0%

জাহাঙ্গির-শাহজাহানের বাড়ির ভবিষ্যৎ পরিণতি জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

SOBDIK NEWS: সরকারি সম্পত্তি বেআইনিভাবে দখল করে ব্যক্তিগত সম্পদ গড়ে তোলার অভিযোগে এবার সরাসরি প্রশাসনিক অভিযানের মুখে ফলতার প্রভাবশালী নেতা জাহাঙ্গির খান। তাঁর প্রায় ১০ কোটি টাকা মূল্যের বাড়ি ভাঙার কাজ শুরু হতেই বিষয়টি নিয়ে রাজনৈতিক মহলে চর্চা বেড়েছে। আর এই আবহেই জাহাঙ্গিরকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari) । একইসঙ্গে সন্দেশখালির শেখ শাহজাহানের দখলে থাকা জমি নিয়েও ভবিষ্যৎ পরিকল্পনার কথা প্রকাশ্যে আনলেন তিনি।

জাহাঙ্গির-শাহজাহানকে নিয়ে কী বললেন মুখ্যমন্ত্রী (Suvendu Adhikari) ?

মুখ্যমন্ত্রীর বক্তব্য, সরকারি জমি দখল করে রাখলে কাউকেই ছাড় দেওয়া হবে না। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ফলতার পরিস্থিতি প্রসঙ্গে বক্তব্য রাখতে গিয়ে জাহাঙ্গির খানকে নিশানা করেন। ওই নেতার বিরুদ্ধে সরকারি জমির উপর বিপুল অর্থ ব্যয়ে বিলাসবহুল নির্মাণ গড়ে তোলার অভিযোগ তুলে মুখ্যমন্ত্রী বলেন, “ফলতায় কী চলছে সবাই দেখতে পাচ্ছেন তো? সরকারি জমিতে ১০ কোটি টাকার আলিশান বিল্ডিং বানিয়েছিল। পুষ্পা, বলেছিল ‘ঝুঁকেগা নেহি!’ কড়া ব্যবস্থা নেওয়া হবে।”

শুধু অভিযুক্তের বাড়ি ভেঙে দেওয়াই নয়, জমিটি পুনরুদ্ধারের পর স্থানীয় দরিদ্র পরিবারগুলির জন্য আবাস যোজনার বাড়ি তৈরির পরিকল্পনাও জানিয়েছেন তিনি। ফলতার পাশাপাশি সন্দেশখালির জমি নিয়েও নিজের অবস্থান স্পষ্ট করেছেন মুখ্যমন্ত্রী। শাহজাহান প্রসঙ্গে মুখ্যমন্ত্রীর হুঁশিয়ারি, “শাহজাহানের জমিও উদ্ধার করে মাছ মার্কেট তৈরি হবে। এটা সবে শুরু। আগামিদিনে অনেক কিছু হবে। দেখে নেবেন।”

আরও পড়ুন : বিদেশি পর্যটক থেকে ব্যবসায়ী! প্রত্যেকের জন্য সুখবর, ভারতের ভিসা ব্যবস্থা সরল করল কেন্দ্র

এদিকে ফলতার শ্রীরামপুরে জাহাঙ্গিরের বাড়িতে প্রশাসনিক অভিযান ইতিমধ্যেই শুরু হয়েছে। বুধবার সকাল থেকে সেখানে ভাঙার কাজ চালাচ্ছে প্রশাসন। অভিযোগ, সরকারি জমির উপর অনুমতি ছাড়াই তৈরি হয়েছিল ওই বহুতল নির্মাণ। এ বিষয়ে আগে সাত দিনের সময়সীমা দিয়ে নোটিস পাঠানো হয়েছিল। কিন্তু নির্ধারিত সময়ের মধ্যে বাড়ি না ভাঙায় প্রশাসন নিজেই পদক্ষেপ করে। বৃহস্পতিবারও সকাল থেকে বুলডোজার দিয়ে নির্মাণ সরানোর কাজ চলছে। গোটা পরিস্থিতির উপর নজর রাখছেন পুলিশ ও প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা।

প্রসঙ্গত, রাজনৈতিক প্রেক্ষাপটেও জাহাঙ্গির খানকে ঘিরে বিতর্ক দীর্ঘদিনের। পূর্বতন তৃণমূল জমানায় ফলতা ও ডায়মন্ড হারবার এলাকায় তাঁর যথেষ্ট প্রভাব ছিল। উদ্ধার হওয়া সম্পত্তি সাধারণ মানুষের কাজে লাগানোর প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি। ফলে আগামী দিনে রাজ্যের আরও কোথাও একই ধরনের অভিযান চালানো হয় কি না, এখন সেদিকেই নজর সকলের।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker