0%

‘যেন অলিম্পিকে আরও একবার সোনা জিতলাম’, চুরি যাওয়া পদক পেয়ে আবেগঘন প্রাক্তন হকি অধিনায়ক

বাড়িতে চুরি যাওয়ার কয়েক দিনের মধ্যেই ফিরে পেলেন অলিম্পিকে জেতা সোনার পদক। শুধু পদক নয়, উদ্ধার হয়েছে আরও বেশ কিছু মূল্যবান সামগ্রী। বেঙ্গালুরু পুলিশের তৎপরতায় হারানো সম্পত্তি ফিরে পেয়ে আবেগপ্রবণ প্রাক্তন হকি অধিনায়ক এমএম সোমায়া। পুলিশের প্রশংসা করে তিনি জানালেন, পদক ফিরে পাওয়ার অনুভূতি যেন অলিম্পিকে সোনা জয়ের সমান। 

বেঙ্গালুরু পুলিশ সোমায়ার বাড়িতে চুরির ঘটনায় দু’জনকে গ্রেপ্তার করেছে। উদ্ধার হয়েছে অলিম্পিকের সোনার পদক-সহ চুরি যাওয়া প্রায় সমস্ত সামগ্রী। পুলিশের এই সাফল্যে আপ্লুত প্রাক্তন হকি তারকা। সোমায়া বলেন, “সীমান্ত কুমার সিংয়ের নেতৃত্বে বেঙ্গালুরু পুলিশকে আন্তরিক ধন্যবাদ জানাতে চাই। গত কয়েক দিন ধরে ওঁরা অত্যন্ত পরিশ্রম করেছেন। শুধু আমার অলিম্পিক পদকই নয়, বাড়ি থেকে চুরি যাওয়া আরও বেশ কিছু জিনিসও উদ্ধার করেছেন।”

পুলিশের একাধিক কর্তা এবং তদন্তকারী দলের সদস্যদেরও আলাদা করে কৃতজ্ঞতা জানিয়েছেন তিনি। সোমায়ার কথায়, “ওঁরা শুধু আমাকে নয়, গোটা রাজ্য এবং দেশকে গর্বিত করেছেন। ইন্দিরানগর থানার তদন্তকারী দলকে সঙ্গে নিয়ে পুলিশ অসাধারণ কাজ করেছে। ওঁদের কাছে আমি কৃতজ্ঞ। মনে হচ্ছে, যেন অলিম্পিকে আরও একবার সোনা জিতলাম। এত অল্প সময়ের মধ্যে পুলিশ যে ভাবে ঘটনার কিনারা করেছে, তাতে আমি অত্যন্ত খুশি।”

ফিরে পাওয়া সোনার পদক।

বেঙ্গালুরুর হ্যাল থার্ড স্টেজ এলাকায় সোমায়ার বাড়ি। সেটি ইন্দিরানগর থানার অধীন। গত ২৮ অক্টোবর পরিবারের সঙ্গে কুর্গে বেড়াতে গিয়েছিলেন তিনি। সেই সুযোগেই ফাঁকা বাড়িতে হানা দেয় চোরেরা। বাড়ির তালা ভাঙা অবস্থায় দেখতে পেয়ে প্রতিবেশীরা বিষয়টি জানতে পারেন। পরে পুলিশের কাছে অভিযোগ দায়ের করা হয়। চুরি যাওয়া সামগ্রীর তালিকাও ছিল দীর্ঘ। এরমধ্যে ছিল ১৯৮০ মস্কো অলিম্পিকের সোনার পদক, ১৯৮২ এশিয়ান গেমসের রুপোর পদক, ১৯৮৬ সিওল এশিয়ান গেমস ও ১৯৮২ চ্যাম্পিয়ন্স ট্রফির ব্রোঞ্জ পদক। পাশাপাশি নগদ ৩০ হাজার টাকা এবং সোনা ও রুপোর গয়নাও চুরি যায়। সব মিলিয়ে খোয়া যাওয়া সামগ্রীর আনুমানিক মূল্য ছিল ৩ লক্ষ ৫৩ হাজার টাকা।

এলাকার সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে পুলিশ। বাড়ির উলটো দিকের একটি বাড়ির ক্যামেরায় ধরা পড়েছে দু’জন সন্দেহভাজনের ছবি। ফুটেজে দেখা গিয়েছে, ২৮ অক্টোবর রাত ২.৩৪ মিনিট নাগাদ সোমায়ার বাড়িতে ঢুকেছিল তারা। একজনের পরনে ছিল নীল জামা, অন্যজনের লাল। সেই সূত্র ধরেই তদন্ত এগিয়ে নিয়ে যায় ইন্দিরানগর থানার পুলিশ। দু’টি বিশেষ তদন্তকারী দল গঠন করে তারা। ভারতীয় ন্যায় সংহিতার ৩৩১(৪) এবং ৩০৫ ধারায় মামলা রুজু হয়েছে।

ভারতীয় হকির অন্যতম পরিচিত মুখ সোমায়া দীর্ঘ দিন দলের হাফ ব্যাক পজিশনে খেলেছেন। তিনটি অলিম্পিকে দেশের প্রতিনিধিত্ব করার পাশাপাশি অধিনায়কত্বের দায়িত্বও সামলেছেন। তাঁর নেতৃত্বে ১৯৮৮ সালে নাইরোবিতে পুজো কাপ জেতে ভারত। ১৯৮৫ সালে অর্জুন পুরস্কারে সম্মানিত হন তিনি। এমন এক ক্রীড়াবিদ চুরি যাওয়া পদক ফিরে পেয়ে আবেগে ভাসছেন প্রাক্তন অধিনায়ক।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker