0%

সজল-রীতেশ-সহ তিন বিধায়ক, দুই বিজেপি নেতা, সিএবিতে ঢালাও রদবদল, কে কোন পদে?

সরকারে এসেই মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং ক্রীড়ামন্ত্রী ইন্দ্রনীল খাঁ বারবার বলেছেন, বাংলার ক্রীড়াক্ষেত্রকে রাজনীতিমুক্ত করতে হবে। কিন্তু সিএবির নতুন কমিটিতে এবার জায়গা করে নিলেন বিজেপির একঝাঁক নেতা এবং বিধায়ক। বেশ কয়েকটি কমিটিতে রাখা হয়েছ তাঁদের। তার মধ্যে রয়েছেন সজল ঘোষ, রীতেশ তিওয়ারির মতো বিধায়করা। মাসদেড়েক আগে সিএবির বার্ষিক সাধারণ সভায় দেখা গিয়েছিল তাঁদের। তখন থেকেই জল্পনা ছিল, এই বিজেপি নেতাদের বঙ্গ ক্রিকেট সংস্থার কমিটিগুলিতে রাখা হতে পারে।

বৃহস্পতিবার প্রকাশ্যে এসেছে সিএবির নতুন কমিটি সদস্যদের নাম। সেখানে দেখা যাচ্ছে, বরানগরের বিধায়ক সজল ঘোষ স্থান পেয়েছেন টুর, ফিক্সচার এবং টেকনিক্যাল কমিটিতে। উল্লেখ্য এজিএমে যোগ দেওয়ার পর তাঁকে প্রশ্ন করা হয়েছিল রাজনীতিমুক্ত ময়দান নিয়ে। স্ট্রেট ব্যাটে জবাব দিয়ে বলেছিলেন, ““দেখুন, আমার এলাকার ক্লাব আমাকে প্রতিনিধি হিসাবে পাঠিয়েছে। আমার কেন্দ্রেরই ক্লাব। কাল যদি আমাকে বলেন তাহলে আমি ছেড়েও দিতে পারি। সবসময় রাজনীতিবিদরাই কেন সফট টার্গেট? ক্লাব যদি মনে করে বিধায়ককে পাঠালে ক্রিকেটের উন্নতি হবে, সেটার কারণ নিশ্চয়ই কিছু রয়েছে।”

সজলের পাশাপাশি সিএবি কমিটিতে জায়গা পেয়েছেন রীতেশ তিওয়ারি। তাঁকে রাখা হয়েছে ফিনান্স কমিটিতে। উত্তরের বিধায়ক সৌরভ সিকদার রয়েছেন গ্রাউন্ড কমিটিতে। একই কমিটিতে রয়েছেন উত্তর কলকাতার বিজেপি জেলা সভাপতি তমোঘ্ন ঘোষও। দক্ষিণ কলকাতার বিজেপি সভাপতি অনুপম ভট্টাচার্যকে রাখা হয়েছে স্কুল কমিটিতে। অভিষেক ডালমিয়ার স্ত্রী শালিনি ডালমিয়া স্টেডিয়াম কমিটিতে জায়গা পেয়েছেন।

বিভিন্ন ক্লাবের প্রতিনিধি হিসাবে বিজেপির এই বিধায়ক এবং নেতারা যোগ দিয়েছিলেন সিএবির এজিএমে। এবার তাঁদের বিভিন্ন কমিটিতে রাখা হল। তবে কাউকেই কমিটির চেয়ারম্যান পদ দেওয়া হয়নি। সিএবির অ্যাপেক্স কাউন্সিলের বৈঠকে অনুমোদন পাওয়ার পরই ঘোষিত হয়েছে কমিটির নতুন সদস্যদের নাম। প্রশ্ন উঠছে, বিজেপির তরফ থেকে বলা হয়েছিল দলের বিধায়ক-নেতাদের ক্রীড়া প্রশাসনে দেখা যাবে না। তাহলে সিএবিতে একাধিক বিজেপি বিধায়কদের দেখা গেল কী করে?

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker