৭ মাসেই আয় ১৯ লক্ষ! ঝাড়গ্রাম পর্যটনে নতুন আকর্ষণ জুলজিকাল পার্ক

SOBDIK NEWS: রাজ্য পর্যটনে ক্রমশ জনপ্রিয়তায় উঠে আসছে বিভিন্ন জেলা। দক্ষিণবঙ্গের পর্যটন কেন্দ্রগুলির মধ্যে বিশেষ করে বাড়ছে ঝাড়গ্রামের (Jhargram) জনপ্রিয়তা। আর এর নেপথ্যে বিশেষ ভূমিকা পালন করছে ঝাড়গ্রাম জুলজিকাল পার্ক। শালবনের মাঝে বন্যপ্রাণীদের বিচরণ দেখতে পার্কে ভিড় জমাচ্ছেন কচিকাঁচা থেকে প্রৌঢ়রাও। চলতি বছরে ৭ মাসেই কয়েক লক্ষ টাকা আয় হয়েছে বনদপ্তরের।
কত পর্যটকের সমাগম ঝাড়গ্রাম (Jhargram) জুলজিকাল পার্কে
ঝাড়গ্রাম শহরের উপকণ্ঠে ধবনী বিটে গড়ে ওঠা এই জুলজিকাল পার্ক এখন শহরের অন্যতম পর্যটন আকর্ষণ। রিপোর্ট অনুযায়ী, চলতি বছরের এপ্রিল থেকে অক্টোবর মাস পর্যন্ত এই পার্কে প্রায় ৮০ হাজার ৫৫৮ জন পর্যটকের সমাগম হয়েছে। টিকিট বিক্রি থেকে এই সাত মাসে বনদপ্তরের আয় প্রায় ১৯ লক্ষ ৫৪ হাজার ৭৯০ টাকা।
কবে শুরু হয় পার্ক: ১৯৮০ সালে পার্কটির উদ্বোধন হয়। তখন নাম ছিল ঝাড়গ্রাম মিনি জু। ২০০৫ এ সেন্ট্রাল জু অথরিটির উদ্যোগে পার্কের পরিকাঠামোয় বদল আনা হয়। তৃণমূল সরকারের আমলেই চিড়িয়াখানার সম্প্রসারণ ঘটিয়ে জুলজিকাল পার্ক তৈরি করা হয়। একে একে তৈরি হয় পর্যটকদের জন্য সেলফি জোন, বন্যপ্রাণীদের চিকিৎসায় অ্যাম্বুলেন্স পরিষেবা।
আরও পড়ুন : ভূরিভোজের মাঝে পেটকে দিন রেস্ট, রইল কাঁচকলা পেঁপে দিয়ে রুই মাছের ঝোল
পর্যটক বাড়ছে পার্কে: এই পার্ককে ঘিরে লোকজনের জীবিকাও গড়ে উঠেছে। স্থানীয় স্বনির্ভর গোষ্ঠীর মহিলাদের তৈরি বিভিন্ন সামগ্রী বিক্রি করার জন্য পার্কের (Jhargram) ভেতরেই তৈরি হয় ‘সৃষ্টিশ্রী’ বিপণন কেন্দ্র। এই পার্ককে কেন্দ্র করে পর্যটকদের সংখ্যাও বাড়ছে দ্রুত। বনদপ্তরের পরিসংখ্যান বলছে, চলতি বছরের এপ্রিল মাসে ৭৮০১ জন পর্যটক এসেছিলেন জুলজিকাল পার্কে। অগাস্টে সংখ্যাটা বেড়ে দাঁড়ায় ১২ হাজারে। আর অক্টোবরে প্রায় ২৩ হাজার পর্যটক এসেছিলেন এই পার্কে। শুধু অক্টোবর মাসেই টিকিট বিক্রি থেকে আয় হয়েছে ৫ লক্ষ ৪১ হাজার ৯৬৫ টাকা।
আরও পড়ুন : বন্ধুত্ব নাকি প্রেম? জলসার নতুন সিরিয়ালে প্রথম বার জি বাংলার নায়িকা
কিছুদিন আগে রাজ্যের বনমন্ত্রী পার্ক পরিদর্শনে এসে নতুন বন্যপ্রাণী আনার কথা বলেন। প্রস্তাবিত টাইগার সাফারির এলাকাও ঘুরে দেখেন তিনি। ঝাড়গ্রাম বনবিভাগের এক আধিকারিক বলেন, চলতি বছর জুলজিকাল পার্কে রেকর্ড সংখ্যক পর্যটক এসেছেন। আগামী দিনে সংখ্যাটা আরও বাড়বে বলেই আশা করা যায়।



