0%

বাংলাদেশে দুর্গা মন্দিরে ভাঙচুর, উদ্ধার আরও এক হিন্দু ব্যক্তির বস্তাবন্দি দেহ

 

ঢাকা, ১২ নভেম্বর : বাংলাদেশে হিন্দু ধর্মীয় স্থানগুলিকে লক্ষ্য করে হামলার আরও একটি ঘটনা সামনে এসেছে। নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জ এলাকায় লক্ষ্মীনারায়ণ কটন মিলের অভ্যন্তরে অবস্থিত একটি দুর্গা মন্দিরে ভাঙচুর চালানোর অভিযোগ উঠেছে। স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, মন্দিরে প্রবেশের পথ বন্ধ করে দেওয়ার পাশাপাশি মন্দিরের বিভিন্ন অংশে ভাঙচুর চালানো হয়েছে।

 

এই ঘটনায় তৈরি পোশাক প্রস্তুতকারী সংস্থা নিট কনসার্ন গ্রুপের বিরুদ্ধে অভিযোগ উঠেছে। বুধবার সন্ধ্যায় ঘটনার তদন্তে জিজ্ঞাসাবাদের জন্য সংস্থার পরিচালক মনির হোসেন মোল্লা এবং নিরাপত্তা বিভাগের দায়িত্বপ্রাপ্ত আধিকারিক ইব্রাহিমকে হেফাজতে নেয় পুলিশ।

 

বাংলাদেশের সংবাদমাধ্যম ‘ঢাকা ট্রিবিউন’-এর প্রতিবেদন অনুযায়ী, নারায়ণগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম) তারেক আল মেহেদী ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন। তিনি জানান, মন্দির কমিটি এবং নিট কনসার্ন গ্রুপের মধ্যে জমি সংক্রান্ত জটিলতা রয়েছে। বিষয়টি কীভাবে সমাধান করা যায়, তা খতিয়ে দেখা হচ্ছে। পাশাপাশি মন্দির কমিটির তরফে ভাঙচুর এবং মন্দিরে প্রবেশে বাধা দেওয়ার অভিযোগও জানানো হয়েছে। সেই অভিযোগের ভিত্তিতে পদক্ষেপ করা হচ্ছে।

 

লক্ষ্মীনারায়ণ কটন মিল দুর্গা মন্দির কমিটির সাধারণ সম্পাদক তরুণ লাল বেগির অভিযোগ, মঙ্গলবার সন্ধ্যায় মন্দিরের গেটে থাকা পুরনো তালা সরিয়ে নতুন তালা লাগানো হয়, যাতে কেউ মন্দির চত্বরে প্রবেশ করতে না পারেন।

 

তিনি আরও অভিযোগ করেন, প্রশাসনের নির্দেশ অমান্য করে নিট কনসার্ন গ্রুপের সদস্যরা এই কাজ করেছেন। সংস্থার পরিচালক মনির হোসেন মোল্লা এবং তাঁর সহযোগীরা মন্দিরের ভিতরে থাকা সাজসজ্জা ও প্যান্ডেল ভাঙচুর করেছেন বলেও দাবি করেন তিনি।

 

অন্যদিকে, বাংলাদেশে সংখ্যালঘুদের উপর ধারাবাহিক হিংসার ঘটনার মধ্যেই আরও এক হিন্দু ব্যক্তির মৃতদেহ উদ্ধার হয়েছে। যশোর জেলার মুক্তেশ্বরী নদী থেকে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হয়েছে ৬৫ বছর বয়সি রঞ্জন মণ্ডলের দেহ। তিনি পেশায় মাছের খামারের মালিক ছিলেন।

 

স্থানীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, গত ৭ নভেম্বর যশোরের মনিরামপুর উপজেলার মাশিয়াহাটি এলাকার হেলারঘাটের কাছে নদী থেকে তাঁর দেহ উদ্ধার করা হয়।

 

রঞ্জন মণ্ডলের স্ত্রী বিউটি মণ্ডল জানান, গত ৬ নভেম্বর বিকেলে বাড়ি থেকে বেরিয়েছিলেন তাঁর স্বামী। কিন্তু আর বাড়ি ফেরেননি। পরদিন সকালে পুলিশ তাঁকে স্বামীর দেহ উদ্ধারের খবর দেয়। তাঁর দাবি, মৃতের গলায় এবং শরীরের অন্যান্য অংশে আঘাতের চিহ্ন ছিল।

 

মনিরামপুরের সহকারী পুলিশ সুপার ইমদাদুল হক জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেহ উদ্ধার করে। পরে ময়নাতদন্তের জন্য দেহটি যশোর ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে পাঠানো হয় বলে জানিয়েছে ‘ঢাকা স্ট্রিম’।

 

উল্লেখ্য, গত মাসেও বাংলাদেশে ৪৩ বছর বয়সি রবীন্দ্র ঋষি নামে এক হিন্দু ব্যক্তিকে ছুরিকাঘাতে হত্যার অভিযোগ উঠেছিল। পাশাপাশি পৃথক একটি ঘটনায় হিন্দু পরিবারের তিনটি বাড়িতে ভাঙচুর ও লুটপাট চালানো হয়।

 

বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়, বিশেষত হিন্দুদের উপর অত্যাচার ও হিংসার ঘটনা ক্রমাগত বেড়ে চলেছে বলে অভিযোগ। প্রাক্তন মুহাম্মদ ইউনূস নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের আমলে শুরু হওয়া এই প্রবণতা বর্তমানে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-র নেতৃত্বাধীন সরকারের আমলেও অব্যাহত রয়েছে।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker