মৃত্যুর পর মাঠের পাশেই শুয়ে থাকবেন সমর্থকরা! বিশেষ ‘অফার’ মেসি-ইয়ামালদের ক্লাবের, খরচ কত?

কথায় বলে, পছন্দের ক্লাবের প্রতি সমর্থন কোনও দিন বদলানো যায় না। একবার যদি কোনও দলের জার্সি গায়ে চাপায়, তা মৃত্যু পর্যন্ত থেকে যায়। না, এবার আর শুধু মৃত্যু পর্যন্ত নয়। মৃত্যুর পরও প্রিয় ফুটবল ক্লাবের সঙ্গে জড়িয়ে থাকা যাবে। বলা ভালো, ক্লাবের মধ্যেই থাকতে পারবে। এহেন আজব ব্যবস্থা নিয়ে হাজির স্পেনের ফুটবল ক্লাব বার্সেলোনা। তবে খরচ একটু বেশি পড়বে। ওই মোটামুটি সাড়ে ১০ লক্ষ টাকা মতো।
বেশ কয়েক বছর ধরে নতুন করে সাজিয়ে তোলা হচ্ছে লামিনে ইয়ামালদের ক্লাবের স্টেডিয়াম। ম্যাচ শুরু হয়ে গেলেও ক্যাম্প ন্যু স্টেডিয়ামে কাজ এখনও চলছে। বার্সেলোনার তরফ থেকে জানানো হয়েছে, মাঠ থেকে কিছু দূরে ১৫০০ স্কোয়ার মিটারের একটি বিশেষ স্মৃতিসৌধ তৈরি করা হচ্ছে। যার নাম ‘বার্সেলোনা মেমোরিয়াল’। মোট ২৬ হাজার জায়গা থাকছে। যেখানে সমর্থকদের মৃত্যুর পর তাঁদের চিতাভস্ম বা অস্থি রাখার সুযোগ থাকবে।
এবার আসা যাক খরচের কথায়। পরকালে থেকেও দলের সঙ্গে থাকার জন্য সর্বোচ্চ খরচ পড়তে পারে সাড়ে ১০ লক্ষ টাকা মতো। তবে তার কমেও ‘অফার’ আছে। ১০ বছরের চুক্তিতে ২৪৯০ ইউরো, ৫০ বছরের জন্য ৬ হাজার ইউরো। পাশাপাশি বার্ষিক ৭০ ইউরো রক্ষণাবেক্ষণ ফি। আর চিরজীবনের জন্য জায়গা নিশ্চিত করতে চান? তবে খরচ পড়বে ১০ হাজার ইউরো, সঙ্গে ১০ বছরের একটি স্মৃতিফলকের জন্য আরও ৪৯০ ইউরো। ৫০ বছরের স্মৃতিফলকের দাম ১০৪০ ইউরো। অর্থাৎ চিরকাল ক্লাবের ‘পাশে’ থাকার জন্য খরচ পড়বে ১০০০০+৭০+১০৪০=১১১১০ ইউরো। অর্থাৎ সাড়ে দশ লক্ষ টাকা।
লিওনেল মেসির পুরনো ক্লাব জানিয়েছে, সমর্থকরা যাতে মৃত্যুর পরও প্রিয় ক্লাবের গর্জন শুনতে পায়, তাই এই ব্যবস্থা। তবে বিপক্ষ সমর্থকরা খোঁচা দিতে ছাড়ছেন না। আসলে গত কয়েক বছরে বার্সেলোনার আর্থিক অবস্থা বেশ খারাপ। এমনকী ক্যাম্প ন্যু’তে বিয়েবাড়ি ভাড়াও দিয়েছে। টাকা তুলতেই কি এই ব্যবস্থা? তবে অতীতে আটলেটিকো মাদ্রিদ, রিয়াল বেতিস এবং এসপানিওলের মতো ক্লাবও এই ব্যবস্থা করেছে।
শেয়ার
লিংক



