পারস্য উপসাগরে লাইবেরিয়ার পতাকাবাহী জাহাজে ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাত, আহত ভারতীয় নাবিক-সহ ৪

নয়াদিল্লি, ১১ নভেম্বর : পারস্য উপসাগর দিয়ে যাওয়ার সময় লাইবেরিয়ার পতাকাবাহী একটি বিশাল অপরিশোধিত তেলবাহী জাহাজে (ভিএলসিসি) অজ্ঞাতপরিচয় ক্ষেপণাস্ত্রসদৃশ বস্তুর আঘাতের ঘটনা ঘটেছে। এতে এক ভারতীয় নাবিক-সহ মোট চারজন কর্মী আহত হয়েছেন। বুধবার এই ঘটনার কথা জানিয়েছেন কেন্দ্রীয় বন্দর, জাহাজ চলাচল ও জলপথ মন্ত্রী সর্বানন্দ সোনোয়াল।
এক্স-এ দেওয়া পোস্টে কেন্দ্রীয় মন্ত্রী জানান, এমটি ফুজাইরাহ এনার্জি নামের ওই জাহাজে ছ’জন ভারতীয় নাবিক-সহ মোট ২৪ জন কর্মী ছিলেন। মঙ্গলবার জাহাজটি পারস্য উপসাগর দিয়ে আল রুয়াইস থেকে দুবাইয়ের দিকে যাওয়ার সময় হামলার শিকার হয়।
সোনোয়াল জানান, আহত চারজনের মধ্যে একজন ভারতীয় নাগরিক রয়েছেন। তাঁর আঘাত সামান্য। তাঁকে নিরাপদে জাহাজ থেকে নামিয়ে চিকিৎসার জন্য উপকূলে নিয়ে যাওয়া হয়েছে। বাকি ২০ জনের মধ্যে অন্য পাঁচ ভারতীয় নাবিক-সহ সকলেই নিরাপদে রয়েছেন।
কেন্দ্রীয় মন্ত্রী আরও জানিয়েছেন, পরিস্থিতির উপর ধারাবাহিক নজর রাখা হচ্ছে। জাহাজ পরিচালনাকারী সংস্থার সঙ্গে নিয়মিত যোগাযোগ রেখে নাবিকদের নিরাপত্তা, চিকিৎসা এবং সার্বিক সুস্থতা নিশ্চিত করার চেষ্টা চলছে।
উল্লেখ্য, গত সপ্তাহে বিদেশ মন্ত্রক জানিয়েছিল, পশ্চিম এশিয়ায় চলমান সংঘর্ষে এখনও পর্যন্ত ২৩ জন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। তাঁদের মধ্যে ১৫ জন ছিলেন ভারতীয় নাবিক। এছাড়া কৃষ্ণসাগর অঞ্চলে বাণিজ্যিক জাহাজে হামলার ঘটনায় আরও পাঁচ ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে।
নয়াদিল্লিতে নিয়মিত সাংবাদিক সম্মেলনে বিদেশ মন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল জানিয়েছিলেন, ১৪ জন ভারতীয় নাবিক থাকা একটি জাহাজে হামলার ঘটনায় একজন ভারতীয় নাগরিকের মৃত্যু হয়েছে। গত ২ নভেম্বর জাহাজটিতে হামলার পর ১৩ জন ভারতীয়কে উদ্ধার করায় ওমানের কর্তৃপক্ষকে ধন্যবাদও জানিয়েছিল ভারত।
পশ্চিম এশিয়ার সংঘর্ষে ভারতীয় নাগরিকদের মৃত্যুর সংখ্যা প্রসঙ্গে জয়সওয়াল জানান, এর আগে ২২ জন ভারতীয়ের মৃত্যুর খবর দেওয়া হয়েছিল। নতুন করে আরও একজনের মৃত্যু হওয়ায় সংখ্যাটি বেড়ে ২৩ হয়েছে। মৃতদের মধ্যে ১৫ জনই ভারতীয় নাবিক।
–আইএএনএস



