0%

দুই SPO খুনের পর কাশ্মীরে বড় অভিযান! জঙ্গিদের মাথার দাম ৩০ লক্ষ

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি তৎপরতা ঘিরে উদ্বেগ বাড়ছে।(Kishtwar Kishtwar) কিস্তওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO)-কে নৃশংসভাবে খুনের ঘটনার পর উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা…

শ্রীনগর: জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি তৎপরতা ঘিরে উদ্বেগ বাড়ছে।(Kishtwar Kishtwar) কিস্তওয়ার জেলায় দুই স্পেশাল পুলিশ অফিসার (SPO)-কে নৃশংসভাবে খুনের ঘটনার পর উপত্যকাজুড়ে নিরাপত্তা ব্যবস্থা আরও জোরদার করেছে পুলিশ ও নিরাপত্তা বাহিনী।

একদিকে দুই পুলিশকর্মীকে হত্যার ঘটনায় জঙ্গিদের খুঁজে বের করতে তল্লাশি অভিযান চলছে, অন্যদিকে কাশ্মীরের দীর্ঘদিনের সক্রিয় জঙ্গি নেতা জাহাঙ্গির সারুরিসহ তিন জঙ্গির সন্ধান পেতে মোট ৩০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করেছে কিস্তওয়ার পুলিশ।

আরও দেখুনঃ দরকার নেই চিনের! মেক ইন ইন্ডিয়ায় ইতিহাস ঘটিয়ে ভারতেই এবার টানেল বোরিং মেশিন

পুলিশের জারি করা পোস্টারে তিনজনের নাম ও পরিচয় প্রকাশ করা হয়েছে। তাদের মধ্যে রয়েছে হিজবুল মুজাহিদিনের কমান্ডার মহম্মদ আমিন ওরফে জাহাঙ্গির সারুরি, রিয়াজ আহমেদ ওরফে হাজারি এবং মুদাসির হুসেন। এই তিন জঙ্গির সম্পর্কে নির্ভরযোগ্য তথ্য দিতে পারলে পুরস্কার দেওয়া হবে বলে জানিয়েছে পুলিশ।

নিরাপত্তা বাহিনীর কাছে দীর্ঘদিন ধরেই মাথাব্যথার কারণ হয়ে রয়েছে জাহাঙ্গির সারুরি। হিজবুল মুজাহিদিনের এ++ শ্রেণিভুক্ত এই জঙ্গি কমান্ডার নব্বইয়ের দশক থেকে সক্রিয় বলে জানা গিয়েছে। জম্মু ও কাশ্মীরে সবচেয়ে দীর্ঘদিন ধরে সক্রিয় থাকা জঙ্গিদের মধ্যে অন্যতম সে। কয়েক দশক ধরে নিরাপত্তা বাহিনীর চোখে ধুলো দিয়ে পালিয়ে বেড়াচ্ছে সারুরি।

তদন্তকারী ও নিরাপত্তা আধিকারিকদের মতে, প্রযুক্তির ব্যবহার এড়িয়ে চলাই তার আত্মগোপনের অন্যতম কৌশল। মোবাইল ফোন কিংবা অন্য কোনও ইলেকট্রনিক যন্ত্র ব্যবহার না করে স্থানীয় ওভারগ্রাউন্ড ওয়ার্কার (OGW) এবং সহানুভূতিশীল ব্যক্তিদের নেটওয়ার্কের সাহায্যে যোগাযোগ বজায় রাখে সে। কিস্তওয়ার ও ডোডা জেলার দুর্গম পাহাড়ি এলাকায় এই নেটওয়ার্কের মাধ্যমে নিজের কার্যকলাপ চালিয়ে যাওয়ার অভিযোগ রয়েছে তার বিরুদ্ধে। একাধিক গুরুত্বপূর্ণ হামলার পরিকল্পনা ও সংগঠনে তার ভূমিকা রয়েছে বলেও নিরাপত্তা সংস্থাগুলির দাবি।

