জাতীয় স্তরে বাংলার জয়, রাষ্ট্রপতির থেকে পরিচ্ছন্ন শহরের তকমা পেল তারকেশ্বর

SOBDIK NEWS: কালীপুজো আর দেওয়ালির মাঝেই বড় খবর, বদলের জাতীয় স্তরের স্বীকৃতি পেল তারকেশ্বর (Tarakeshwar)। স্বচ্ছ সর্বেক্ষণ ২০২৫-২৬ (Swachh Sarvekshan 2026) অনুযায়ী দেশের পরিচ্ছন্ন শহরের মধ্যে উঠে এল তারকেশ্বর ধামের নাম। আজ নয়া দিল্লির বিজ্ঞান ভবনে এক বিশেষ অনুষ্ঠানে ভারতের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু সম্মাননা প্রদান করলেন তারকেশ্বর পৌরসভাকে।
স্বচ্ছ সর্বেক্ষণ পুরস্কার পাচ্ছে তারকেশ্বর
বিগত ১০ বছর ধরে স্বচ্ছ সর্বেক্ষণ এ অংশগ্রহণ করেননি পশ্চিমবঙ্গ। ফলে দেশের আর পাঁচটা রাজ্য ও শহরের তুলোয় স্বচ্ছতা ও পরিচ্ছন্নতার দিক থেকে বেশ কিছুটা পিছিয়ে ছিল বাংলার একাধিক শহর। তবে এবার সরকার বদলের পর ছবিটা বদলেছে। প্রতিবছরের মত এবছরেও শ্রাবণী মেলার সময় লক্ষ লক্ষ মানুষের সমাগম হয়েছিল তারকেশ্বরে। তবে এই বিশাল জনসমুদ্রের মাঝেও মন্দির প্রাঙ্গণ থেকে শুরু করে গোটা তারকেশ্বর শহরকে আবর্জনা মুক্ত রাখতে সক্ষম তারকেশ্বর পৌরসভা।
এবার এই প্রাপ্তিই পাচ্ছে জাতীয় সন্মান। কেন্দ্রীয় আবাসন তথা নগর মন্ত্রী মনোহর লাল খট্টর এই মর্মে পশ্চিমবঙ্গের পুর ও নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালকে চিঠি লিখেছেন। বুধবার নয়া দিল্লির বিজ্ঞান ভবনে বিশেষ অনুষ্ঠানের আয়োজন করা হয়েছিল। সেখানেই অগ্নিমিত্রা পালের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। ইতিমধ্যেই সেই নিয়ে সোশ্যাল মিডিয়াতে একটি পোস্ট করেছেন তিনি।
আরও পড়ুনঃ তিনসপ্তাহের লড়াই শেষ, প্রয়াত রাজ্যের প্রাক্তন মন্ত্রী উজ্জ্বল বিশ্বাস
অগ্নিমিত্রা লিখেছেন, স্বচ্ছ সর্বেক্ষণ এ তারকেশ্বর রাজ্যের ১৩০টি শহরের মধ্যে সবচেয়ে পরিষ্কার শহরের তকমা পেয়েছে। প্রায় ১৫০টি শর্তের উপর ভিত্তি করে এই পুরস্কার প্রদান করা হয়েছে। এই সাফল্য তারকেশ্বর তথ্যে বাংলার জন্য একটা গর্বের মুহূর্ত। আজ বিজ্ঞান ভবনে মহামান্য রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুর হাত থেকে এই পুরস্কার শহরের প্রতিটা নাগরিক, পরিচ্ছন্নতা কর্মীদের পরিশ্রমের ফল বলে জানান তিনি।
প্রসঙ্গত, তারকেশ্বর মন্দির, মেলা প্রাঙ্গণ ও শহরকে পরিষ্কার রাখতে গোটা শহরকে মোট ১০টি জোনে ভাগ করা হয়েছিল বলে জানা যাচ্ছে। এর মধ্যে ১৪ জন সুপারভাইজার ও তার নিচে ১৮০ জন সাফাইকর্মীরা কাজ করেছেন। শুধুমাত্র মন্দিরেই ৫০-৬০ জন কর্মী ছিলেন যারা প্রতিমুহূর্তে প্লাস্টিকের ঘট, ফুল, বেলপাতা সহ অন্যান্য বর্জ্য পরিষ্কার করেছেন। মেলা চলাকালীন সময়ে প্রায় ৫০০ মেট্রিক টন ও পরবর্তী সময় মিলিয়ে মোট ১৫০০ মেট্রিক টনেরও বেশি বর্জ্য পরিষ্কার করা হয়েছে। যেটা বৈদ্যবাটী রিজিওনাল ওয়েস্ট ম্যানেজমেন্ট সেন্টারে পাঠানো হয়েছিল প্রক্রিয়াকরণের জন্য।



