‘মোদীকে সম্মান করি, উনি আমার গুজরাতি ভাই’, দীপাবলির শুভেচ্ছা বিতর্কে মুখ খুললেন পিত্রোদা

নয়াদিল্লি: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান করেন তিনি। এমনটাই জানালেন কংগ্রেসের বিদেশ শাখার প্রধান স্যাম পিত্রোদা। মোদীকে ‘গুজরাতি ভাই’ বলেও উল্লেখ করেছেন তিনি।…
নয়াদিল্লি: রাজনৈতিক মতপার্থক্য থাকলেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে সম্মান করেন তিনি। এমনটাই জানালেন কংগ্রেসের বিদেশ শাখার প্রধান স্যাম পিত্রোদা। মোদীকে ‘গুজরাতি ভাই’ বলেও উল্লেখ করেছেন তিনি। সম্প্রতি দীপাবলি ও গুজরাতি নববর্ষ উপলক্ষে প্রধানমন্ত্রীকে শুভেচ্ছা জানিয়েছিলেন পিত্রোদা। তা নিয়েই রাজনৈতিক মহলে শুরু হয় চর্চা। এবার এক সাক্ষাৎকারে নিজের অবস্থান স্পষ্ট করলেন কংগ্রেস নেতা।
সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে পিত্রোদা বলেন, প্রধানমন্ত্রীকে উৎসবের শুভেচ্ছা জানানো নিছকই সৌজন্যের বিষয়। এর সঙ্গে রাজনীতিকে জড়িয়ে দেখা উচিত নয়। তাঁর কথায়, “আমি প্রধানমন্ত্রীকে সম্মান করি। সেই কারণেই তাঁকে শুভেচ্ছা জানিয়েছি। তিনি আমারই গুজরাতি ভাই। এটা সৌজন্য।” কংগ্রেসের অন্দরে তাঁর এই আচরণ নিয়ে কোনও আপত্তি উঠলে, তার দায়ও দলের বলেই মন্তব্য করেন তিনি।
পিত্রোদার বক্তব্য, কারও সঙ্গে ব্যক্তিগত সম্পর্ক থাকা মানেই তাঁর রাজনৈতিক মতাদর্শকে সমর্থন করা নয়। মোদীর সঙ্গে তাঁর রাজনৈতিক অবস্থানের পার্থক্য রয়েছে। তবে সেই কারণে ন্যূনতম সৌজন্যবোধ বিসর্জন দেওয়ার প্রয়োজন নেই। গত ১৫ বছর প্রধানমন্ত্রীর সঙ্গে তাঁর দেখাও হয়নি বলে জানিয়েছেন পিত্রোদা। তাঁর মতে, রাজনৈতিক মতপার্থক্য সরিয়ে রেখে পারস্পরিক সৌজন্য বজায় রাখা জরুরি। সাধারণ মানুষও তাঁদের কাছ থেকে এমন আচরণই প্রত্যাশা করেন।
উল্লেখ্য, বৃহস্পতিবার দীপাবলি ও গুজরাতি নববর্ষ উপলক্ষে স্যাম পিত্রোদা এবং তাঁর স্ত্রী অঞ্জনা বেনকে শুভেচ্ছা জানিয়েছিলেন প্রধানমন্ত্রী মোদী। এক্স হ্যান্ডলে তিনি তাঁদের সুস্বাস্থ্য ও আনন্দময় বছরের কামনা করেন। পালটা ধন্যবাদ জানিয়ে প্রধানমন্ত্রীকেও সুস্থ ও দীর্ঘ জীবনের শুভেচ্ছা জানান পিত্রোদা। দুই নেতার এই সৌজন্য বিনিময় ঘিরেই রাজনৈতিক মহলে নতুন করে আলোচনা শুরু হয়েছে।
হাসিনাকে ফেরাতে উদ্যোগী দিল্লি? নিরাপত্তা ও বিচার নিয়ে ঢাকাকে দুই শর্ত ভারতের
দুই SPO খুনের পর কাশ্মীরে বড় অভিযান! জঙ্গিদের মাথার দাম ৩০ লক্ষ




