0%

পাঞ্জাবে যেতেই শ্রেয়সের সঙ্গে শুরু ‘ইগো’র লড়াই? দল বদল করে মুখ খুললেন হার্দিক

হার্দিক পাণ্ডিয়া ও অর্শদীপ সিংয়ের ট্রেড ডিল পর্ব সমাপ্ত। দুই ক্রিকেটারই ১৮ কোটি টাকার বিনিময়ে দলবদল করেছেন। এবার দুই দলের সামনে একটা বড় প্রশ্ন। অধিনায়ক কে হবেন? হার্দিক মুম্বই ইন্ডিয়ান্স ছাড়ায় অধিনায়কের জায়গা ফাঁকা। সেই শূন্যস্থান কে ভরাবেন সেই নিয়ে মুখ খুলেছে ম্যানেজমেন্ট। অন্যদিকে পাঞ্জাব কিংস কি শ্রেয়স আইয়ারকে অধিনায়ক রাখবে? নাকি দায়িত্ব তুলে দেবে হার্দিকের হাতে? সেই প্রশ্নের উত্তর দিলেন খোদ হার্দিকই।

আইপিএল নিলামের আগে ট্রেড চলছে। হার্দিক পাণ্ডিয়া (Hardik Pandya) যাচ্ছেন পাঞ্জাব কিংসে। বদলে মুম্বই ইন্ডিয়ান্স তুলে নিল ভারতের তারকা পেসার অর্শদীপ সিংকে। মুম্বইয়ে হার্দিকের বেতন ছিল ১৬.৩৫ কোটি টাকা। পাঞ্জাবে সেটা বেড়ে গিয়ে দাঁড়াল ১৮ কোটি টাকা। অর্থাৎ ১.৬৫ কোটি টাকা বেতন বেশি পাবেন তারকা অলরাউন্ডার। অন্যদিকে অর্শদীপকে তাঁর বেতন ১৮ কোটি টাকাতেই কিনে নিয়েছে মুম্বই।

এবার প্রশ্ন হল, হার্দিক কি শুধু ক্রিকেটার হিসেবে পাঞ্জাবে খেলতে পারবেন? মুম্বইয়ে তাঁর নেতৃত্ব নিয়ে কম বিবাদ হয়নি। অন্যদিকে পাঞ্জাবের ‘সরপঞ্জ’ শ্রেয়স। দুই তারকার মধ্যে কি ‘ইগো’র সংঘাত হবে? শেষ পর্যন্ত অধিনায়ক কে হবেন? প্রশ্নগুলো উঠবে খুব স্বাভাবিক। তাই পাঞ্জাব জার্সিতে নিজের প্রথম পোস্টেই সমস্ত জল্পনা থামিয়ে দিলেন হার্দিক। তিনি লিখেছেন, ‘সৎ শ্রী আকাল, পাঞ্জাব। আমার অধিনায়ক শ্রেয়স, আমার কোচ রিকি, আমার দল পাঞ্জাব, আমি তোমাদের সঙ্গে আছি।’ অর্থাৎ শ্রেয়সকে অধিনায়ক হিসেবে মেনে নিচ্ছেন হার্দিক।

আরেকটি প্রশ্ন হল, হার্দিকের পর আম্বানিদের দলের অধিনায়ক হবেন কে? ম্যানেজমেন্টের এক সূত্র জানিয়েছেন, “কে অধিনায়ক হবে, সেটা আমরা খতিয়ে দেখছি। আমাদের হাতে অনেকগুলো বিকল্প আছে। আশা করছি, খুব তাড়াতাড়ি আমরা অধিনায়ক ঘোষণা করতে পারব।” যদিও জল্পনা রয়েছে, ফের রোহিত শর্মাকেই অধিনায়ক করা হতে পারে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker