সিএসকে ভক্ত অনিরুদ্ধের সঙ্গে সাতপাকে বাঁধা পড়লেন হায়দরাবাদ মালকিন কাব্য, প্রকাশ্যে নবদম্পতির ছবি

একজন কোটি কোটি টাকার পারিবারিক সম্পত্তির মালকিন। অন্যজনের সুরের জাদুতে মাতোয়ারা গোটা দেশ। এবার সাতপাকে বাঁধা পড়লেন দু’জন-কাব্য মারান এবং অনিরুদ্ধ রবিচন্দ্রর। গ্রিসে জমকালো অনুষ্ঠানে একসঙ্গে সারাজীবন কাটানোর শপথ নিলেন তাঁরা। বিয়ের সাজ নবদম্পতির ছবিও প্রকাশ্যে এসেছে।
গ্রিসে দু’দিন ধরে বিয়ের অনুষ্ঠান ছিল। মঙ্গলবার বাগদান সারেন কাব্য-অনিরুদ্ধ। বুধবার ছিল তাঁদের বিয়ে। যথেষ্ট গোপনীয়তার মধ্যেই বিয়ের অনুষ্ঠান সম্পন্ন হয়। অনিরুদ্ধের পরিবারের সদস্য সুপারস্টার রজনীকান্ত হাজির ছিলেন। এছাড়াও তামিলনাড়ুর প্রাক্তন মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিন সপরিবারে গ্রিস গিয়েছিলেন বিয়ের অনুষ্ঠানে যোগ দেওয়ার জন্য। কিন্তু বিয়ের কোনও ছবিই প্রকাশ্যে আসেনি। অনুষ্ঠান শেষ হওয়ার পর নবদম্পতির ছবি শেয়ার করেন অনিরুদ্ধ নিজেই। সঙ্গে আবেগঘন বার্তা।
তামিলনাড়ুর ঐতিহ্যবাহী পোশাক ভেশতি পরে বিয়ে সেরেছেন জনপ্রিয় সঙ্গীত পরিচালক। আইভরি রঙের ভেশতির সঙ্গে সুতোর কাজ করা কুর্তায় সেজেছিলেন তিনি। অন্যদিকে কাব্যর পরনে ছিল হালকা গোলাপি রঙের লেহেঙ্গা। সাম্প্রতিক ‘ট্রেন্ড’ মেনে প্যাস্টেল শেডের রঙেই সেজেছিলেন নবদম্পতি। বিয়ে সেরে ভারতে ফিরবেন তাঁরা। জানা গিয়েছে, আগামী ২১ নভেম্বর চেন্নাইয়ে প্রীতিভোজের আয়োজন করেছে দুই পরিবার। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি থেকে শুরু করে একাধিক হাইপ্রোফাইল ব্যক্তিত্বকে সেখানে আমন্ত্রণ জানানো হয়েছে।
উল্লেখ্য, কাব্য-অনিরুদ্ধর প্রেমকাহিনি নিয়ে চর্চা নতুন কিছু নয়। আসলে সানরাইজার্সের সুন্দরী মালকিন কাব্যর ভক্ত সংখ্যা নেহাত কম নয়। স্টেডিয়ামে কমলা জার্সিতে দলকে সমর্থন জানিয়ে দ্যুতি ছড়ান। অন্যদিকে অনিরুদ্ধ ‘জেলার’, ‘লিও’ বা ‘কুলি’র মতো বিখ্যাত তামিল সিনেমায় সুর দিয়েছেন। পাশাপাশি হিন্দিতে শাহরুখ খানের ‘জওয়ান’ সিনেমার সুরকার হিসেবে প্যান ইন্ডিয়ায় জনপ্রিয়তা পেয়েছেন।
দীর্ঘদিন প্রেমের গুঞ্জন থাকলেও কাব্য বা অনিরুদ্ধকে প্রকাশ্যে সেভাবে দেখা যায়নি। হাজার ফিসফিসানির পর প্রেমের গুঞ্জনে সিলমোহর পড়ে। মাসখানেক আগে দেশের একঝাঁক সেলিব্রিটির কাছে গিয়ে বিয়ের আমন্ত্রণপত্র দেন দুই পরিবারের সদস্যরা। তখনই বিয়ের খবর প্রকাশ্যে আসে। এবার গোপনে ঘনিষ্ঠদের উপস্থিতিতে একসঙ্গে পথচলা শুরু করলেন সানরাইজার্স হায়দরবাদের মালকিন এবং দক্ষিণের সুরের রাজা।
শেয়ার
লিংক



