কুর্সি বড় বালাই! প্রধানমন্ত্রী হতে এবার ‘অচ্ছুত’ আরবদেরও পাশে চাইছেন নেতানিয়াহু?

শেষ হইয়াও হইল না শেষ। ইজরায়েলের প্রধানমন্ত্রী পদ আঁকড়ে থাকতে বেঞ্জামিন নেতানিয়াহু এখনও চেষ্টা চালিয়ে যাচ্ছেন। এতদিন পর্যন্ত যে আরব দলগুলির বিরুদ্ধে ভোটচুরির অভিযোগ এনেছিলেন, এবার তাদের সঙ্গে জোট বেঁধে ইজরায়েলের সরকার গঠনের কথা বলছেন নেতানিয়াহু। বুধবার তিনি বলেন, এই কঠিন সময়ে গোটা ইজরায়েলের উচিত একজোট হয়ে থাকা। সেখানে ধর্মীয় হোক বা ধর্মনিরপেক্ষ-সকলেরই থাকা উচিত।
ইজরায়েলের আইনসভা ‘কেনেসেট’-এ ১২০ আসনের মধ্যে সংখ্যাগরিষ্ঠতার জন্য প্রয়োজন ৬১ আসন। সেখানে নেতানিয়াহুর জোট পেয়েছে ৫৩টি আসন। গাদি আইজেনকোটের নেতৃত্বাধীন জোট ৪৮টি আসন পেয়েছে। এদিকে আরব দলগুলি পেয়েছে ১৯টি আসন। ফলে এই নির্বাচনে তারা ‘কিংমেকার’ হয়ে উঠে এসেছে। আরব দলগুলি জানিয়ে দিয়েছে, নেতানিয়াহুকে হটাতে তারা আইজেনকোটকে সমর্থন করবে। সহজ হিসাব বলছে, আগামী চার সপ্তাহের মধ্যে আরব দলগুলিকে সঙ্গে নিয়ে সংখ্যাগরিষ্ঠতা প্রমাণ করে ফেলতে পারবেন আইজেনকোট।
কিন্তু রাজনীতির জটিল মারপ্যাঁচ রয়েছে ইজরায়েলে। সেদেশে আরব দলগুলির অস্তিত্ব থাকলেও কূটনৈতিক মহলে তারা ‘অচ্ছুত’। নেতানিয়াহু বা আইনজেনকোট কেউই ‘অচ্ছুত’ আরবদের সমর্থন নিতে আগ্রহী নন। যদিও তারা সমর্থন দেবে বলে জানিয়েছে এবং সেকারণেই আইজেনকোটকে সরকার গঠনের প্রস্তাব দিয়েছেন ইজরায়েলের প্রেসিডেন্ট। যদিও নেতানিয়াহু প্রথম থেকে জোর গলায় দাবি করে আসছিলেন, আরব দলগুলি ভোটচুরি করেছে। তাই ইজরায়েলে সরকার গঠনের জোটে তাদের থাকা একেবারেই উচিত নয়।
এবার খানিকটা সুর নরম করে নেতানিয়াহু বলছেন, “আমি একটি ঐক্যবদ্ধ সরকার গঠনের সম্ভাবনা খতিয়ে দেখতে সমস্ত পক্ষের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত। এটি এখন একান্ত প্রয়োজন। ধর্মীয় হোক বা ধর্মনিরপেক্ষ, বামপন্থী হোক বা দক্ষিণপন্থী, এখন প্রত্যেকেরই কাঁধে কাঁধ মিলিয়ে লড়া দরকার।” নেতানিয়াহুর এহেন ভিন্ন সুর দেখে রাজনৈতিক মহলের একাংশ মনে করছে, কুর্সি ধরে রাখতে আরবদের এখন পাশে চাইছেন তিনি। আরবদের কিছুটা সমর্থন পেলেই সংখ্যাগরিষ্ঠতা এসে যাবে তাঁর জোটের হাতে। তাই শেষ মুহূর্ত পর্যন্ত চেষ্টা চালিয়ে যাচ্ছেন নেতানিয়াহু।
শেয়ার
লিংক



