৬ দিনেই ১০০০ কোটির কাছাকাছি, বক্স অফিসে সামান্য ধাক্কা রণবীর-যশের ‘রামায়ণ’-এর

মুক্তির পর থেকেই বক্স অফিসে একের পর এক নজির গড়ছে রণবীর কপূর ও যশ অভিনীত ‘রামায়ণ: পার্ট ১’। প্রথম সোমবারেই ভারতীয় ছবির ইতিহাসে সর্বোচ্চ সোমবারের আয়ের রেকর্ড গড়েছিল নীতেশ তিওয়ারি পরিচালিত এই ছবি। তবে সপ্তাহের প্রথম দিনের সেই বিপুল সাফল্যের পর মঙ্গলবার ব্যবসায় কিছুটা ছন্দপতন হয়েছে। ট্রেড সূত্র স্যাকনিল্কের হিসাব অনুযায়ী, সোমবার ছবির আয় ছিল ১০৭.৫০ কোটি টাকা। মঙ্গলবার তা কমে দাঁড়িয়েছে ৯৪.১০ কোটি টাকায়। অর্থাৎ একদিনের ব্যবধানে আয়ের পরিমাণে প্রায় ১২.৫ শতাংশ পতন হয়েছে।
সৎ ছেলে আরহানের গুরুত্ব কতটা? জানিয়ে দিলেন আরবাজ পত্নী শুরা
তবে তাতে ছবির সামগ্রিক বাণিজ্যিক সাফল্যে বিশেষ প্রভাব পড়েনি। মুক্তির ষষ্ঠ দিন শেষে ভারতের বাজারে ছবিটির নেট আয় ৪৪০.৪৫ কোটি টাকা। গ্রস কালেকশন পৌঁছেছে ৫২৬.৫০ কোটি টাকায়। অন্যদিকে বিশ্বজুড়ে ছবির মোট ব্যবসা ইতিমধ্যেই ৮২৩.৫০ কোটি টাকা ছুঁয়েছে। মঙ্গলবার হিন্দি সংস্করণের দর্শক উপস্থিতি ছিল ৫৪.৬ শতাংশ। বেঙ্গালুরুতে থ্রিডি সংস্করণ দেখতে দর্শকদের ভিড় ছিল সবচেয়ে বেশি। সেখানে উপস্থিতির হার ৯০.৫ শতাংশ। জয়পুরে ৭৩ শতাংশ এবং মুম্বইয়ে ৬৬.৩ শতাংশ দর্শক উপস্থিতি নথিভুক্ত হয়েছে।
প্রায় ৪০০০ কোটি টাকা বাজেটে তৈরি এই ছবি ২০২৬ সালের সর্বাধিক ব্যবসা করা ভারতীয় ছবির তালিকায় ইতিমধ্যেই তৃতীয় স্থানে উঠে এসেছে। এর আগে রয়েছে ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ এবং ‘জেলার ২’। বিশ্বজুড়ে যথাক্রমে ১৮৫২ কোটি ও ৮২৯.৬৫ কোটি টাকার ব্যবসা করেছে ছবিগুলি। ফলে ‘রামায়ণ’-এর সামনে পরবর্তী লক্ষ্যও বেশ বড়।
দেবী শ্যামার আরাধনার পাশাপাশি মহানায়কের বন্দনা, উত্তমকুমারের শতবর্ষে অভিনব উদ্যোগ
ছবিতে দ্বৈত চরিত্রে দেখা গিয়েছে রণবীরকে। রাম এবং পরশুরামের ভূমিকায় অভিনয় করেছেন তিনি। সীতার চরিত্রে সাই পল্লবী এবং রাবণের ভূমিকায় যশ। লক্ষ্মণ হয়েছেন রবি দুবে, দশরথ অরুণ গোভিল এবং হনুমানের চরিত্রে রয়েছেন সানি দেওল। ৫ নভেম্বর মুক্তি পেয়েছে ছবির প্রথম পর্ব। দ্বিতীয় ভাগের মুক্তি পিছিয়ে ২০২৮ সালের দীপাবলিতে নির্ধারিত হয়েছে।
এদিকে টিকিট বিক্রির নিরিখেও যশের জনপ্রিয়তা নতুন করে আলোচনায়। ট্রেড বিশ্লেষক রমেশ বালা জানিয়েছেন, বুকমাইশোতে একদিনে ১০ লক্ষের বেশি টিকিট বিক্রির নজির তৈরি করা ছবির সঙ্গে যশের যোগ রয়েছে মোট আট দিন। ‘কেজিএফ: চ্যাপ্টার ২’ এই কৃতিত্ব দেখিয়েছিল দু’দিন, আর ‘রামায়ণ’ সেই নজির ছুঁয়েছে ছয় দিনে। ফলে বক্স অফিসের পাশাপাশি টিকিট বিক্রির পরিসংখ্যানেও নজর কাড়ছে এই মহাকাব্যিক ছবি।



