কেপ টাউনের আগে বল বিকৃতি হয়েছিল অন্য টেস্টেও! ফের বিস্ফোরক খোয়াজা

এই মুহূর্তে যে বিষয়টি নিয়ে নতুন করে উত্তাল ক্রিকেটমহল? বিনা সংশয়ে বলে দেওয়া যায়, আট বছর আগের কেপ টাউন টেস্টের বল বিকৃতি কাণ্ড। প্রতিদিনই সামনে আসছে নিত্য নতুন তথ্য। কিছুদিন আগেই উসমান খোয়াজা (Usman Khawaja) দাবি করেছিলেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। এবার আরও এক বিস্ফোরক তথ্য ফাঁস করলেন তিনি। খোয়াজা জানান, কেবল কেপ টাউন নয়, আরও একটি টেস্টে সিরিশ কাগজ দিয়ে বল বিকৃতির ঘটনা ঘটেছিল।
নিজের বই ‘সবর’-র এ কথা উল্লেখ করেছেন খোয়াজা। তিনি জানিয়েছেন, পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃত করা হয়েছিল, যা সকলেরই জানা ছিল। ওই টেস্ট ম্যাচে অস্ট্রেলিয়ার ২৪৩ রানের জবাবে দক্ষিণ আফ্রিকা দারুণ জায়গায় ছিল। তবে বলের আকৃতি পরিবর্তন করার ঘটনাটির পর মাত্র ২৮ রানেই ৪টি উইকেট হারিয়ে বিপদে পড়ে প্রোটয়ারা। বিকৃত করা বল হাতে পেয়ে খোয়াজার মনে হয়েছিল, এই বলে তিনিও রিভার্স সুইং করাতে পারবেন।
খোয়াজা লিখেছেন, ‘পরবর্তী সেশনে আমরা দক্ষিণ আফ্রিকাকে পুরো চেপে ধরেছিলাম। বিরতির পর মাঠে ফিরে দেখা যায়, আম্পায়ারদের হেফাজতে থাকা বলটিতে কিছু কারসাজি করা হয়েছে। যার একপাশ বেশ চকচকে। অন্যপাশ ছিল অত্যন্ত খসখসে ও শুকনো। গালিতে ফিল্ডিং করার সময় বলটি যখনই হাতে আসছিল, অবাক হয়ে ভাবছিলাম এই বল দিয়ে তো আমিও সুইং করাতে পারব! সত্যি অবিশ্বাস্য ছিল। আমাদের বোলাররা চমৎকার বোলিং করে সব দিক থেকেই রিভার্স সুইং আদায় করে নিচ্ছিল। আর এভাবেই আমরা ২৮ রানে ৪ উইকেট তুলে নিই।’
এরপর আরও বিস্ফোরক কথা লিখেছেন খোয়াজা। ‘বল এতটাই সুইং করছিল যে একটা উইকেট পড়ার পর সেলিব্রেশনের সময় দলের এক বোলার বলেই ফেলেছিল, আর যেন বল নিয়ে কারচুপি করা না হয়। না হলে সবার সন্দেহ হবে। তবে বাকিরা কথাটা হেসে উড়িয়ে দেয়, কারণ ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।’ যদিও সেই টেস্ট ম্যাচে বল ট্যাম্পারিং করেও শেষ রক্ষা হয়নি অস্ট্রেলিয়ার। এবি ডিভিলিয়ার্সের দুর্দান্ত সেঞ্চুরি এবং দক্ষিণ আফ্রিকার বোলারদের দাপুটে বোলিংয়ে শেষ পর্যন্ত ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয় প্রোটিয়ারা। উল্লেখ্য, আত্মজীবনীতে নানান বিতর্কিত কথা লিখে প্রবল সমালোচিত হচ্ছেন প্রাক্তন অজি ওপেনার। সেই কারণেই ঠিক করেছেন, বইয়ের প্রচারের জন্য কোনও সাক্ষাৎকার দেবেন না।
শেয়ার
লিংক



