0%

বাঘের সঙ্গে দুঃসাহসিক টিকটক ভিডিও! পাকিস্তানে মৃত্যু ১৯ বছরের যুবকের, গ্রেপ্তার ইনফ্লুয়েন্সর

নিজে ভাইরাল হওয়ার বাসনায় অন্যের মৃত্যুতে পরোয়া নয়! একটি পূর্ণ বয়স্ক বিশালকায় বাঘের সঙ্গে টিকটক ভিডিও বানানোর পরিকল্পা করেন এক পাকিস্তানি কনটেন্ট ক্রিয়েটর। এর জেরে বেঘোরে মৃত্যু হল ১৯ বছরের এক যুবকের। জানা গিয়েছে, আচমকাই খেপে ওঠে জংলি প্রাণীটি। কিছু বোঝার আগেই যুবককে আঁচড়ে-কামড়ে ক্ষতবিক্ষত করে সেটি। আশঙ্কাজনক অবস্থায় তাঁকে তড়িঘড়ি হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি। এই ঘটনায় কনটেন্ট ক্রিয়েটর-সহ দুই অভিযুক্তকে গ্রেপ্তার করেছে পুলিশ।

লাহোর শহরের কাহনা এলাকায় একটি খামারবাড়ির ব্যক্তিগত চিড়িয়াখানায় ঘটে মর্মান্তিক ঘটনা। মূল অভিযুক্ত কনটেন্ট ক্রিয়েটার নৌমান হাসান। খামারবাড়ির অন্যতম মালিকও তিনি। অভিযোগ, হাসানের ইচ্ছেতেই প্রজনন কেন্দ্রের খাঁচা থেকে বের করা হয়েছিল বিশালকায় গলায় চেন পরানো বাঘটিকে। মালিকের নির্দেশে বাধ্য হয়ে সেই কাজ করে খামারবাড়ির কর্মী ১৯ বছরের তলহা। কোনও কারণে মেজাজ হারিয়ে তলহাকে আক্রমণ করে সেটি। যতক্ষণ ‘শিকার’ ছাড়ে সে, ততক্ষণে তলহার আধমরা অবস্থা হয়। তড়িঘড়ি হাসপাতালে ভর্তি করা হয় যুবককে। যদিও চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয় তাঁর।

লাহোর পুলিশ জানিয়েছে, প্রাথমিকভাবে তলহাকে কুকুরে কামড়েছে বলে দাবি করেন কনটেন্ট ক্রিয়েটার হাসান। যদিও তদন্ত শুরু হতেই সত্যিটা সামনে চলে আসে। এক পুলিশকর্তা বলেন, “টিকটকের প্রতি আসক্তি মানুষের জীবনের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হতে পারে না। শখ বা বিনোদনের নামে কাউকে জীবনের ঝুঁকির মধ্যে ফেলা দেওয়াকে কোনওভাবে মেনে নেওয়া যায় না। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার চেষ্টা, অবহেলা-সহ প্রতিটি দিকের তদন্ত হবে।” ফার্মহাউসে বাঘ পোষার সরকারি অনুমোদন ছিল কি না, তাও ক্ষতিয়ে দেখছে পুলিশ।

প্রসঙ্গত, বাঘের সঙ্গে বিপজ্জনক ভিডিও পোস্ট করার জন্য পরিচিত হাসান। তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে পোস্ট করা একটি ভিডিওতে দেখা গিয়েছে, শিকল দিয়ে বাঁধা একটি বাঘকে চুমু খাওয়ার চেষ্টা করছেন তিনি। অন্য একটি ক্লিপে তাঁকে একটি চিতাবাঘকে আদর করতেও দেখা যায়, যেটি হঠাৎ তাঁর ওপর ঝাঁপিয়ে পড়ে এবং আঁচড়ে দেয়। এবার হাসানের টিকটক ভিডিও বানানোর শখের জেরে মৃত্যু হল ১৯ বছরের তলহার।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker