0%

অনুমতি ছাড়াই তৈরি করা হয়েছিল বুক স্টল! ক্ষতিপূরণ সংক্রান্ত মামলা খারিজ হাইকোর্টের

SOBDIK NEWS: এবারের পুজোয় রাজ্যের নানা প্রান্তে বামেদের বুক স্টলে হামলার অভিযোগ উঠেছিল। এমনই একটি ঘটনায় নিরপেক্ষ তদন্ত ও ক্ষতিপূরণের দাবি জানিয়ে কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) মামলা হয়। এবার সেই মামলা খারিজ করে আদালত জানাল, অনুমতি না থাকলে ক্ষতিপূরণের প্রশ্নই আসে না।

মামলা খারিজ করল হাইকোর্ট | (Calcutta High Court)

জানা গিয়েছে, পুজোর সময় অস্থায়ী বুক স্টল তৈরির অনুমতি চেয়ে প্রশাসনের দ্বারস্থ হয়েছিল অ্যাসোসিয়েশন ফর প্রোটেকশন অফ ডেমোক্রেটিক রাইটস তথা এপিডিআর (APDR)। তবে সেই আবেদনের কোনও জবাব না আসার অনুমতি মিলেছে বলে ধরে নিয়ে বুক স্টল তৈরি করে সংগঠনটি। পরবর্তীতে সেই স্টল ভাঙার অভিযোগ নিয়েই উচ্চ আদালতের দ্বারস্থ হয় তাঁরা।

সংগঠনের আইনজীবী ভাস্কর রায় জানান, গত ১৯ অক্টোবর ঘটনাটি ঘটেছিল। এই নিয়ে ২১ অক্টোবর সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে অভিযোগ জানানো হয়। তবে কোনও পদক্ষেপ না নেওয়ায় হাইকোর্টের দ্বারস্থ হয় এপিডিআর।

আরও পড়ুনঃ ‘দিদি মায়ের মতো করে মানুষ করেছেন’! বাবুনের মন্তব্যের পর পাল্টা দিলেন কল্যাণ

বুক স্টল ভাঙার অভিযোগের ভিত্তিতে নিরপেক্ষ ও নির্দিষ্ট সময়সীমার মধ্যে তদন্তের নির্দেশ দেওয়ার পাশাপাশি এই ঘটনার জেরে হওয়া ক্ষতিপূরণ চেয়ে হাইকোর্টে মামলা দায়ের করা হয়। শুনানিতে রাজ্য জানায়, কোনও অনুমতি ছাড়াই ওই বুক স্টল তৈরি করা হয়েছিল। ফলে এই আবেদন বিবেচনার নির্দেশ দেওয়া অর্থহীন।

সবপক্ষের বক্তব্য শোনার পর বিচারপতি রিশাদ মেডোরার অবকাশকালীন বেঞ্চ জানায়, কোনও প্রশাসনিক কর্তৃপক্ষের কাছে অনুমতির আবেদন করে উত্তর পাওয়া যায়নি মানেই সেই অনুমতি মঞ্জুর হয়েছে বলে ধরে নেওয়া যায় না। এমনটা ধরে নিয়ে কোনও নির্মাণকাজ শুরুর অধিকারও তৈরি হয় না।

বিচারপতি মেডোরার মতে, অনুমতি ছাড়া নির্মিত বুক স্টল ভাঙার ঘটনায় আবেদনকারীর কোনও মৌলিক অধিকার লঙ্ঘিত হয়েছে বলে মনে করা হচ্ছে না। শেষমেষ এই সংক্রান্ত মামলা খারিজ করে দেয় আদালত।

প্রত্যেক বছর পুজোর সময় রাজ্যের নানা প্রান্তে বুকস্টল দেয় বামেরা। তবে এবার অনেক জায়গায় তাঁদের স্টলে হামলা চালানোর অভিযোগ উঠেছে। এদিন এই সংক্রান্ত একটি মামলা খারিজ করে বড় পর্যবেক্ষণ করল কলকাতা হাইকোর্ট।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker