0%

পরকীয়ার হ্যাটট্রিক জেনসেনের, ট্রাম্পের মদতেই চিনে গোপন তথ্য পাচার! প্রকাশ্যে বিস্ফোরক তথ্য

ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের নাকের ডগা দিয়ে চিনে পাচার হচ্ছিল গুরুত্বপূর্ণ তথ্য! এনভিডিয়ার সদ্যপ্রাক্তন সিইও জেনসেন হুয়াংয়ের পরকীয়া সংক্রান্ত অভিযোগ প্রকাশ্যে আসার পর থেকে গোটা বিশ্বে হইচই। এবার ধীরে ধীরে প্রকাশ্যে আসছে মার্কিন প্রেসিডেন্টের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতাও। প্রশ্ন উঠছে, চিনে এআই চিপ পাচার রুখতে আমেরিকার প্রশাসন কোনও উদ্যোগ নেয়নি কেন?

সূত্রের খবর, সিঙ্গাপুরের সংস্থা মেগাস্পিডের মাধ্যমে এআই চিপ পাঠানো হতো চিনে। কিন্তু বহুদিন ধরেই আমেরিকার সন্দেহ, এই মেগাস্পিড সংস্থাটি আসলে বেজিংয়ের হয়ে চরবৃত্তি করে। তা সত্ত্বেও অন্তত পঞ্চাশ হাজার চিপ রপ্তানি করেছে এনভিডিয়া। মার্কিন বাণিজ্য দপ্তরের এক নাম প্রকাশে অনিচ্ছুক কর্তা জানিয়েছেন, ২০২৫ সালের মাঝামাঝি সময় থেকে তাঁদের মনেও সন্দেহ জেগেছিল এনভিডিয়া এবং মেগাস্পিডের যোগ নিয়ে। আগামী দিনে মেগাস্পিডকে যেন চিপ দেওয়া না হয়, এই মর্মে নতুন নিয়মও তৈরি হয়। কিন্তু সেই নিয়মে সিলমোহর দেননি ট্রাম্পের বাণিজ্য সচিব হাওয়ার্ড লুটনিক।

চিনা চরের সঙ্গে জেনসেনের ঘনিষ্ঠতার পাশাপাশিই প্রশ্ন উঠছে মার্কিন বাণিজ্য দপ্তরের কার্যকলাপ নিয়ে। ট্রাম্প নিজে যেখানে চিনকে ‘একঘরে’ করে দেওয়ার পক্ষপাতী, সেখানে তাঁর প্রশাসন চিনকে ‘সাহায্য’ করছে, এমনটাই দাবি করছে মার্কিন রাজনৈতিক মহলের একাংশ। কিন্তু ট্রাম্প নিজেও তো জেনসেনের প্রশংসায় পঞ্চমুখ। জেনসেনকে ‘লেজেন্ড’ তকমা দিয়ে তিনি সাফ বলেছেন, এনভিডিয়ার সিইও দারুণ কাজ করেছেন। পদত্যাগ করা উচিত নয় তাঁর। প্রশ্ন উঠছে, চিনে তথ্য পাচারে অভিযুক্তকে এতখানি দরাজ সার্টিফিকেট কী করে দেন মার্কিন প্রেসিডেন্ট? ইতিমধ্যেই ঘটনার তদন্ত চেয়েছেন ট্রাম্পের রাজনৈতিক প্রতিদ্বন্দ্বীরাও।

অন্যদিকে, চিনা চরের পর জেনসেনের তৃতীয় পরকীয়ারও খোঁজ মিলেছে। অ্যালিস হুয়াং, কিম্বার্লি পাওয়েলের পর জানা গেল, এনভিডিয়ার এক কর্মীর সঙ্গেও সম্পর্কে জড়িয়েছিলেন জেনসেন। তিনি পদত্যাগ করার পর সেই সম্পর্কের বিষয়টি প্রকাশ্যে এসেছে। উল্লেখ্য, পরকীয়ার বিষয়টি স্বীকার করে সকলের কাছে ক্ষমা চেয়েছেন ৬৩ বছর বয়সি জেনসেন। তদন্তে পূর্ণ সহযোগিতার বার্তাও দিয়েছেন। কিন্তু তথ্য পাচারের অভিযোগ স্বীকার করেননি। ইতিমধ্যে তাঁকে নতুন চাকরির প্রস্তাব দিয়েছেন বিশ্বের ধনীতম ব্যক্তি এলন মাস্ক।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker