মমতা ঘনিষ্ঠ প্রাক্তন পুলিশ কর্তা শান্তনু সিনহার সম্পত্তিতে ED-র কোপ! বাজেয়াপ্ত কোটি কোটি টাকার সম্পদ

SOBDIK NEWS: পুলিশের উর্দি গায়ে থাকাকালীন প্রভাব খাটিয়ে অপরাধীদের সুবিধা পাইয়ে দেওয়ার অভিযোগ। সেই সূত্রেই এবার বড়সড় আর্থিক পদক্ষেপের মুখে পড়লেন কলকাতা পুলিশের প্রাক্তন ডিসিপি শান্তনু সিনহা বিশ্বাস (Shantanu Sinha Biswas)। তাঁর সঙ্গে সম্পর্কিত একাধিক সম্পত্তির উপর নিষেধাজ্ঞা জারি করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। তদন্তকারী সংস্থার দাবি, বেআইনি উপায়ে অর্জিত অর্থ দিয়েই তৈরি হয়েছিল এই বিপুল সম্পদের ভাণ্ডার।
শান্তনু সিনহার (Shantanu Sinha Biswas) কী কী সম্পত্তি বাজেয়াপ্ত করল ইডি ?
কলকাতা থেকে মুর্শিদাবাদ, একাধিক জায়গায় শান্তনুর সম্পত্তির সন্ধান পেয়েছেন ইডি আধিকারিকরা। সব মিলিয়ে প্রায় ২ কোটি ৭৮ লক্ষ টাকার সম্পদ বাজেয়াপ্ত করা হয়েছে বলে খবর। এই তদন্তের সূত্রপাত কুখ্যাত সোনা পাপ্পুর অপরাধমূলক কর্মকাণ্ডকে কেন্দ্র করে। ওই মামলায় আগেই গ্রেফতার হয়েছিলেন শান্তনু। এবার তাঁর সম্পদের উৎস খতিয়ে দেখতে গিয়ে একাধিক স্থাবর সম্পত্তির সন্ধান মিলেছে বলে ইডি সূত্রে খবর।
তালিকায় রয়েছে কলকাতার তিনটি দামি আবাসিক ফ্ল্যাট। পাশাপাশি মুর্শিদাবাদের কান্দি এলাকাতেও জমির খোঁজ পেয়েছেন তদন্তকারীরা। ইডির সন্দেহ, নিজের পরিচয় সামনে না এনে অন্যের নামে এই সম্পত্তিগুলি কেনা হয়েছিল। সেই কারণেই সেগুলিকে বেনামি সম্পদ হিসেবে চিহ্নিত করা হয়েছে।
আরও পড়ুন : ৭ মাসেই আয় ১৯ লক্ষ! ঝাড়গ্রাম পর্যটনে নতুন আকর্ষণ জুলজিকাল পার্ক
ইডির তদন্তে অভিযোগ উঠেছে, সোনা পাপ্পুর অপরাধচক্রের কাজকর্ম নির্বিঘ্নে চালাতে সাহায্য করেছিলেন শান্তনু সিনহা বিশ্বাস। দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় জমি ও বাড়ি দখলকে কেন্দ্র করে সক্রিয় ছিল এই সিন্ডিকেট। সম্পত্তির মালিকদের ভয় দেখানো, জোর করে বাড়ি বা জমির দখল নেওয়া এবং প্রোমোটিংয়ের নামে বেআইনি কার্যকলাপ চালানোর মতো অভিযোগ রয়েছে চক্রটির বিরুদ্ধে। তদন্তকারীদের দাবি, এই সমস্ত কাজে পুলিশি প্রভাব ও যোগাযোগকে কাজে লাগানো হত। সেই ব্যবস্থায় তৎকালীন পুলিশকর্তা শান্তনুর ভূমিকা ছিল বলে অভিযোগ।
আর্থিক লেনদেনের খতিয়ান, সম্পত্তি কেনার নথি এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের ভূমিকা খতিয়ে দেখছেন তদন্তকারীরা। এই পদক্ষেপের ফলে সোনা পাপ্পু মামলায় তদন্তের পরিধি আরও বাড়ল। শুধু অপরাধচক্রের সদস্যদের চিহ্নিত করাই নয়, সেই চক্রের সঙ্গে যুক্ত থেকে কারা আর্থিক সুবিধা পেয়েছেন, তা-ও খুঁজে বের করতে চাইছে ইডি। আগামী দিনে এই মামলায় আরও সম্পত্তি বাজেয়াপ্ত হয় কি না, কিংবা নতুন কোনও প্রভাবশালী ব্যক্তির নাম সামনে আসে কি না, তা নিয়ে নজর থাকবে।



