0%

কোহলির মন্ত্রে সেঞ্চুরি শেহওয়াগপুত্র আর্যবীরের, ভাইরাল ৫ বছর পুরনো কিং-ছোটে নবাবের ভিডিও

অনূর্ধ্ব-১৯ এশিয়া কাপে সেঞ্চুরি করে চর্চায় আর্যবীর শেহওয়াগ (Aaryavir Sehwag)। নেপথ্যে বিরাট কোহলির মন্ত্র! ৫ বছর আগে বীরেন্দ্র শেহওয়াগের পুত্রের সঙ্গে খোশমেজাজে গল্প করছিলেন ‘কিং’। সেই সময় কথার ছলেই আর্যবীরকে কিছু পরামর্শ দেন। এবার ছোটদের এশিয়া কাপে জুনিয়র শেহওয়াগের দাপটের পর ভাইরাল ৫ বছর আগের সেই ভিডিও।

একসময় কোহলি ও শেহওয়াগ দু’জনেই দিল্লির হয়ে খেলেছেন। আবার জাতীয় দলেও ভারতকে বহু ম্যাচ জিতিয়েছেন। ভাইরাল ভিডিওয় দেখা যায়, কোহলির সাক্ষাৎকার নিচ্ছে শেহওয়াগ-পুত্র। সেখানে ১৪ বছরের আর্যবীর বলে, “আমি শুনেছি, ছোটবেলায় আমার বাবার সঙ্গে দেখা করার জন্য মুখিয়ে ছিলেন। সেই অভিজ্ঞতা একটু বলুন।” কোহলি জানান, কীভাবে দিল্লির কোচের মাধ্যমে শেহওয়াগের সঙ্গে প্রথম সাক্ষাৎ হয়। আজও সেই ছবি কোহলির কাছে আছে।

এরপর আর্যবীর প্রশ্ন করে, “একবার আপনি আশিস নেহরার থেকে পুরস্কার নিয়েছিলেন। তখন বোধহয় আপনার বয়স ১৪-১৫ বছর ছিল। এখন কীরকম মনে হয়, যখন আশিস নেহরা আপনার নেতৃত্বে খেলেন?” তার উত্তরে কোহলি বলেন, “এই জন্যই আমি সবসময় বলি, আমি ঠিক পারব।” অর্থাৎ ইচ্ছা ও চেষ্টা থাকলে সব সম্ভব। কোহলি মজা করেই কথাটা বলেছিলেন। ৫ বছর পর আর্যবীরের সেঞ্চুরির পর সেই ভিডিও ভাইরাল।

শেহওয়াগকে বলা হয় ‘নজফগড়ের নবাব।’ সেই হিসেবে ওই অনুষ্ঠানে আর্যবীরের নাম দেওয়া হয়েছে ‘ছোটে নবাব’। উল্লেখ্য, ১৩ বছর বয়সে নেহরার থেকে পুরস্কার পেয়েছিলেন কোহলি। পরে ২০১৭ সালে দিল্লিতে নেহরার শেষ ম্যাচের অধিনায়ক ছিলেন তিনি।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker