0%

‘ভবিষ্যৎ বদলে যেতে পারে..’, ‘মমতা তৃণমূলের’ সাথে কমবে মদন মিত্রের দূরত্ব?

SOBDIK NEWS: তৃণমূলের অন্দরের ক্ষমতার সমীকরণ নিয়ে বিস্ফোরক মন্তব্য করলেন মদন মিত্র (Madan Mitra)। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের বদলে দলের রাশ যদি অন্য নেতাদের হাতে থাকে, তাহলে কি বদলে যেতে পারে জোড়াফুল শিবিরের ভবিষ্যৎ? এমনই ইঙ্গিতপূর্ণ বক্তব্য ঘিরে নতুন করে সরগরম বঙ্গ রাজনীতি। কামারহাটির বিধায়কের কথায়, কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের হাতে দলের দায়িত্ব থাকলে আগামী দিনে অনেক কিছুই পাল্টে যেতে পারে।

কী বলেছেন মদন মিত্র (Madan Mitra)?

রাজনৈতিক মহলে মদন মিত্রের অবস্থান বদল অবশ্য নতুন ঘটনা নয়। একসময় মমতা বন্দ্যোপাধ্যায়ের অত্যন্ত ঘনিষ্ঠ বলে পরিচিত এই নেতা সাম্প্রতিক সময়ে তৃণমূল নেতৃত্বের সঙ্গে দূরত্ব তৈরি করেন। বিশেষ করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সাংগঠনিক ভূমিকা নিয়ে একাধিকবার প্রকাশ্যে আপত্তি জানিয়েছেন তিনি। দলের অভ্যন্তরীণ কোন্দল থেকে শুরু করে রাজনৈতিক বিপর্যয়, নানা বিষয়ে নেতৃত্বকে নিশানা করেছেন কামারহাটির বিধায়ক। এবার অবশ্য তাঁর বক্তব্যে উঠে এসেছে দলের দায়িত্ব বণ্টনের প্রসঙ্গ। অভিষেকের পরিবর্তে কুণাল ও কল্যাণের সক্রিয় ভূমিকার মধ্যেই তৃণমূলের ভবিষ্যতের নতুন সম্ভাবনা দেখছেন তিনি।

দলের সাম্প্রতিক পরিস্থিতি নিয়ে মদন মিত্র বলেন, “আমরা খুব খুশি হয়েছি। তৃণমূল পার্টিটা এই মুহূর্তে মমতা বন্দ্যোপাধ্যায় আপাতত অভিষেককে সরিয়ে কুণাল ও কল্যাণের হাতে তুলে দিয়েছেন। এবং কুণাল ও কল্য়াণই যা বলার বলছেন। আমার মনে হয় আর কদিন এরকমভাবে বললে, বাকিদের কিছু বলার দরকার পড়বে না। যা হওয়ার তাই হবে। শুধু অভিষেকের হাত থেকে পার্টিটা বের করে কুণাল ও কল্যাণকে যেমন দিয়েছেন, এটা করে যান। যে কোনও ভবিষ্যৎ বদলে যেতে পারে।”

আরও পড়ুন : শোভনদেবের মর্যাদা নিয়ে এবার সরাসরি প্রশ্ন বিচারপতির! বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে নতুন মোড়

মদনের এই মন্তব্যে স্পষ্ট, তৃণমূলের নেতৃত্বের পরিসরে কুণাল ঘোষ ও কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের সক্রিয়তা বাড়লে রাজনৈতিক পরিস্থিতি অন্যদিকে মোড় নিতে পারে বলে মনে করছেন তিনি। মদন মিত্রের বক্তব্য সামনে আসতেই পাল্টা আক্রমণ শানিয়েছে বিজেপি। দলের প্রধান মুখপাত্র দেবজিৎ সরকার মনে করেন, তৃণমূলের নেতৃত্বে অদলবদল ঘটলেও দলের মূল চরিত্রে কোনও পরিবর্তন আসবে না।

দেবজিৎ সরকারের কথায়, “যে ঘোড়ার গাড়িটা রাস্তা হারিয়ে ছুটে চলেছে ভাগাড়ের দিকে, ঘোড়া বদলে দিলে কি তার দিশা বদলে যাবে? তা তো হবে না। কাক যতই উপরে উঠুক না কেন, কাক সবথেকে লম্বা গাছে মগডালে বসলেও কাকই থাকবে। কোকিল হয়ে কুহু কুহু ডাকবে না। সুতরাং অভিষেকের সঙ্গে থাকলে, অভিষেক থেকে চলে গেলেও, যাঁরা তোলামূলের লোকজন, ওই একইরকম থাকবে। দল শেষ হয়ে যাবে, দলের কিছু লোক নাম বদলে অন্যরকম দল বানাবে। বিভিন্ন সময় বিভিন্ন রকম অবয়ব পরিবর্তন হবে। তাঁদের যে মানসিকতা, সেটা কি বদলে যাবে? কে থাকবে কে থাকবে না ওদের ব্যাপার।” একদিকে মদন মিত্রের মন্তব্যে তৃণমূলের নেতৃত্বের ভবিষ্যৎ নিয়ে নতুন সমীকরণের ইঙ্গিত, অন্যদিকে বিজেপির আক্রমণে রাজনৈতিক তরজা আরও তীব্র হয়েছে। আপাতত মদনের বক্তব্য ঘিরে জল্পনা বাড়লেও, বাস্তবে তৃণমূলের সাংগঠনিক অবস্থানে কোনও বদল আসে কি না, সেদিকেই তাকিয়ে রাজনৈতিক মহল।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker