এবার হলিউডে হাতেখড়ি! জাতীয় দল থেকে অবসরের পরেই নয়া ময়দানে রোনাল্ডো

ফুটবল কেরিয়ারে একের পর এক নজির গড়েছেন। এবার নতুন ইনিংস শুরু করতে চলেছেন ক্রিশ্চিয়ানো রোনাল্ডো (Cristiano Ronaldo)। এবার তাঁর নতুন ঠিকানা সিনেমার জগৎ। হলিউডে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন পর্তুগিজ মহাতারকা। এই ছবিতে তাঁর সঙ্গী ব্রিটিশ পরিচালক ম্যাথু ভন।
আমেরিকার সংবাদমাধ্যম ‘ডেডলাইন’ সূত্রে জানা গিয়েছে, ছবির নাম ‘স্টান্টনাটস’। ছবিটি অ্যাকশন কমেডি। যার গল্প আবর্তিত দুই পেশাদার স্টান্ট ডাবলের নানা অভিযানকে ঘিরে। ছবিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন হলিউড তারকা ক্রিস হেমসওয়ার্থ এবং অস্কারজয়ী স্যাম রকওয়েল। শুধু প্রযোজনার দায়িত্বেই সীমাবদ্ধ থাকেননি রোনাল্ডো। অভিনেতা নির্বাচনেও আগ্রহ দেখিয়েছেন পাঁচবারের ব্যালন ডি’অর জয়ী ফুটবলার। তাঁর উদ্যোগেই ছবিতে ছোট্ট একটি চরিত্রে অভিনয়ের জন্য আমন্ত্রণ জানানো হয়েছে জনপ্রিয় অভিনেতা ম্যাট ডেমনকে।
আগামী দিনে আমেরিকান ফিল্ম মার্কেটে ডিস্ট্রিবিউটরদের সামনে তুলে ধরা হবে ‘স্টান্টনাটস’। ছবিটি নিয়ে আশাবাদী নির্মাতারা। তাঁদের লক্ষ্য, কোনও বড় আন্তর্জাতিক পরিবেশক সংস্থা কিংবা প্রথম সারির ওটিটি প্ল্যাটফর্মের সঙ্গে চুক্তি পাকা করা। ফুটবলের বাইরেও ব্যবসায়িক পরিসর বাড়াচ্ছেন ৪১ বছরের রোনাল্ডো। হোটেল, বিপণন-সহ বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগের পর এবার বিনোদন জগতে পা রাখছেন তিনি। এর পরিচালনা করেছেন পুরস্কারজয়ী স্টান্ট পারফর্মার ড্যামিয়েন ওয়াল্টার্স। তিনি আগে ‘স্কাইফল’ এবং ‘কিংসম্যান’-এর মতো সিনেমায় স্টান্টের কাজ করেছেন।
সম্প্রতি আন্তর্জাতিক ফুটবলে ২৩ বছরের দীর্ঘ কেরিয়ারের ইতি টেনেছেন আল নাসেরের এই তারকা। পর্তুগালের জার্সিতে তাঁর মুকুটে রয়েছে ২০১৬ সালের ইউরো এবং ২০১৯ সালের প্রথম উয়েফা নেশনস লিগের খেতাব। চলতি বছর জুলাই নাগাদ জানা গিয়েছিল, অভিনয় জগতে পা রাখতে চলেছেন সিআর সেভেন। তবে সেখানেও বিষয় ফুটবল। এক ফুটবল এজেন্টের জীবন নিয়ে ‘ডে ওয়ানস’ নামে ওয়েব সিরিজ আসতে চলেছে। তাঁর কার্যনির্বাহী প্রযোজক হিসাবে নাম থাকছে রোনাল্ডোর। সেই সঙ্গে বিশেষ অতিথি চরিত্রেও অভিনয় করবেন পর্তুগিজ কিংবদন্তি। এবার জানা যাচ্ছে, হলিউডে প্রথম পূর্ণদৈর্ঘ্যের ছবি প্রযোজনা করতে চলেছেন রোনাল্ডো।
শেয়ার
লিংক