এদিকে, দুই SPO-র হত্যাকাণ্ডের ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। নিহত পুলিশকর্মীদের নাম ববি চাঁদ এবং রশপাল কুমার। বুধবার একটি সেনা পোস্টের দিকে যাওয়ার সময় তাঁরা নিখোঁজ হয়ে যান। পরে কিস্তওয়ারের দুর্গম দাচ্ছন এলাকা থেকে তাঁদের গুলিবিদ্ধ দেহ উদ্ধার করা হয়। দেহে একাধিক গুলির চিহ্ন ছিল বলে জানা গিয়েছে।

শুধু তাই নয়, তাঁদের সঙ্গে থাকা সার্ভিস রাইফেল দুটিও ঘটনাস্থল থেকে পাওয়া যায়নি। ফলে এই হত্যাকাণ্ডের পিছনে জঙ্গিদের হাত রয়েছে বলে সন্দেহ তদন্তকারীদের। ঘটনার পর থেকেই এলাকায় চিরুনি তল্লাশি শুরু করেছে নিরাপত্তা বাহিনী। জঙ্গিরা যাতে পাহাড়ি এলাকা ব্যবহার করে অন্যত্র পালিয়ে যেতে না পারে, সে জন্য বিভিন্ন রাস্তায় নজরদারি বাড়ানো হয়েছে।

অন্যদিকে, দক্ষিণ কাশ্মীরের কুলগাম জেলাতেও নতুন করে নিরাপত্তা উদ্বেগ তৈরি হয়েছে। বুধবার একটি সিআরপিএফ ক্যাম্প লক্ষ্য করে জঙ্গিরা গুলি চালায়।(Kishtwar) ওই হামলায় তিন সিআরপিএফ জওয়ান আহত হন। ঘটনার পরপরই হামলাকারীদের খুঁজে বের করতে বিশাল ঘেরাও ও তল্লাশি অভিযান শুরু করে নিরাপত্তা বাহিনী।

শুক্রবার পর্যন্ত টানা তৃতীয় দিনের মতো সেই অভিযান অব্যাহত ছিল। কুলগামের বিভিন্ন গুরুত্বপূর্ণ জায়গায় ব্যারিকেড বসানো হয়েছে। মোতায়েন করা হয়েছে সাঁজোয়া যান। রাস্তায় চলাচলকারী গাড়ি থামিয়ে তল্লাশি চালাচ্ছেন নিরাপত্তাকর্মীরা। সন্দেহভাজনদের গতিবিধির উপরেও রাখা হচ্ছে কড়া নজর।

তদন্তে সাহায্য নিতে মানব গোয়েন্দা তথ্যের পাশাপাশি প্রযুক্তিগত নজরদারিও ব্যবহার করা হচ্ছে বলে জানিয়েছেন আধিকারিকরা। (Kishtwar)কুলগাম হামলার সঙ্গে যোগ থাকতে পারে, এমন সন্দেহে বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করেছে পুলিশ। হামলার জায়গা পরিদর্শন করেছেন পুলিশের উচ্চপদস্থ আধিকারিক এবং অন্যান্য নিরাপত্তা সংস্থার প্রতিনিধিরা। তাঁরা এলাকার নিরাপত্তা ব্যবস্থা খতিয়ে দেখার পাশাপাশি ভবিষ্যতে এই ধরনের হামলা ঠেকাতে প্রয়োজনীয় পদক্ষেপ নিয়েছেন।

শুধু কিস্তওয়ার কিংবা কুলগাম নয়, গোটা কাশ্মীর উপত্যকাতেই নিরাপত্তা বাড়ানো হয়েছে। শ্রীনগরসহ বিভিন্ন জেলায় পুলিশ ও আধাসামরিক বাহিনীর সদস্যরা রাস্তায় নেমে যানবাহনে তল্লাশি চালাচ্ছেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ মোড়ে বাড়ানো হয়েছে নিরাপত্তাকর্মীর সংখ্যা। সন্দেহজনক গাড়ি ও ব্যক্তিদের পরিচয় যাচাই করা হচ্ছে। পরপর দুই জায়গায় জঙ্গি হামলা এবং দুই SPO-র হত্যাকাণ্ডের পর কোনও রকম ঝুঁকি নিতে চাইছে না প্রশাসন।

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker