প্রথম রাসমেলা ঘিরে তৎপরতা তুঙ্গে। গোটা শহরকে আলো দিয়ে সাজানোর পরিকল্পনা করা হয়েছে। পাশাপাশি সিসিটিভি ক্যামেরায় নজরদারি বাড়ানোর উদ্যোগও নেওয়া হচ্ছে। সব মিলিয়ে রাসমেলার আগে একেবারে নতুন রূপে সেজে উঠছে কোচবিহার।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker