বাংলার শ্রমিকদের দৈনিক মজুরি ৪০০ টাকা হোক, শিবরাজকে আর্জি শুভেন্দুর

কলকাতা: কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বাংলার শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি অন্তত ৪০০ টাকা করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের…
কলকাতা: কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পে বাংলার শ্রমিকদের দৈনিক ন্যূনতম মজুরি অন্তত ৪০০ টাকা করার দাবি জানালেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে সাক্ষাতের সময় এই দাবি জানিয়েছেন বলে বৃহস্পতিবার নবান্নের সভাঘর থেকে জানান তিনি। একই সঙ্গে নতুন প্রকল্পের লক্ষ্যমাত্রা নির্ধারিত সময়ের আগেই পূরণ হওয়ার আশাও প্রকাশ করেছেন মুখ্যমন্ত্রী।
বৃহস্পতিবার কেন্দ্রীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের সঙ্গে দেখা করেন শুভেন্দু। তবে কোনও সরকারি বৈঠক নয়, মন্ত্রীর মায়ের প্রয়াণে ব্যক্তিগত অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন তিনি। সেই প্রসঙ্গ টেনে মুখ্যমন্ত্রী বলেন, “আমি মাননীয় মন্ত্রী শিবরাজ সিং চৌহানের মায়ের প্রয়াণ অনুষ্ঠানে গিয়েছিলাম। যদিও সেটা বলার মতো পরিবেশ ছিল না, তবুও দুটো কথা বলে এসেছি।”
সেই সাক্ষাতেই বাংলার গ্রামীণ শ্রমিকদের মজুরি বৃদ্ধির বিষয়টি তুলে ধরেন মুখ্যমন্ত্রী। তাঁর বক্তব্য, রাজ্যে অসংগঠিত ক্ষেত্রে যাঁরা অদক্ষ শ্রমিক হিসেবে কাজ করেন, তাঁদের দৈনিক ন্যূনতম মজুরি অন্তত ৪০০ টাকা করা প্রয়োজন। কেন্দ্রীয় মন্ত্রীকে সেই আবেদনই জানিয়েছেন তিনি।
এদিকে কেন্দ্রের নতুন গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের অগ্রগতি নিয়েও আশাবাদী মুখ্যমন্ত্রী। তাঁর দাবি, নির্ধারিত লক্ষ্যমাত্রা পূরণের কাজ দ্রুত এগোচ্ছে। বর্তমানে প্রতিদিন প্রায় ১০ লক্ষ কর্মদিবস তৈরি হচ্ছে। গত ৫ থেকে ৭ দিনের মধ্যে প্রায় ১ কোটি ৬০ লক্ষ কর্মদিবস তৈরি হয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, এই গতি বজায় থাকলে নির্দিষ্ট সময়ের আগেই ২২ কোটির লক্ষ্যমাত্রা পূরণ করা সম্ভব হবে।
উল্লেখ্য, পুরনো ১০০ দিনের কাজের প্রকল্প মনরেগার পরিবর্তে কেন্দ্র নিয়ে এসেছে ‘বিকশিত ভারত ও রোজগার সুরক্ষা যোজনা’ বা ‘ভিবি-জি রাম জি’। নতুন ব্যবস্থায় গ্রামীণ পরিবারগুলিকে বছরে ১২৫ দিনের কাজের আইনি নিশ্চয়তা দেওয়ার কথা বলা হয়েছে। দৈনিক ন্যূনতম মজুরি প্রায় ৩০০ টাকা। এই মজুরির পরিমাণ বাড়িয়ে ৪০০ টাকা করার পক্ষেই সওয়াল করেছেন মুখ্যমন্ত্রী।
নতুন প্রকল্পে কেন্দ্র ও রাজ্যের মধ্যে অর্থ বরাদ্দের অনুপাত ৬০:৪০। অর্থাৎ প্রকল্পের ব্যয়ের ৬০ শতাংশ বহন করবে কেন্দ্র এবং বাকি ৪০ শতাংশ দিতে হবে রাজ্যকে। উদাহরণ হিসেবে কেন্দ্রের বরাদ্দ ৮,৫০৮ কোটি এবং রাজ্যের অংশ ৫,৬৭২ কোটি টাকা বলে উল্লেখ করা হয়েছে। নিয়ম অনুযায়ী, কাজের আবেদন জানানোর ১৫ দিনের মধ্যে কাজ না পেলে বেকার ভাতা দেওয়ারও সংস্থান রয়েছে। মুখ্যমন্ত্রীর আশা, এই প্রকল্প গ্রামীণ অর্থনীতিতে নতুন গতি আনবে।
বঙ্গোপসাগরে ঘনীভূত নিম্নচাপ, ঘূর্ণিঝড়ের আশঙ্কা! দক্ষিণবঙ্গে কবে জাঁকিয়ে বসবে শীত?
‘পুষ্পা’ জাহাঙ্গিরের অবৈধ দখলে থাকা জমিতেই হবে আবাসের বাড়ি, বার্তা শুভেন্দুর



