0%

রেশনে চাল-গম নিয়ে কারচুপির দিন শেষ! অভিযোগ পেলেই এক ঘণ্টায় অ্যাকশন, জানালেন খাদ্যমন্ত্রী

SOBDIK NEWS: রেশন (Ration) ব্যবস্থায় সাধারণ মানুষের প্রাপ্য নিয়ে কোনও ধরনের কারচুপি বরদাস্ত করা হবে না। দোকানে গিয়ে খাদ্যশস্য সংগ্রহের সময় অনেকেরই অভিযোগ থাকে, কখনও চাল-গমের মান প্রত্যাশামতো নয়, আবার কখনও নির্ধারিত পরিমাণের তুলনায় কম সামগ্রী দেওয়া হচ্ছে। এই ধরনের সমস্যার দ্রুত সমাধানে এবার সরাসরি অভিযোগ জানানোর সুযোগ করে দেওয়ার কথা জানালেন রাজ্যের খাদ্যমন্ত্রী অশোক কীর্তনীয়া।

রেশন (Ration) নিয়ে কী জানালেন খাদ্যমন্ত্রী?

রেশন ব্যবস্থার একাধিক অনিয়ম নিয়ে নিজের অবস্থান স্পষ্ট করেন খাদ্যমন্ত্রী। বিশেষ করে খাদ্যশস্যের গুণমান, পরিমাণ এবং বেআইনি পাচার রুখতে রাজ্য প্রশাসন নজরদারি চালাচ্ছে বলে জানান অশোক কীর্তনীয়া। মন্ত্রী জানান, রেশন দোকান থেকে নিম্নমানের চাল বা গম দেওয়া হলে কিংবা ওজনে কারচুপি ধরা পড়লে উপভোক্তারা সরাসরি তাঁর কাছে বিষয়টি জানাতে পারবেন। অভিযোগ পাওয়ার পর সংশ্লিষ্ট বিষয়ে এক ঘণ্টার মধ্যেই পদক্ষেপ করার আশ্বাস দিয়েছেন তিনি।

তাঁর দাবি, ইতিমধ্যেই বিভিন্ন অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে। অনিয়মের সঙ্গে যুক্ত কাউকেই ছাড় দেওয়া হবে না বলেও হুঁশিয়ারি দিয়েছেন খাদ্যমন্ত্রী। তাঁর কথায়, “কেউ ছাড় পাবে না।” কীভাবে মন্ত্রীর কাছে পৌঁছবে সাধারণ মানুষের অভিযোগ? সেই পথও জানিয়ে দিয়েছেন তিনি। অশোক কীর্তনীয়া জানিয়েছেন, সোশ্যাল মিডিয়ায় তাঁর ব্যক্তিগত যোগাযোগের নম্বর প্রকাশ করা রয়েছে। রেশন দোকানে কোনও সমস্যা হলে সেই নম্বরে ফোন করে অভিযোগ জানাতে পারবেন উপভোক্তারা। অর্থাৎ অভিযোগ জানানোর জন্য আলাদা কোনও জটিল প্রক্রিয়ার মধ্যে দিয়ে যেতে হবে না।

আরও পড়ুন :‘যে ৫০ হাজার বাকি আছে সেটাও আগামী মাসে..,’ অন্নপূর্ণা যোজনা নিয়ে বিরাট বার্তা মুখ্যমন্ত্রীর

এদিন বক্তব্য রাখতে গিয়ে পূর্ববর্তী সরকারের সময়কার রেশন ব্যবস্থা নিয়েও প্রশ্ন তোলেন খাদ্যমন্ত্রী। তাঁর অভিযোগ, অতীতে রাজ্যে রেশনের চাল বাংলাদেশে পাচার করা হত। পাশাপাশি বর্তমান সময়ে সরবরাহ করা চালের মান আগের তুলনায় উন্নত হয়েছে বলে দাবি করেন তিনি। এখানেই শেষ নয়, আগামী বছর থেকে রেশন গ্রাহকদের হাতে আরও উন্নত মানের চাল তুলে দেওয়ার পরিকল্পনাও রয়েছে বলে জানিয়েছেন মন্ত্রী।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker