কেকেআর থেকে প্রত্যাখ্যাত! এবার কি আইপিএলে নাম লেখাচ্ছেন মুস্তাফিজুর?

৯.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। যদিও বিসিসিআইয়ের নির্দেশে গত আইপিএল খেলা হয়নি তাঁর। মুস্তাফিজুর রহমানকে নিয়ে সেই স্মৃতি এখনও টাটকা। এরপর জল অনেক দূর গড়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি তোলে বাংলাদেশ। শেষ পর্যন্ত বিশ্বকাপ থেকেও সরে দাঁড়ায় তারা। এবার সেই বিতর্ক পিছনে ফেলে ফের আইপিএলে ফেরার প্রস্তুতি নিচ্ছেন বাঁহাতি পেসার। আগামী মরশুমের মিনি নিলামের জন্য নাম লিখিয়েছেন মুস্তাফিজুর। বাংলাদেশের সংবাদমাধ্যম ‘প্রথম আলো’ সূত্রে এমনটাই জানা গিয়েছে।
কেকেআর তাঁকে ছেড়ে দেওয়ার পর প্রশ্ন উঠেছিল, ভবিষ্যতে কি আর আইপিএলে দেখা যাবে মুস্তাফিজকে? সেই জল্পনায় নতুন মাত্রা যোগ করল তাঁর নিলামে নাম লেখানোর খবর। শুধু তিনিই নন, বাংলাদেশের আরও ছয়-সাত জন ক্রিকেটার আগামী মরশুমের নিলামে অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছেন। তাঁদের মধ্যে রয়েছেন পেসার নাহিদ রানা, লেগ স্পিনার রিশাদ হোসেন এবং ব্যাটার তাওহিদ হৃদয়। শাকিব আল হাসানের পর বাংলাদেশের ক্রিকেটারদের মধ্যে আইপিএলের অন্যতম পরিচিত মুখ মুস্তাফিজ। এখনও পর্যন্ত পাঁচটি ফ্র্যাঞ্চাইজির হয়ে ন’টি মরশুম খেলেছেন। ২০১৬ সালে আইপিএল অভিষেকেই জিতেছিলেন সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কার। এই প্রতিযোগিতার ইতিহাসে এই সম্মান পাওয়া একমাত্র বিদেশি ক্রিকেটারও মুস্তাফিজুর। ৬০টি ম্যাচ তাঁর সংগ্রহ ৬০ উইকেট। ইকোনমি রেট ৮.১৩।
১৭ নভেম্বর পর্যন্ত নিলামের জন্য নাম নথিভুক্ত করতে পারবেন ক্রিকেটারেরা। ওই দিনই ১০ ফ্র্যাঞ্চাইজিকে জানাতে হবে, কোন কোন ক্রিকেটারকে তারা ধরে রাখতে চায় এবং কাদের ছেড়ে দিচ্ছে। তার পর প্রকাশিত হবে নিলামের চূড়ান্ত তালিকা। ১৬ ডিসেম্বর গোয়ায় বসবে আইপিএলের মিনি নিলামের আসর। এবার অবশ্য মেগা নিলামের মতো দলগুলির সামনে পুরো দল নতুন করে সাজানোর সুযোগ নেই। পুরনো ক্রিকেটারদের ধরে রাখা এবং প্রয়োজন অনুযায়ী কয়েকজনকে ছেড়ে দিয়েই নতুন মুখ খুঁজতে হবে ফ্র্যাঞ্চাইজিগুলিকে। নিয়ম অনুযায়ী, একটি দলে সর্বাধিক ২৫ জন এবং ন্যূনতম ১৮ জন ক্রিকেটার রাখা যাবে। বিদেশি ক্রিকেটারের সংখ্যা আটের বেশি হতে পারবে না।
আগামী আইপিএলের জন্য প্রতিটি দলের মোট খরচের সীমা ১৫৭ কোটি টাকা। তবে নিলামের সময় ফ্র্যাঞ্চাইজিগুলির হাতে ঠিক কত অর্থ থাকবে, তা এখনও স্পষ্ট নয়। ক্রিকেটার ধরে রাখা ও ছেড়ে দেওয়ার প্রক্রিয়া শেষ হলেই জানা যাবে প্রত্যেক দলের অবশিষ্ট অর্থের পরিমাণ। সেই হিসাবের উপরেই নির্ভর করবে নিলামে মুস্তাফিজ-সহ বাংলাদেশের ক্রিকেটারদের ভবিষ্যৎ।
শেয়ার
লিংক



