0%

ফুটবল সংস্থা থেকে আচমকা নির্বাসিত ভারতের প্রাক্তন অধিনায়ক সাবির আলি, কোন অভিযোগে?

প্রাক্তন ভারত অধিনায়ক সাবির আলিকে সাসপেন্ড (Shabbir Ali Suspended) করল তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশনa। তাঁর বিরুদ্ধে অভিযোগ, তিনি মিথ্যা তথ্য প্রদান করে সন্তোষ ট্রফির কোচ হয়েছিলেন। পাশাপাশি রাজ্য ফুটবল সংস্থার নির্দেশ অমান্য করে একটি বৈঠকে যোগ দেওয়ারও অভিযোগ রয়েছে সাবিরের বিরুদ্ধে।

জানা গিয়েছে, সাসপেনশনের চিঠি চলে গিয়েছে তাঁর কাছে। এদিকে প্রতিক্রিয়া নেওয়ার জন্য ফোন করা হলে সাবির ফোন ধরেননি। শুধু প্রাক্তন ফুটবলারই নন, কয়েক বছর আগে তিনি ধ্যানচাঁদ পুরস্কারেও ভূষিত হয়েছেন। এই মুহূর্তে সাবির হায়দরাবাদের ক্লাব আব্বাস ইউনিয়ানেরও সভাপতি। সাবির আলির বিরুদ্ধে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে তেলেঙ্গানা ফুটবল অ্যাসোসিয়েশনের কার্যকরী কমিটির সভায়।

টিএফএ-র সচিব জি পালগুনা জানিয়েছেন, সাবিরকে যখন সন্তোষ ট্রফির জন্য তেলেঙ্গানার কোচ করা হয়েছিল, তখন তিনি রাজ্য সংস্থাকে জানিয়েছিলেন তাঁর এএফসি ‘বি’ লাইসেন্স কোচিং ডিগ্রি রয়েছে। কিন্তু দল নিয়ে বেঙ্গালুরুতে খেলতে যাওয়ার পর দেখা যায়, সাবিরের সেই লাইসেন্সকে বৈধতা দেয়নি ফেডারেশন।

ভারতীয় ফুটবলে সাবির আলির বিরাট অবদান রয়েছে। ১৯৭৪ থেকে ১৯৮৪ সাল পর্যন্ত ভারতের হয়ে খেলেছেন। উইকিপিডিয়ার তথ্য অনুযায়ী, ৬৯টি আন্তর্জাতিক ম্যাচে ১৬টি গোল রয়েছে। ১৯৮১ সালে মারডেকা কাপ, উত্তর কোরিয়া সফর এবং ব্যাংককে কিংস কাপে ভারতীয় দলের অধিনায়ক ছিলেন। ক্লাব ফুটবলে ইস্টবেঙ্গল ও মহামেডানে খেলেছেন। পরে মহামেডান-সহ একাধিক দলের কোচ হন। এনএফএল ও ফেডারেশন কাপ জিতেছেন। ৭০ বছর বয়সি প্রাক্তন ফুটবলার বর্তমানে অনূর্ধ্ব-১৭ এশিয়া কাপ যোগ্যতা অর্জন পর্বের জন্য ভারতীয় দলের হেড অফ ডেলিগেশন হিসেবে মালয়েশিয়ায় আছেন।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker