0%

১৭ থেকে ২০ ডিসেম্বর বেঙ্গালুরুতে বসছে ওয়ার্ল্ড টেনিস লিগের পঞ্চম আসর

 

বেঙ্গালুরু, ১২ নভেম্বর : আগামী ১৭ থেকে ২০ ডিসেম্বর পর্যন্ত বেঙ্গালুরুতে অনুষ্ঠিত হতে চলেছে ওয়ার্ল্ড টেনিস লিগের (ডব্লিউটিএল) পঞ্চম আসর। বেঙ্গালুরুর কেএসএলটিএ-র এস এম কৃষ্ণা টেনিস স্টেডিয়ামে এই প্রতিযোগিতার আয়োজন করা হবে। আন্তর্জাতিক টেনিসের একাধিক তারকার পাশাপাশি ভারতের শীর্ষস্থানীয় খেলোয়াড়রাও এই প্রতিযোগিতায় অংশ নেবেন।

পঞ্চম আসরেও অভিজ্ঞ আন্তর্জাতিক তারকা এবং উদীয়মান প্রতিভাদের নিয়ে আকর্ষণীয় প্রতিযোগিতার আয়োজন করা হচ্ছে। গত মরশুমে অংশ নেওয়া বেশ কয়েকজন খেলোয়াড়ও এবারের আসরে ফিরে আসছেন। তাঁদের মধ্যে রয়েছেন পাওলা বাদোসা, ইউকি ভামব্রি, সুমিত নাগাল, দক্ষিণেশ্বর সুরেশ, মায়া রাজেশ্বরন রেবতী এবং শ্রিবল্লী ভামিদিপতি।

ওয়ার্ল্ড টেনিস লিগের সহ-প্রতিষ্ঠাতা মহেশ ভূপতি বলেন, গত মরশুমে আন্তর্জাতিক প্রতিভা ও ভারতীয় খেলোয়াড়দের দুর্দান্ত সমন্বয়ে বেশ কিছু স্মরণীয় টেনিস ম্যাচ উপহার দিয়েছিল এই প্রতিযোগিতা। দর্শকদের উৎসাহ এবং প্রতিযোগিতাকে ঘিরে উদ্দীপনা তাঁদের বিশ্বমানের একটি স্বতন্ত্র টেনিস লিগ গড়ে তোলার ভাবনাকে আরও শক্তিশালী করেছে। পঞ্চম আসরে সেই সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখে আরও বেশি দর্শকের কাছে পৌঁছনো এবং প্রতিটি আসরকে আরও আকর্ষণীয় করে তোলাই তাঁদের লক্ষ্য।

লিগের আর এক সহ-প্রতিষ্ঠাতা হেমালি শর্মা বলেন, ওয়ার্ল্ড টেনিস লিগকে আবারও বেঙ্গালুরুতে ফিরিয়ে আনতে পেরে তাঁরা অত্যন্ত আনন্দিত। শহরটির শক্তিশালী ক্রীড়া সংস্কৃতি এবং টেনিসপ্রেমী দর্শকদের উৎসাহ পঞ্চম আসরের জন্য বেঙ্গালুরুকে একটি উপযুক্ত গন্তব্য করে তুলেছে। এবারের প্রতিযোগিতাতেও আন্তর্জাতিক তারকাদের পাশাপাশি ভারতের প্রতিষ্ঠিত ও উদীয়মান টেনিস খেলোয়াড়রা অংশ নেবেন।

বিশ্বজুড়ে ক্রমবর্ধমান জনপ্রিয়তা এবং ভারতে টেনিসের শক্তিশালী পরিকাঠামোর হাত ধরে ওয়ার্ল্ড টেনিস লিগ আন্তর্জাতিক টেনিসকে ভারতীয় দর্শকদের আরও কাছে নিয়ে আসার পাশাপাশি বিশ্বমঞ্চে ভারতের উদীয়মান প্রতিভাদের তুলে ধরার একটি গুরুত্বপূর্ণ মঞ্চ হয়ে উঠছে।

–আইএএনএস

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker