৪৬ বছর বয়সে প্রত্যাবর্তন! ১১ বছর পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলে রোনাল্ডিনহো

ফুটবল মাঠে তাঁর পায়ের জাদু একসময় মুগ্ধ করেছে গোটা বিশ্বকে। ড্রিবলিং, নিখুঁত পাস আর চোখধাঁধানো স্কিল দিয়ে ফুটবলকে শিল্পের পর্যায়ে নিয়ে গিয়েছিলেন। সেই রোনাল্ডিনহোই আবার ফিরতে চলেছেন প্রতিযোগিতামূলক ফুটবলে। বয়স ৪৬। অবসরের পর কেটে গিয়েছে ১১ বছরেরও বেশি সময়। এবার ইটালির তৃতীয় ডিভিশনের ক্লাব রাভেন্না এফসির জার্সিতে দেখা যাবে ব্রাজিলের বিশ্বকাপজয়ী তারকাকে।
১৫ নভেম্বর ইটালির সিরি সি-তে ফরলির বিরুদ্ধে ডার্বি ম্যাচে রোনাল্ডিনহোর মাঠে ফেরার কথা। গত অক্টোবরেই তাঁর প্রত্যাবর্তনের দিনক্ষণ ঘোষণা করেছিল ক্লাব। চলতি বছরের জুনে রাভেন্নার সঙ্গে যুক্ত হওয়ার পর থেকেই জল্পনা শুরু হয়েছিল, সত্যিই কি প্রতিযোগিতামূলক ম্যাচে খেলতে দেখা যাবে প্রাক্তন বার্সেলোনা ও এসি মিলান তারকাকে? সেই জল্পনাতেই এবার সিলমোহর পড়তে চলেছে। তবে রাভেন্নার সঙ্গে রোনাল্ডিনহোর সম্পর্ক শুধুই ফুটবলার হিসাবে নয়। ক্লাবের শেয়ারহোল্ডারও তিনি। বন্ধুর মালিকানাধীন এই ক্লাবে অংশীদারিত্ব কিনেছেন ‘ও ব্রুকসো’ (রোনাল্ডিনহোর ডাকনাম)। ২০১৫ সালের সেপ্টেম্বরের পর এই প্রথম কোনও প্রতিযোগিতামূলক ম্যাচে মাঠে নামতে চলেছেন তিনি। সেবার ব্রাজিলের ফ্লুমিনেন্সের হয়ে খেলেছিলেন তিনি। যদিও ২০১৮ সালে অবসর ঘোষণা করেন।
¡BIENVENIDO FÚTBOL! 🤩⚽️ 🇧🇷 El próximo domingo 15 de noviembre, tras 11 años retirado, Ronaldinho volverá a las canchas con la camiseta de Ravenna Football Club, de la Serie C de Italia, enfrentará a Forli y lo podrás vivir por #DSPORTS. 🇦🇷🇨🇱🇺🇾 | 13:30 hs. 🇧🇴🇻🇪 | 12:30 hs. 🇨🇴🇪🇨🇵🇪 | 11:30 hs. #RonaldinhoEnDSPORTS 📺
— DSPORTS (@DSports) November 12, 2026
প্রত্যাবর্তনের ম্যাচেই একটি ব্যক্তিগত মাইলফলক ছোঁয়ার হাতছানি রয়েছে রোনাল্ডিনহোর সামনে। পেশাদার ফুটবলে তাঁর গোলসংখ্যা ২৯৯। অর্থাৎ, রাভেন্নার হয়ে একটি গোল করতে পারলেই ৩০০ গোলের ক্লাবে ঢুকে পড়বেন তিনি। ফরলির বিরুদ্ধে ম্যাচটি হবে রাভেন্নার ঘরের মাঠ স্তাদিও ব্রুনো বেনেল্লিতে। বিশেষ এই ম্যাচকে স্মরণীয় করে রাখতে নানা আয়োজনের ইঙ্গিত দিয়েছে ক্লাব। ইটালির ক্লাবে যোগ দেওয়ার পর নিজের উচ্ছ্বাস গোপন করেননি কিংবদন্তি ফুটবলার। ফের বল পায়ে মাঠে নামার জন্য মুখিয়ে রয়েছেন বলে জানিয়েছেন। ফুটবল তাঁর কাছে বরাবরই আনন্দের উৎস। সেই আনন্দই আবার সমর্থকদের মধ্যে ছড়িয়ে দিতে চান ব্রাজিলীয় তারকা।
ফুটবলজীবনে নানান নজির গড়েছেন রোনাল্ডিনহো। ২০০২ সালে ব্রাজিলের বিশ্বকাপজয়ী দলের সদস্য ছিলেন। ২০০৫ সালে জিতেছিলেন ব্যালন ডি’অর। বার্সেলোনার হয়ে দু’বার লা লিগা এবং ২০০৬ সালে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জিতেছেন। পিএসজি এবং এসি মিলানের জার্সিতেও খেলেছেন তিনি। দীর্ঘ ১১ বছর পর আবার প্রতিযোগিতামূলক ফুটবলের মঞ্চে ফেরার অপেক্ষায় এই শিল্পী ফুটবলার। বয়সের অঙ্ককে পাশে সরিয়ে আরও একবার পায়ের জাদুতে দর্শকদের মুগ্ধ করতে পারবেন কি না, এখন সেটাই দেখার।
শেয়ার
লিংক



