গৃহযুদ্ধ কেড়ে নিয়েছিল দুই পা, ভিনিসিয়াসের এক বার্তায় জীবন বদলে গেল কিশোর ফুটবলারের

যুদ্ধ কেড়ে নিয়েছিল দুই পা। ড্রোন হামলায় দুই পা উড়ে গিয়ে শরীর অর্ধেক হয়ে যায়। দুর্বিষহ যন্ত্রণা নিয়ে কেটেছে শৈশব। তবু হাল ছাড়েনি সুদানের কিশোর জাহের। এবার তাঁর স্বপ্নপূরণের জাদুকর হয়ে হাজির হচ্ছেন ভিনিসিয়াস জুনিয়র (Vinicius Jr)। রিয়াল মাদ্রিদের তারকার এক বার্তায় পালটে যেতে চলেছে জাহেরের জীবন। হয়তো কদিন পর ফুটবল খেলবে সে। হয়তো ঘোড়ায় চড়তেও দেখা যাবে। এমনকী জাহেরকে রিয়ালের ম্যাচ দেখতে যাওয়ার আমন্ত্রণ করেছেন ভিনি।
২০২৪ সালে সুদানের রাজধানী খার্তুমে মায়ের সঙ্গে কাজ করার সময় ড্রোন হামলায় দুই পা হারায় জাহের। গৃহযুদ্ধের জন্য চিকিৎসা সম্ভব ছিল না। ছিল খাবারের সংকট। ফলে নিজের পায়ে দাঁড়ানোর স্বপ্নপূরণ হয়নি। একসময় যার দিন কাটত বন্ধুদের সঙ্গে ফুটবল খেলে, এখন তাঁর জীবন আটকে যায় হুইলচেয়ারে। জাহেরের গল্প বিবিসিতে ছড়িয়ে পড়তেই বিশ্বের বহু মানুষের হৃদয় ছুঁয়ে যায়। তার চিকিৎসার জন্য কোটি কোটি টাকার তহবিল সংগ্রহ হতে থাকে।
২০২৫ সালে বিবিসির’কে জাহের বলেছিল, তার প্রিয় ফুটবলার ভিনিসিয়াস জুনিয়র। বিষয়টি ব্রাজিলিয়ান ফুটবলারের কাছেও পৌঁছয়। এবার জাহেরের জন্য ব্যক্তিগত ভিডিও বার্তা পাঠান তিনি। সেখানে বলেন, “তোমার গল্পের কথা আমি জানতে পেরেছি। গত কয়েক মাস তোমার জন্য কতটা কঠিন ছিল, তা বুঝতে পারছি। তুমি একজন পরিশ্রমী কৃষ্ণাঙ্গ তরুণ। আমি সত্যিই আশা করি, তুমি তোমার নতুন কৃত্রিম পায়ে আবার ফুটবল খেলায় ফিরবে। তুমি সেটার যোগ্য।”
ভিনি আরও বলেন, “আমি তোমাকে মাদ্রিদের একটি ম্যাচ দেখতে আসার আমন্ত্রণ জানাই। দিনটা আমরা একসঙ্গে কাটাব।” ব্রাজিল তারকার বার্তায় আবেগাপ্লুত হয়ে পড়েন জাহের। রিয়ালের জার্সি পরে এসে সে বলে, “ভিনিসিয়াসকে বলবেন, তাঁর বার্তা আমাকে অনুপ্রাণিত করেছে।” ইতিমধ্যে জাহেরের চিকিৎসা শুরু হয়ে গিয়েছে। মিশরে অস্ত্রোপচার, দীর্ঘদিনের ফিজিওথেরাপি ও পুনর্বাসনের পর কৃত্রিম পায়ে আবার হাঁটতে শিখেছে জাহের। ফের ফুটবল মাঠে ফিরতে চায়। এখানেই শেষ নয়। জাহেরের স্বপ্ন ঘোড়ায় চড়া। বড় হয়ে সে পাইলট হতে চায়। ভিনির বার্তা সেই স্বপ্নে আরও সাহস দিচ্ছে।
শেয়ার
লিংক



