0%

‘ডবল ইঞ্জিন’ নেই, তাই কোটি কোটির চুরি! বিরোধীশাসিত প্রদেশগুলিতে ব্যাপক ধরপাকড়ের নির্দেশ ট্রাম্পের

মিড টার্ম নির্বাচনে ভরাডুবি। তারপরই ইরান যুদ্ধ থেকে আগ্রহ হারিয়ে ফেললেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প! আপাতত ইরানের সঙ্গে শান্তিচুক্তি নিয়ে একেবারেই মাথা ঘামাচ্ছেন না। বরং ভাবছেন, জনসমর্থন কেন বিরোধীদের দিকে চলে গেল? ভাইস প্রেসিডেন্ট জেডি ভ্যান্সকে নির্দেশ দিয়েছেন, এবার ডেমোক্র্যাটদের ‘শায়েস্তা’ করতে হবে। তার জন্য় দুর্নীতি ‘খুঁজতে’ নির্দেশ দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট।

মিড টার্মে রিপাবলিকানদের ভরাডুবির পর ভ্যান্স সাফ জানিয়েছিলেন, ‘ইরান যুদ্ধের কারণেই আমরা হারলাম। ইজরায়েলের সঙ্গে আমেরিকার সুসম্পর্কও ভোটাররা ভালোভাবে নেননি।’ভ্যান্সের কথায়, ইরান যুদ্ধটা রিপাবলিকানদের কাছে বোঝা হয়ে উঠেছে। সেকারণেই যাঁরা ২০২৪ সালে ট্রাম্প বা ভ্যান্সকে ভোট দিয়েছিলেন আজ তাঁরা ঝুঁকেছেন ডেমোক্র্যাটদের দিকে। প্রসঙ্গত, মার্কিন রাজনৈতিক মহলে কান পাতলে শোনা যায়, ভ্যান্স নাকি আগাগোড়া ইরানের সঙ্গে যুদ্ধের বিরোধী ছিলেন। তবু ইরানের সঙ্গে শান্তি আলোচনায় বারবার উপস্থিত থেকেছেন তিনি।

কিন্তু ট্রাম্পের নির্দেশ, ইরান নিয়ে মাথা ঘামানো আপাতত বন্ধ। নিজের সোশাল মিডিয়া ট্রুথ সোশালে লিখেছেন, ‘আমি ভাইস প্রেসিডেন্টকে বলেছি, এখন একটাই কাজে মন দাও। ডেমোক্র্যাটদের দখলে থাকা প্রদেশগুলিতে ব্যাপক দুর্নীতি চলছে। অপরাধও বাড়ছে। ডেমোক্র্যাট প্রদেশগুলি প্রত্যেক মাসে মার্কিন কোষাগার থেকে কোটি কোটি ডলার চুরি করছে। সেটা ধরে ফেলতে পারলেই আমাদের বাজেটের হাল ফিরবে। আমরা ইরান থেকে প্রচুর টাকা পেয়ে গিয়েছি। এবার ওদের সঙ্গে কোনও চুক্তির দরকার নেই।’

ট্রাম্পের কথাতেই পরিষ্কার, মিড টার্মের ফলাফলের পর এবার ব্যাপক ‘অ্যাকশন’ হবে বিরোধী ডেমোক্র্যাটদের উপর। মিড টার্মের ফল বলছে, ১০০ আসনের সেনেটে ৫৪টি জিতেছে ডেমোক্র্যাটরা। অন্যদিকে, ৪৩৫ আসনের হাউস অফ রিপ্রেজেন্টেটিভসে ২২৮টি ডেমোক্র্যাটদের ঝুলিতে। এই ফলাফল বজায় থাকলে প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকানদের হার নিশ্চিত। সেকারণেই কি বিরোধীদমনে উঠে পড়ে লেগেছেন মার্কিন প্রেসিডেন্ট? অন্যদিকে, দু’বছর পরে ভ্যান্সকেই প্রেসিডেন্ট পদপ্রার্থী করা হতে পারে বলে রিপাবলিকান সূত্রে খবর। তিনি কি ট্রাম্পের নির্দেশ মেনে চলবেন? নাকি ভোটে জিততে অন্যরকম কৌশল নেবেন? 

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker