শোভনদেবের মর্যাদা নিয়ে এবার সরাসরি প্রশ্ন বিচারপতির! বিরোধী দলনেতা মামলায় হাই কোর্টে নতুন মোড়

SOBDIK NEWS: বিধানসভায় বিরোধী দলনেতা কে হবেন, তা নিয়ে তৃণমূলের দুই শিবিরের মধ্যে টানাপোড়েন এখনও চলছে। এই নিয়ে কলকাতা হাই কোর্টে (Calcutta High Court) মামলাও চলছে। একদিকে রয়েছেন শোভনদেব চট্টোপাধ্যায়, অন্যদিকে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার সেই মামলার শুনানিতেই শোভনদেবের মর্যাদা নিয়ে প্রশ্ন তুলল আদালত।
মুখ্যমন্ত্রীর সঙ্গে শোভনদেবের ছবি নিয়ে প্রশ্ন
বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুকে চেয়ারে বসানোর সময় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর পাশে দেখা গিয়েছিল শোভনদেব চট্টোপাধ্যায়কে। দু’জনে একসঙ্গে স্পিকারের হাত ধরে তাঁকে চেয়ারে বসান। এই ঘটনাকে সামনে রেখেই শোভনদেবকে বিরোধী দলনেতা হিসেবে গুরুত্ব দেওয়ার ইঙ্গিত রয়েছে বলে দাবি করা হয়েছিল।
তবে আদালতে ঋতব্রতর আইনজীবী অন্য ব্যাখ্যা দেন। তিনি জানান, সেই সময় বিধানসভায় কোনও আনুষ্ঠানিক বিরোধী দলনেতা ছিলেন না। মুখ্যমন্ত্রী ‘লিডার অফ দ্য হাউস’ হিসেবে সেখানে উপস্থিত ছিলেন। আর শোভনদেব ছিলেন বিধানসভার প্রবীণতম বিধায়ক। সংসদীয় নিয়ম মেনেই তাঁকে স্পিকারের পাশে রাখা হয়েছিল। তাই মুখ্যমন্ত্রীর সঙ্গে তাঁর হাত ধরে থাকা শুধুমাত্র সৌজন্য, বিরোধী দলনেতার স্বীকৃতি নয়।
আরও পড়ুনঃ অন্নপূর্ণা ভাণ্ডারে ফের শুরু ভেরিফিকেশন! কারা আর টাকা পাবেন না?
Calcutta High Court : ‘আজ ওঁকে বিরোধী দলনেতা, কাল অন্য কেউ!’
এই ব্যাখ্যা শোনার পর বিচারপতি কৃষ্ণা রাও জানতে চান, শোভনদেব যদি বিরোধী দলনেতা না হন, তাহলে মুখ্যমন্ত্রী তাঁর সঙ্গে ছবি তুললেন কেন? ছবিতে স্পষ্ট দেখা যাচ্ছে, মুখ্যমন্ত্রী তাঁর হাত ধরে রয়েছেন। তাহলে বিষয়টিকে কীভাবে ব্যাখ্যা করা হবে?
এরপরই বিচারপতি বলেন, ‘আপনারা কি সেই মানুষটির সঙ্গে খেলছেন? আজ ওঁকে বিরোধী দলনেতা, কাল অন্য কেউ! প্রবীণ বলে কেন তাঁকে টানলেন?’আদালতের এই মন্তব্য ঘিরে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
কী নিয়ে শোভনদেব ও ঋতব্রতর লড়াই?
২০২৬ সালের বিধানসভা নির্বাচনে ৮০টি আসন পেয়ে প্রধান বিরোধী দলের মর্যাদা পায় সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। দলের তরফে বিরোধী দলনেতা হিসেবে শোভনদেব চট্টোপাধ্যায়ের নাম প্রস্তাব করা হয়েছিল। কিন্তু এরপরই তৃণমূল বিধায়কদের স্বাক্ষর জাল করার অভিযোগ ওঠে। এই অভিযোগের পর দলের অধিকাংশ বিধায়ক বিদ্রোহ ঘোষণা করেন। তাঁরা কালীঘাট শিবির থেকে দূরত্ব তৈরি করেন। সংখ্যাগরিষ্ঠ বিধায়কের সমর্থন রয়েছে, এই যুক্তিতে স্পিকার ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে স্বীকৃতি দেন। স্পিকারের এই সিদ্ধান্তকেই চ্যালেঞ্জ করে হাই কোর্টে (Calcutta High Court) মামলা করেন শোভনদেব।
পরবর্তী শুনানি ১৬ নভেম্বর
এই মামলা নিয়ে এর আগে ডিভিশন বেঞ্চ এবং সুপ্রিম কোর্টের নির্দেশ এসেছে। বর্তমানে বিচারপতি কৃষ্ণা রাওয়ের বেঞ্চে মামলার চূড়ান্ত পর্যায়ের শুনানি চলছে। এখন দেখার, স্পিকারের সিদ্ধান্তে আদালত হস্তক্ষেপ করে কি না। আগামী ১৬ নভেম্বর মামলার পরবর্তী শুনানি (Calcutta High Court)।



