0%

‘রো-কো’র পরামর্শেই নিউজিল্যান্ডে সফল! চতুর্থ ওয়ানডের আগে কী জানালেন কাশ্মীরি পেসার নবি?

ঘরোয়া মরশুমে ফুল ফুটিয়েছেন। আগের দু’টি রনজি মরশুমে ১০৪টি উইকেট। গত রনজিতে আবার প্রতিযোগিতার সর্বোচ্চ উইকেটশিকারি তিনিই। এবার ভারতীয় দলের জার্সি গায়েও উজাড় করে দিচ্ছেন আকিব নবি। তাঁর সুইং সামলাতে বেশ চ্যালেঞ্জের মুখে পড়ছেন নিউজিল্যান্ড ব্যাটাররা। কীভাবে এই সাফল্য? নবি জানালেন, এর নেপথ্যে বিরাট কোহলি এবং রোহিত শর্মার পরামর্শ।

নবির বলে খুব একটা গতি নেই। ঘণ্টায় ১৩০ কিমির আশপাশে। তবে নিউজিল্যান্ডের পিচের বাড়তি বাউন্সকে কাজে লাগিয়ে যেভাবে বল করছেন কাশ্মীরি পেসার তার জন্য কোনও প্রশংসাই যথেষ্ট নয়। সেই নবিকে সাংবাদিকরা জিজ্ঞেস করেন, গতি বাড়ানোর পরিকল্পনা আছে কি না? জবাবে ভারতীয় পেসার বলেন, “অবশ্যই, গতি থাকলে তো খুবই ভালো। কিন্তু আমার দক্ষতার ওপর আমার আস্থা আছে। ঘরোয়া ক্রিকেটে ভালো খেলেছি। দক্ষতার জোরেই সুযোগ পেয়েছি। গতি থাকলে সেটা বাড়তি সুবিধা। কিন্তু আমার দক্ষতার ওপর আমার আস্থা আছে। ঘরোয়া ক্রিকেটে আমি যেভাবে খেলেছি, আশা করি তা এখানেও কাজে দেবে।”

নিউজিল্যান্ডের উইকেটে সুইং নয়, বরং সিম মুভমেন্ট উপরেই বেশি ভরসা রাখতে হচ্ছে, কিউয়ি মুলুকে পা রেখে এমনটাই উপলব্ধি নবির। শীর্ষ স্তরের ব্যাটাররা সুইং খুব সহজেই সামলে নেন বলেই এই ভিন্ন কৌশল, জানিয়েছেন তিনি। নবির কথায়, “এখানে বল করার অভিজ্ঞতা এই প্রথম। এখানকার কন্ডিশন একেবারেই আলাদা। এখানে সুইংয়ের চেয়ে সিম মুভমেন্টের ওপর বেশি নির্ভর করতে হয়। কারণ শীর্ষসারির ব্যাটাররা সুইং দারুণ খেলে। তাই দলের তারকা ব্যাটারদের সঙ্গে কথা বলেই এই ফিডব্যাক পেয়েছি।” সঙ্গে যোগ করেছেন, “এই ধরনের পিচে সিম বাউন্স করলে উইকেট পাওয়ার সুযোগ বেশি থাকে। ওই ব্যাটাররা আমাকে ঠিক এই কথাই বলেছিল।”

নিউজিল্যান্ডের বিরুদ্ধে পাঁচ ম্যাচের ওয়ানডে সিরিজে ২-০ ব্যবধানে এগিয়ে টিম ইন্ডিয়া। তৃতীয় ম্যাচ বৃষ্টিতে ভেস্তে গিয়েছে। শুক্রবার চতুর্থ ওয়ানডের আগে নেটে শুভমান গিল, বিরাট কোহলি ও রোহিত শর্মাকে অনবরত বোলিং করেছেন নবি। দুঁদে ব্যাটাররা অনুশীলনে নবির মতো বোলারদের মুখোমুখি হলে সুবিধা পান তাঁরা। নেটে ‘রো-কো’র কাছে পরামর্শও পেয়েছেন। যা তাঁর সাফল্যের চাবিকাঠি বলে জানিয়েছেন নবি। এখন দেখার, চতুর্থ ওয়ানডেতে কেমন খেলেন কাশ্মীরি পেসার। উল্লেখ্য, দ্বিতীয় ওয়ানডেতে ৩১ রান দিয়ে ২ উইকেট নিয়েছিলেন নবি। আগামী ম্যাচে নজরে থাকবেন গুর্নুর ব্রারও। নবির যদি অস্ত্র সুইং হয়, তাহলে গুর্নুরের শক্তি পেস ও বাউন্স। উচ্চতা কাজে লাগিয়ে পিচ থেকে বাড়তি বাউন্স পান। সঙ্গে প্রতি ঘণ্টায় ১৪০ কিলোমিটার গতি। দ্বিতীয় ওয়ানডেতে ৩০ রান দিয়ে ৪ উইকেট পেয়েছিলেন তিনি। 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker