ইউ টার্ন! আইপিএলে বাংলাদেশিদের খেলাতে প্রস্তাব পাঠায় বিসিসিআই-ই! নাম লেখালেন ৭ বাংলাদেশি ক্রিকেটার

আইপিএলে বাংলাদেশিদের খেলানো নিয়ে কি অবস্থান বদলে ফেলল বিসিসিআই? গত মরশুমে যে মুস্তাফিজুর রহমানকে খেলানো নিয়ে এত নাটক-এত বিতর্ক। সেই মুস্তাফিজুরকে এবার ফের আইপিএলে খেলতে দেখা যেতে পারে। বাংলাদেশি ক্রিকেটারদের আইপিএলে শামিল করতে চেয়ে প্রস্তাব পাঠিয়েছিল বিসিসিআই-ই। তাতে সাড়া দিয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। এমনটাই খবর বোর্ড সূত্রে।
সূত্রের খবর, আইপিএলের ক্রিকেটার নথিভুক্তকরণের জন্য আর পাঁচটা দেশের বোর্ডের কাছে যেমন প্রস্তাব পাঠিয়েছে বিসিসিআই, তেমনই প্রস্তাব পাঠানো হয় বাংলাদেশ বোর্ডের কাছেও। ভারতীয় বোর্ডের সেই প্রস্তাবে সাড়া দিয়েছেন ৭ বাংলাদেশি ক্রিকেটার। সেই তালিকায় মুস্তাফিজুর রহমানের পাশাপাশি, পেসার নাহিদ রানা, তাস্কিন আহমেদ, শরিফুল ইসলাম, লেগ স্পিনার রিশাদ হোসেন, পেসার হাসান, ব্যাটার তৌহিদ হৃদয়। এখন দেখার আইপিএলের কোনও ফ্র্যাঞ্চাইজি এদের কেনে কিনা (IPL 2027 Mini Auction)।
গত বছর মুস্তাফিজুর রহমানের আইপিএলে খেলা নিয়ে বিস্তর নাটক হয়েছে। ৯.২০ কোটি টাকায় তাঁকে দলে নিয়েছিল কেকেআর। কিন্তু শেষ মুহূর্তে বোর্ড নির্দেশ দেয় ফিজ-কে খেলাতে পারবে না নাইটরা। নিরাপত্তার কথা ভেবে সেই সিদ্ধান্ত নেওয়া হয়। এরপর জল অনেক দূর গড়ায়। নিরাপত্তার কারণ দেখিয়ে ভারত থেকে টি-টোয়েন্টি বিশ্বকাপ সরানোর দাবি তোলে বাংলাদেশ। তারপর নিজেরাই বিশ্বকাপ থেকে নাম তুলে নেয়। বস্তুত সেসময় দেশজুড়ে বাংলাদেশ বিরোধী হাওয়া চরমে ছিল। ওপার বাংলায় সংখ্যালঘু নির্যাতন নিয়ে প্রবল আপত্তি ছিল এ দেশের হিন্দুত্ববাদীদের একটা বড় অংশের।
হাওয়া কিছুটা বদলেছে। বাংলাদেশে সরকার বদলের পর বিসিসিআই এবং বাংলাদেশ বোর্ডের মধ্যে সম্পর্কের উন্নতি হয়েছে। দুই দেশের মধ্যে দ্বিপাক্ষিক সিরিজ নিয়েও আলোচনা চলছে। সম্ভবত সেই সম্পর্কের উন্নতির সুবাদেই বাংলাদেশিদের জন্য আইপিএলের দরজা ফের খুলছে। তবে এখনও একটা বিষয় অস্পষ্ট। বাংলাদেশিদের জন্য দরজা খোলাটা শুধুই প্রতীকী নাকি সত্যিই তাঁদের দলে নেওয়া হবে?
শেয়ার
লিংক



