হাসিনার প্রত্যর্পণ থেকে সীমান্ত সমস্যা, একাধিক ইস্যুতে অস্বস্তি! স্থগিত ভারত-বাংলাদেশ বৈঠক

নয়াদিল্লি: ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগে ফের অনিশ্চয়তা। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত…
নয়াদিল্লি: ভারত ও বাংলাদেশের মধ্যে কূটনৈতিক যোগাযোগে ফের অনিশ্চয়তা। আগামী ১৭ ও ১৮ নভেম্বর ঢাকায় দুই দেশের পঞ্চম কনসুলার বৈঠক হওয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত তা স্থগিত করা হয়েছে। কবে নতুন করে এই বৈঠক হবে, তা এখনও জানানো হয়নি। শেখ হাসিনার প্রত্যর্পণের দাবি থেকে শুরু করে সীমান্ত ব্যবস্থাপনা, ভিসা পরিষেবা এবং নাগরিকদের ফেরানোর মতো একাধিক বিষয় নিয়ে দুই দেশের মধ্যে মতপার্থক্য রয়েছে। ফলে বৈঠক পিছিয়ে যাওয়াকে ঘিরে কূটনৈতিক মহলে আলোচনা শুরু হয়েছে।
২০১৭ সালে ভারত ও বাংলাদেশের মধ্যে কনসুলার সংলাপের প্রক্রিয়া শুরু হয়। এখনও পর্যন্ত চার দফা বৈঠক হয়েছে। শেষবার ২০২৪ সালের ২৯ মে নয়াদিল্লিতে এই বৈঠক হয়েছিল। এবারের বৈঠকটি ঢাকায় হওয়ার কথা ছিল। তার প্রস্তুতিতে গত ৩ নভেম্বর বাংলাদেশের বিদেশ মন্ত্রকে আন্তঃমন্ত্রক পর্যায়ের আলোচনাও হয়।
এই বৈঠকের অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় ছিল বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রত্যর্পণ। ২০২৪ সালের অগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে ভারতে রয়েছেন তিনি। বাংলাদেশের তরফে তাঁকে দেশে ফিরিয়ে নিয়ে যাওয়ার দাবি একাধিকবার জানানো হয়েছে। সাম্প্রতিক সময়ে হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র সংক্রান্ত বিষয়ও নতুন করে আলোচনায় এসেছে। তবে এই ইস্যুর কারণেই বৈঠক স্থগিত হয়েছে, এমন কোনও আনুষ্ঠানিক নিশ্চয়তা নেই।
আসলে বৈঠকের সম্ভাব্য আলোচ্যসূচিতে ছিল আরও একাধিক গুরুত্বপূর্ণ বিষয়। সীমান্তে কথিত পুশ-ইন, অনুপ্রবেশ রোধ, বিএসএফের ভূমিকা, সীমান্তে শান্তি বজায় রাখা এবং ভিসা পরিষেবা স্বাভাবিক করার মতো বিষয় নিয়ে আলোচনা হওয়ার কথা ছিল। দুই দেশে আটক নাগরিকদের প্রত্যাবর্তন, মৎস্যজীবীদের মুক্তি ও দেশে ফেরানো এবং পারস্পরিক আইনি সহযোগিতার বিষয়ও আলোচনায় গুরুত্ব পাওয়ার কথা।
বৈঠক পিছিয়ে যাওয়ার কারণ নিয়েও দুই দেশের সংবাদমাধ্যমে বিভিন্ন তথ্য উঠে এসেছে। বাংলাদেশের কয়েকটি সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, সময়সূচি সংক্রান্ত সমস্যার কথা জানিয়ে ভারত গত সপ্তাহে কূটনৈতিক নোটের মাধ্যমে বৈঠক পিছিয়ে দেওয়ার অনুরোধ জানায়। অন্যদিকে, বাংলাদেশের দিল্লি হাইকমিশনের প্রেস মিনিস্টার সৈয়দুর রহমান জানিয়েছেন, শেখ হাসিনার পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্রের আবেদন জমা পড়ার আগেই বৈঠক স্থগিতের সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। তাই দু’টি ঘটনাকে সরাসরি যুক্ত করা ঠিক হবে না।
এদিকে দ্বিপাক্ষিক সম্পর্কের ক্ষেত্রে জলবণ্টনও বড় বিষয় হয়ে উঠেছে। ১৯৯৬ সালের গঙ্গার জলবণ্টন চুক্তির মেয়াদ শেষ হচ্ছে ২০২৬ সালের ১২ ডিসেম্বর। নতুন করে চুক্তি নবীকরণের আলোচনা এখনও শুরু হয়নি বলে সংসদে জানিয়েছে কেন্দ্র। পাশাপাশি তিস্তার জলবণ্টন নিয়েও দীর্ঘদিনের অমীমাংসিত সমস্যা রয়েছে।
সব মিলিয়ে, একাধিক অমীমাংসিত বিষয় নিয়ে ভারত-বাংলাদেশ সম্পর্কের কূটনৈতিক সমীকরণ এখন গুরুত্বপূর্ণ পর্যায়ে। নিয়মিত আলোচনার অন্যতম মঞ্চ কনসুলার বৈঠক পিছিয়ে যাওয়ায় দুই দেশের মধ্যে পরবর্তী আলোচনার সময়সূচি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।
২০৪৭-এর মধ্যে বিকশিত ভারত, কৃষকদের জন্য এবার কোন পথে হাঁটতে চান মোদী?
জালে ২৩ কেজির কাতলা, এক মাছের দাম উঠল ৫৭ হাজার ৫০০ টাকা!



