‘১০০ শতাংশ মিথ্যে’, বল বিকৃতি নিয়ে খোয়াজার দাবিকে তুলোধোনা কামিন্সের

সদ্য প্রকাশিত আত্মজীবনীতে একের পর এক বিস্ফোরক মন্তব্য করেছেন অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটার উসমান খোয়াজা। বলেছেন, গোটা দলের সম্মতিতেই স্যান্ডপেপারগেট ঘটেছিল। দলের পেসাররা বিশেষ করে সবটাই জানতেন। কিন্তু খোয়াজার যাবতীয় দাবি সর্বৈব মিথ্যা বলে পালটা দিলেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুক্রবার সকালে সাংবাদিক সম্মেলন করে প্রাক্তন সতীর্থকে তুলোধোনা করলেন তিনি।
নিজের বই ‘সবরে’ বল বিকৃতি নিয়ে বিস্ফোরক মন্তব্য করেছিলেন খোয়াজা। দাবি করেছেন, বল বিকৃতির ঘটনা সম্পর্কে অস্ট্রেলিয়া দলের প্রায় সকলেই জানতেন। বলেছেন, ‘বল এতটাই সুইং করছিল যে একটা উইকেট পড়ার পর সেলিব্রেশনের সময় দলের এক বোলার বলেই ফেলেছিল, আর যেন বল নিয়ে কারচুপি করা না হয়। না হলে সবার সন্দেহ হবে। তবে বাকিরা কথাটা হেসে উড়িয়ে দেয়, কারণ ততক্ষণে যা হওয়ার হয়ে গিয়েছে।’ পরবর্তীকালে কেপ টাউনে বল বিকৃতির কারণে হইচই হয়। কিন্তু খোয়াজার দাবি, তার আগে পোর্ট এলিজাবেথ টেস্টেও বল বিকৃত করা হয়েছিল।
কিন্তু কামিন্স বলছেন, খোয়াজার এই দাবি একেবারে হাস্য়কর। বল বিকৃতি হচ্ছিল, সেটা ক্রিকেটাররা কেউই জানতেন না। উসমান ১০০ শতাংশ ভুল কথা বলছেন বলেই দাবি অজি অধিনায়কের। তিনি আবার খোয়াজাকে ‘পালটিবাজ’ বলেও তোপ দেগেছেন। সাংবাদিকদের মুখোমুখি হয়ে কামিন্স বলছেন, “ওর বইয়ে আমাকে নিয়ে এবং অস্ট্রেলিয়ার বহু ক্রিকেটারকে নিয়ে দায়সারা মন্তব্য করেছে। অত্যন্ত দায়সারাভাবে নিজের আত্মজীবনী লিখেছে যেটা আমার মতো অনেককেই বিরক্ত করেছে।”
খোয়াজা আরও দাবি করেন, তিনি কৃষ্ণাঙ্গ ছিলেন বলেই অজি দলের অধিনায়কত্ব পাননি। টিম পেনের মতো ‘অখ্যাত’কে ক্যাপ্টেন্সি দেওয়া হয়েছিল। সেই অভিযোগও উড়িয়ে দিয়েছেন কামিন্স। বলছেন, “আমি এখন যে পদে রয়েছি সেই পদটা গায়ের রংয়ের কারণে কাউকে দেওয়া হয়নি, এটা বিরাট অভিযোগ। কিন্তু অস্ট্রলিয়ার অধিনায়ক হিসাবে আমি এই অভিযোগটা মানতে রাজি নই। আমি অধিনায়ক হয়ে বর্ণবৈষম্যকে গুরুত্ব দিইনি কোনওদিন।” উল্লেখ্য, আত্মজীবনীতে নানান বিতর্কিত কথা লিখে প্রবল সমালোচিত হচ্ছেন প্রাক্তন অজি ওপেনার। সেই কারণেই ঠিক করেছেন, বইয়ের প্রচারের জন্য কোনও সাক্ষাৎকার দেবেন না।
শেয়ার
লিংক



