0%

লক্ষ্য-আর্যবীরের দাপটে ছোটদের এশিয়া কাপের সেমিতে আফগান-বধ, ফাইনালে ফের ভারত-পাক যুদ্ধ

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপ (U-19 Asia Cup) ফাইনালে ফের ভারত-পাকিস্তান মহারণ। ওমানে সেমিফাইনালে ভারত হারিয়েছে আফগানিস্তানকে। ঈশান সুদদের বোলিং বিক্রমের পর দাপট দেখাল লক্ষ্য রায়চন্দানি ও আর্যবীর শেহওয়াগরা। ৭৯ বল বাকি থাকতেই ৮ উইকেট হাতে নিয়ে ম্যাচ জিতে নেয় ভারত। অন্যদিকে পাকিস্তান উড়িয়ে দিয়েছে বাংলাদেশকে। ফলে ফাইনালে ফের ভারত-পাক যুদ্ধ। উল্লেখ্য, গ্রুপ পর্বে পাকিস্তানের কাছে হেরেছিল ভারত। তাই আর্যবীরদের কাছে এবার বদলার লক্ষ্য।

এদিন ওমানের মাঠে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেয় আফগানিস্তান। শুরু থেকেই আটসাঁট বোলিং করতে থাকে ভারতীয়রা। আগের ম্যাচেই নজর কেড়েছিলেন তরুণ পেসার ঈশান সুদ। এদিনও তিনি গতিতে আফগান ব্যাটারদের পরাস্ত করেন। ৪৩ রান দিয়ে ৩ উইকেট নেন। অন্যদিকে আর্য সাভসানি ২৯ রান দিয়ে ২ উইকেট পান। শেষমেশ নির্ধারিত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২২৭ রান তোলে আফগানিস্তান। হাফসেঞ্চুরি করে নোমান সালারজাই ও শাহ ফয়সল রাহিমি।

এই রান তুলতে অসুবিধা হয়নি ভারতের ছোটদের। এশিয়া কাপে রানের মধ্যে আছেন অধিনায়ক লক্ষ্য। এদিন প্রথম থেকেই ঝড় তোলেন। আফগান বোলারদের নিয়ে রীতিমতো ছিনিমিনি খেলতে থাকেন তিনি। ৯০ বলে ৯৩ রান করেন। অল্পের জন্য সেঞ্চুরি মিস হয়। তাঁর ব্যাট থেকে আসে ১৩টি চার ও ১টি ছক্কা। অন্যদিকে হাফসেঞ্চুরি করেন বীরেন্দ্র শেহওয়াগের পুত্র আর্যবীরও। আগের ম্যাচে ১৬০ রানের ইনিংস খেলেন। এদিন অবশ্য প্রথম দিকে খুব একটা স্বচ্ছন্দ ছিলেন না। বিশেষ করে পেসারদের সামনে। তবে বাবার মতো স্পিনারদের বলে বলে বাউন্ডারির বাইরে পাঠিয়ে দেন। টানা ছক্কা হাঁকিয়ে হাফসেঞ্চুরি করেন। শেষ পর্যন্ত ৫৭ বলে ৫১ রান করে আউট হন। তাঁর ইনিংস ছিল ৪টে চার ও ৪টে ছক্কায় সাজানো। ৫৭ রানে অপরাজিত থাকেন ভিনিথ ভিকে। 

অন্য সেমিফাইনালে পাকিস্তান ৯ উইকেটে বাংলাদেশকে হারিয়ে দিয়েছে। প্রথমে ব্যাট করে বাংলাদেশ মাত্র ১৩৮ রান তোলে। জবাবে ২২ ওভারের মধ্যেই ম্যাচ জিতে যায় পাকিস্তান। আগামী শনিবার, ১৪ নভেম্বর ফাইনালে ভারত-পাকিস্তান মুখোমুখি হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker