ফিফার বিশেষ কর্মসূচিতে প্রথম পুরুষ ফুটবলার সুনীল ছেত্রী, কী বললেন প্রাক্তন ভারত অধিনায়ক?

প্রায় দু’দশকের ফুটবল কেরিয়ারে দেশের হয়ে একের পর এক নজির গড়েছেন। এবার মাঠের বাইরেও সমান সাবলীল সুনীল ছেত্রী (Sunil Chhetri)। ফিফার বিশেষ কর্মসূচিতে শামিল হলেন প্রাক্তন ভারত অধিনায়ক। ফিফার ‘প্লেয়ার ইমপ্যাক্ট প্রোগ্রাম’-এর দ্বিতীয় সংস্করণে একমাত্র পুরুষ সদস্য হিসাবে যোগ দিলেন তিনি।
২০২৫ সালে কেবলমাত্র মহিলা ফুটবলারদের নিয়ে শুরু হয় এই কর্মসূচি। এবার তার পরিধি বাড়িয়ে বিশ্বের ১৩ জন ফুটবলারকে নিয়ে তৈরি হয়েছে দ্বিতীয় ব্যাচ। তাঁদের মধ্যে সুনীল ছেত্রী-সহ ১১ জন গত জুনে আমেরিকার বস্টনে তিন দিনের ‘ইমপ্যাক্ট অ্যাক্সিলারেটর ওয়ার্কশপ’-এ যোগ দিয়েছিলেন। ফুটবলারদের পরিচিতিকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক পরিবর্তন আনার পথ দেখানোই এই কর্মসূচির লক্ষ্য। সুনীলের সঙ্গে এই প্রোগ্রামে রয়েছেন স্পেনের বিশ্বকাপজয়ী ফুটবলার আলেক্সিয়া পুতেয়াস, কানাডার জেসি ফ্লেমিং, ইংল্যান্ডের মিশেল আগিয়েমাং, নাইজেরিয়ার রশিদাত আজিবাদে, ব্রাজিলের গাবি নুনেসের মতো তারকারা।
ফিফার এই উদ্যোগে শামিল হতে পেরে উচ্ছ্বসিত সুনীল। তাঁর কথায়, “এই সুযোগ পেয়ে আমি সত্যিই খুব খুশি। এখানে যা শিখব, তা বাস্তবে প্রয়োগ করার জন্য মুখিয়ে। আমার মনে হয় না, এখানে নারী ও পুরুষের মধ্যে কোনও পার্থক্য রয়েছে। আমরা বিভিন্ন দেশের অসাধারণ ব্যক্তিত্ব এবং প্রথম সারির ফুটবলারদের সঙ্গে একত্র হয়েছি।” বস্টনের তিন দিনের কর্মসূচিতে নিজেদের জীবনের অভিজ্ঞতা ভাগ করে নিয়েছেন সুনীলরা। পাশাপাশি কোন সামাজিক বিষয়গুলি তাঁদের কাছে গুরুত্বপূর্ণ, তা চিহ্নিত করেছেন অংশগ্রহণকারীরা।
সুনীলদের সঙ্গে দেখা করেছিলেন ফিফার চিফ ফুটবল অফিসার জিল এলিস। তিনি বলেন, “খেলোয়াড় বা কোচ হিসাবে আমরা গোটা কেরিয়ারে পারফরম্যান্স দিয়ে নিজেদের একটা সুনাম তৈরি করতে ব্যস্ত থাকি। গুরুত্বপূর্ণ সেভ, জয়সূচক গোল কিংবা শেষ মুহূর্তের ট্যাকল – এসবই আমাদের পরিচিতি তৈরি করে। কিন্তু আমাদের নিজেদের একটা প্রশ্ন করা প্রয়োজন, খেলার বাইরেও মানুষ হিসাবে আমরা সমাজের জন্য কী অবদান রেখে যাচ্ছি?” উল্লেখ্য, ডিসেম্বরে লন্ডনে ফের একত্রিত হবেন সুনীলরা। অনেকেই হয়তো ভার্চুয়ালি থাকবেন। ভবিষ্যৎ পরিকল্পনা তুলে ধরার কথা রয়েছে তাঁদের। তরুণ ফুটবলারদের সামাজিক শিক্ষা দিতে এই বিশেষ উদ্যোগ নিয়েছে ফুটবলের নিয়ামক সংস্থা। সেখানে প্রথম পুরুষ ফুটবলার হিসাবে যোগ দিলেন সুনীল ছেত্রী।
শেয়ার
লিংক



