0%

ভারতের মহিলা ক্রিকেটারদের ‘খেলা’ ঘুরিয়ে দেবে বৈভব! বিরাট ভবিষ্যদ্বাণী বিশ্বজয়ী অধিনায়কের

ছেলেদের ক্রিকেটে একজন বৈভব সূর্যবংশী আছে। ১৫ বছর বয়সে সে একা হাতে ম্যাচ ঘুরিয়ে দিতে পারে। তার ব্যাটিং দেখার অপেক্ষায় থাকে গোটা ভারত। মহিলা ক্রিকেটে এরকম কে আছে? বিশ্বকাপ জয়ী অধিনায়ক হরমনপ্রীত কৌর মনে করেন, কেউ নেই। কিন্তু এরকম একজনকে দরকার। তাহলেই মহিলা ক্রিকেটের ছবিটা পুরো বদলে যাবে।

ভারতে মহিলা ক্রিকেটের উন্মাদনা নিঃসন্দেহে অনেকটা বেড়েছে। হরমনপ্রীত-স্মৃতি মন্ধানাদের বিশ্বকাপ জয়ের পর উৎসবে মেতেছিল গোটা দেশ। মহিলা দলের অধিনায়কের মোমের মূর্তি প্রতিষ্ঠিত হবে, বছর কয়েক আগে সেটা ভাবনার বাইরে ছিল। এদিন জয়পুরের নাগারগড় কেল্লার জাদুঘরে হরমনপ্রীতের মোমের মূর্তি প্রতিষ্ঠিত হয়। যেখানে মহেন্দ্র সিং ধোনি ও শচীন তেণ্ডুলকরের মূর্তি রয়েছে।

নিজের মূর্তির উদ্বোধনী অনুষ্ঠানে হরমনপ্রীত বলেন, “এখন বৈভব যেভাবে খেলছে, সেটা একটা উদাহরণ তৈরি করছে। আমি নিশ্চিত নতুন মেয়েরাও ওর মতোই আগ্রাসী ক্রিকেট খেলবে। শুধু ভারতের মহিলা ক্রিকেটের জন্য নয়, সারা বিশ্বের জন্য এরকম একজনকে দরকার। যে কি না, এরকম ক্রিকেট খেলে মহিলা ক্রিকেটের ছবিটা বদলে দেবে।”

নিজের মূর্তি বসানো নিয়ে তিনি বলেন, “আমি শচীন বা ধোনির উচ্চতায় উঠতে পারিনি। কিন্তু এটা আমার কাছে বিরাট প্রাপ্তি। আশা করি, এটা থেকে নতুন ক্রিকেটাররা অনুপ্রেরণা পাবে। দেশের জন্য ভালো কিছু করতে চাইবে।” গত বছর হরমনপ্রীতের নেতৃত্বে ভারত ওয়ানডে বিশ্বকাপ জিতেছিল। তবে সম্প্রতি তাঁকে নেতৃত্ব থেকে সরিয়ে দেওয়া হয়েছে। তাঁর সংযোজন, “নতুন ক্রিকেটারদের বলব, স্বপ্ন দেখা শেখো। আমি যখন প্রথম ক্রিকেট খেলতাম, তখন একটাই স্বপ্ন ছিল, দেশের হয়ে খেলব। আজও অনেকে আমাকে দেখে অনুপ্রাণিত হয়। ভবিষ্যতে তারাও হয়তো অন্য কাউকে অনুপ্রাণিত করবে।”

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker