0%

সত্যিই আইপিএলে যোগ হচ্ছে আরও দুই দল? সরকারিভাবে সিদ্ধান্ত জানাল বিসিসিআই

বহরে বাড়ছে আইপিএল। ১০ দলের টুর্নামেন্ট এবার হবে ১২ দল নিয়ে। ২০২৮ সাল থেকেই নতুন দুই দল যোগ দেবে কোটি টাকার লিগে। মঙ্গলবার এমনটাই জানিয়েছিল একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যম। কিন্তু বিসিসিআই সেই সমস্ত খবর খণ্ডন করে সাফ জানিয়ে দিল, এখনই আইপিএলে দল বাড়ার কোনও সম্ভাবনা নেই। আপাতত বোর্ড ২০২৭ আইপিএলে মনোনিবেশ করছে। এবার আইপিএলের ২০ বছর পূর্তি ফলে পুরো টুর্নামেন্টে জাঁকজমকের মাত্রাটাও বেশি হবে।

মঙ্গলবার একাধিক সর্বভারতীয় সংবাদমাধ্যমের তরফে দাবি করা হয়, ২০২৮ সাল থেকেই নতুন দু’টি দল আইপিএলে যোগ করতে চায় বোর্ড। সেজন্য দরপত্র আহ্বান করা হতে পারে। দুই শহর হিসাবে চিহ্নিত করা হয়েছে পুণে এবং ভদোদরাকে। এর মধ্যে পুণেতে অতীতে দুটি ফ্র্যাঞ্চাইজি দল ছিল। অপর একটি শহর হিসাবে বাছা হয়েছে ভদোদরাকে। এই মুহূর্তে গোটা দেশে স্পোর্টস হাব হিসাবে নিজেদের তুলে ধরার চেষ্টা করছে গুজরাট। গুজরাট থেকে একটি দল ইতিমধ্যেই রয়েছে। তবে আরও একটি দল সে রাজ্য চাইছে। সরকার ও বোর্ড মহলে গুজরাট ক্রিকেট কর্তাদের প্রভাব থাকায় সে রাজ্যের নতুন দল পাওয়াটা কঠিন নয়।

কিন্তু বুধবারই বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া জানিয়ে দিলেন, এখন আইপিএলের দল বাড়ানোর কোনও পরিকল্পনা বোর্ডের নেই। সেই সুযোগও নেই। বোর্ড সচিব বলছেন, “এই ধরনের কোনও প্রস্তাব আমরা সরকারিভাবেও বা বেসরকারিভাবে কোনওভাবেই আলোচনা করিনি। এই মুহূর্তে এটার কোনও সম্ভাবনা নেই। যারা যারা এসব খবর লিখছে, এই সব খবর কারও উর্বর মস্তিষ্কের ফসল। এ নিয়ে আমার বলার কিছু নেই।”

বোর্ড সচিব জানাচ্ছেন, আপাতত তাঁদের নজরে রয়েছে ২০২৭ সালের আইপিএল মরশুম। এবার আইপিএলের কুড়িতম বছর। ফলে মেগা আয়োজন হতে চলেছে। এর বাইরে বিসিসিআই আর কিছু ভাবছে না।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker