0%

বাংলায় বিজেপির পর্যবেক্ষক ছিলেন, এবার এআইএফএফ নির্বাচনে পা সেই অরবিন্দ মেননের

যেরকমটা ভাবা হয়েছিল, আপাতত সেই পথেই এগোচ্ছে ভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচনী প্রক্রিয়া। ওয়েস্টার্ন ইন্ডিয়া ফুটবল অ্যাসোসিয়েশন থেকে ফেডারেশনের নির্বাচনে ভোটার হিসেবে নাম পাঠানো হল প্রাক্তন ফেডারেশন প্রেসিডেন্ট প্রফুল প্যাটেলের। একই সঙ্গে ফেডারেশনের নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে ওঠা উত্তরপ্রদেশের ফুটবল সংঘ-র সভাপতি অরবিন্দ মেননকেও ভোটার হিসেবে পাঠানো হল উত্তরপ্রদেশ থেকে। এই দুই হেভিওয়েট ব্যক্তির নাম ফেডারেশনে নির্বাচনে ভোটার হিসেবে চলে আসার সঙ্গে সঙ্গে একটা বিষয় পরিস্কার, দু’জনেই এবারের সর্বভারতীয় ফুটবল ফেডারেশনের নির্বাচন নিয়ে বিশেষ আগ্রহী হয়ে পড়েছেন।

গত চার বছর ফেডারেশনের বাইরে থাকার পর, এবারের নির্বাচন নিয়ে অনেক আগের থেকেই আগ্রহী হয়ে পড়েন প্রফুল প্যাটেল। আইএসএলের জট খোলার জন্য ক্লাবরাও তাঁর সঙ্গে সমান্তরাল ভাবে যোগাযোগ রেখে গিয়েছে অনেকদিন আগে থেকেই। এমনকী কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যর অফিসে যে মিটিংয়ে ক্লাবদের আইএসএল-খেলার জট খোলে, সেই মিটিংয়েও উপস্থিত ছিলেন প্রফুল। ফলে প্রফুল প্যাটেল যে এবাবের ফেডারেশনের নির্বাচন নিয়ে আগ্রহী হয়ে উঠবেন, তা অনেক আগেই ঠিক হয়ে গিয়েছিল।

চমকটা হল, উত্তরপ্রদেশ থেকে অরবিন্দ মেননের ভোটার হিসেবে আসা। কারণ, এবার ফেডারেশনের কমিটিতে থাকার জন্য তিনিও সমানভাবে আগ্রহী। তবে তিনি কোন পদে আসবেন, তা প্রফুল প্যাটেল এবং অরবিন্দ মেনন নিজেরা আলোচনার করার পরই চূড়ান্ত করবেন। এমনিতে স্পোর্টস কোড অনুযায়ী এবারের নির্বাচনে কার্যকরী কমিটিতে সদস্য সংখ্যা কমে গিয়েছে। পাশাপাশি এবার মহিলা সদস্যর সংখ্যাও বাড়ানো হয়েছে কমিটিতে। এমনকী তিনজন-সহ সভাপতির মধ্যে একজন মহিলা সহ-সভাপতি রাখতে হবে। ফলে এবারের নির্বাচনে যাঁরাই আসুন, প্যানেল তৈরি করতে গিয়ে রীতিমতো হিমশিম খেতে হবে। তবে এখন ভোটার হিসেবে নাম পাঠানো হলেও, এই মুহূর্তে প্যানেল তৈরির চাপ নেই। কারণ, ভোটার লিস্ট সম্পূর্ণ হওয়ার পর মনোনয়ন জমা দেওয়ার দিন ঠিক হবে।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker