কোরানের আয়াত লেখা ২০০ বছরের পুরনো পারিবারিক গয়না ঘিরে বিতর্ক, আইনি নোটিসের মুখে করিনা কাপুরের পাশে হিন্দু সংগঠন

ভোপাল, ১২ নভেম্বর : কোরানের আয়াত খোদাই করা প্রায় ২০০ বছরের পুরনো পান্নার লকেট পরে সোশ্যাল মিডিয়ায় ছবি পোস্ট করায় বলিউড অভিনেত্রী করিনা কাপুর খানকে আইনি নোটিস পাঠিয়েছেন মধ্যপ্রদেশ কংগ্রেসের মুখপাত্র আব্বাস হাফিজ। এবার অভিনেত্রীর পাশে দাঁড়াল একটি হিন্দু সংগঠন। করিনার সমর্থনে সরব হয়ে তাঁকে কারও কাছে ক্ষমা চাইতে হবে না বলে জানিয়ে দিয়েছে হিন্দু উৎসব সমিতি।
করিনার সোশ্যাল মিডিয়া পোস্টে প্রকাশিত ছবিগুলি সরিয়ে নেওয়া এবং প্রকাশ্যে ক্ষমা চাওয়ার দাবি জানিয়েছেন আব্বাস হাফিজ। তাঁর বক্তব্য, করিনা গয়না পরেছেন, তাতে তাঁর কোনও আপত্তি নেই। কিন্তু ধর্মীয় আয়াত খোদাই করা লকেটটি যেভাবে সোশ্যাল মিডিয়ায় প্রদর্শন করা হয়েছে, তাতে মুসলিম সম্প্রদায়ের ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে।
হাফিজের আইনজীবী মহম্মদ জাফর জানিয়েছেন, ওই লকেটে পবিত্র কোরানের একটি আয়াত খোদাই করা রয়েছে। ইসলাম ধর্মে কোরানকে অত্যন্ত পবিত্র বলে মনে করা হয়। ধর্মীয় রীতি অনুযায়ী, পবিত্র ধর্মগ্রন্থ স্পর্শ করা বা পাঠ করার আগে অজু করার বিধান রয়েছে।
আইনি নোটিসে সোশ্যাল মিডিয়া থেকে সংশ্লিষ্ট ছবি ও পোস্ট সরিয়ে নেওয়া, প্রকাশ্যে ক্ষমা চাওয়া এবং ভবিষ্যতে ধর্মীয় আয়াতকে অসম্মানজনকভাবে প্রদর্শন না করার আশ্বাস দেওয়ার দাবি জানানো হয়েছে।
আব্বাস হাফিজের দাবি, লকেটটি ভোপালের বেগমদের ঐতিহ্যের সঙ্গে যুক্ত। এটি নিছক ফ্যাশনের গয়না নয়, বরং ধর্মীয় বিশ্বাসের প্রতীক হিসেবেই পরা হতো। তবে তিনি স্পষ্ট করেছেন, এই উদ্যোগ সম্পূর্ণ তাঁর ব্যক্তিগত। এর সঙ্গে কংগ্রেস দল, দলের আদর্শ বা রাজনৈতিক অবস্থানের কোনও সম্পর্ক নেই।
বিতর্কের কেন্দ্রে থাকা পান্নার লকেটটিকে প্রায় ২০০ বছরের পুরনো পারিবারিক ঐতিহ্যের গয়না বলে জানিয়েছেন তারকা স্টাইলিস্ট রিয়া কাপুর। দীপাবলির সাজে করিনাকে ওই লকেট পরা অবস্থায় দেখা যায়। সেই ছবি সোশ্যাল মিডিয়ায় শেয়ার করেছিলেন রিয়া।
এই গয়নার ঐতিহাসিক যোগসূত্র রয়েছে পতৌদি পরিবারের সঙ্গে। অভিনেতা সইফ আলি খানের ঠাকুমা সাজিদা সুলতান ছিলেন ভোপালের শেষ শাসক নবাব হামিদুল্লাহ খানের কন্যা। তাঁর বিয়ে হয়েছিল ইফতিখার আলি খান পতৌদির সঙ্গে। তাঁদেরই ছেলে ছিলেন ভারতের প্রাক্তন ক্রিকেট অধিনায়ক মনসুর আলি খান পতৌদি, যিনি সইফ আলি খানের বাবা।
এদিকে, হিন্দু উৎসব সমিতির সভাপতি চন্দ্রশেখর তিওয়ারি করিনার পাশে দাঁড়িয়ে জানিয়েছেন, অভিনেত্রীর কারও কাছে ক্ষমা চাওয়ার প্রয়োজন নেই। তাঁর কথায়, লকেট গলায়, হৃদয়ের কাছেই পরার জন্য তৈরি। তাতে যদি কোরানের আয়াত লেখা থাকে, তাহলে করিনা নিশ্চয়ই এমন কোনও জায়গায় সেটি পরেননি, যেখানে তার অসম্মান হতে পারে।
তিওয়ারি আরও বলেন, সাবেক ভোপাল রাজপরিবারের পুত্রবধূ হিসেবে করিনা তাঁর শাশুড়ির পরিবারের ঐতিহ্যবাহী গয়না পরতেই পারেন। হিন্দু উৎসব সমিতির পাশাপাশি সংস্কৃতি বাঁচাও মঞ্চও অভিনেত্রীর প্রতি সমর্থন জানিয়েছে।
তবে আইনি নোটিস নিয়ে এখনও পর্যন্ত করিনা কাপুর খান বা তাঁর প্রতিনিধিদের তরফে কোনও প্রকাশ্য প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
–আইএএনএস



