0%

বালোচ বিদ্রোহীদের হামলায় কাঁপল পাকিস্তান! কোয়েটা-করাচি হাইওয়েতে ভয়ংকর বিস্ফোরণ, উড়ল সেতু

বালোচ বিদ্রোহীদের হামলায় ফের কাঁপল পাকিস্তান! কোয়েটা-করাচি হাইওয়েতে ভয়ংকর বিস্ফোরণ। জানা যাচ্ছে, হামলায় ধ্বংস হয়ে গিয়েছে গুরুত্বপূর্ণ একটি সেতু। এর জেরে দুই শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে।

সম্প্রতি মাস্তুং জেলার খাদকোচা এলাকায় হামলা চালায় বালোচ বিদ্রোহীরা। নিশানা করা হয় কোয়েটা-করাচি হাইওয়েকে। সেখানকার কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ একটি সেতু বিস্ফোরণে উড়িয়ে দেওয়া হয়েছে। এর ফলে সড়ক পথে দুই শহরের মধ্যে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। গোটা ঘটনাটিকে কেন্দ্র করে চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে। এই হাইওয়েটি বালোচিস্তানের রাজধানী কোয়েটার সঙ্গে পাকিস্তানের বৃহত্তম শহর ও বাণিজ্যিক কেন্দ্র করাচিকে যুক্ত করে। এই হামলার জেরে দুই শহরের মধ্যে পণ্য পরিবহন ঘিরেও উদ্বেগ তৈরি হয়েছে। এর আগে পাক সেনাদের নিশানা করতেন বালোচ বিদ্রোহীরা। কিন্তু এবার পাকিস্তান সরকারকে ভাতে মারতে কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ স্থানগুলিতেও হামলা চালাচ্ছে তারা। 

উল্লেখ্য, বালোচিস্তানের পাকিস্তানি শাসনের শৃঙ্খল ভেঙে ফেলতে দীর্ঘদিন ধরে লড়াই করছে বালোচ লিবারেশন আর্মি। গত ১১ আগস্ট স্বাধীনতা দিবসের ঘোষণা করেছে বালোচিস্তান। বিদ্রোহীরা দাবি করেন, বালোচিস্তানের ৮৫ শতাংশ এলাকা তাঁদের নিয়ন্ত্রণে। বিরাট সেনাবল নিয়ে লড়াইয়ে নেমেও এই অঞ্চলে রীতিমতো নাকানি চোবানি খেতে হচ্ছে পাক সেনাকে। এই অবস্থায় পালটা গুমখুন, হত্যা ও ধর্ষণের মতো অমানুষিক অত্যাচার চালিয়ে বিদ্রোহের আগুন নেভানোর চেষ্টা করছে ইসলামাবাদ। বিশেষ করে চিন-পাকিস্তান অর্থনৈতিক করিডর তৈরি হওয়ার পর থেকেই আরও অশান্ত হয়ে উঠেছে বালোচিস্তান। অভিযোগ, খনিজ সমৃদ্ধ প্রদেশটিকে কার্যত লুট করছে পাক প্রশাসন। প্রতিদানে বালোচ জনতা পেয়েছে শুধু নির্যাতন ও দারিদ্র। তারই প্রতিবাদে স্বাধীনতার মরণপণ লড়াইয়ে নামে সেখানকার মানুষ। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker