0%

‘আনপ্লেয়েবল বলে কিছু হয় না’, লজ্জার হারে রোহিত-বিরাটদের দুষে আরও ‘গম্ভীর’ গৌতম

দিনটা ভুলতে চাইবেন রোহিত শর্মা, বিরাট কোহলিরা। দুই কিংবদন্তি ব্যাটার ১৬ বছর পর একসঙ্গে শূন্য রানে আউট হয়েছেন। ৩৩৪ রানের লক্ষ্য তাড়া করতে নেমে মাত্র ৮৯ রানে গুটিয়ে গিয়েছে ভারতের ইনিংস। ২৬ বছরের ইতিহাসে ওয়ানডে ক্রিকেটে সবচেয়ে বড় হারের মুখ দেখেছে মেন ইন ব্লু। বে ওভালের পিচে কি জুজু ছিল? হেডকোচ গৌতম গম্ভীর একেবারেই সেটা মনে করেন না। বরং তিনি বকলমে সমালোচনা করলেন ‘রো-কো’র। সঙ্গে দুষলেন ব্যাটিং ব্যর্থতাকে।  

ভারতের ইনিংসের শুরুটা যেভাবে হল, তা এক কথায় দুঃস্বপ্ন। ৩৩৪ রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই তিন উইকেট হারিয়ে বসে ভারত। কোনও রান না করেই সাজঘরে ফিরলেন রোহিত শর্মা, বিরাট কোহলি এবং শ্রেয়স আইয়ার। ম্যাট হেনরির প্রথম ওভারেই কার্যত ম্যাচ থেকে ছিটকে যায় টিম ইন্ডিয়া। হেনরির ওই তিন বল সামলানো কি অসম্ভব ছিল? গম্ভীর মনে করেন না সেটা। তাঁর মতে, ব্যাটারদের খেলার ধরনে ‘গলদ’ ছিল। যা তাঁর কাছে উদ্বেগের।

ম্যাচের পর সাংবাদিক সম্মেলনে গম্ভীর বলেন, “আন্তর্জাতিক ক্রিকেটে আনপ্লেয়েবল ডেলিভারি বলে কিছু হয় না। প্রথম ১০টা ওভার আমাদের সামলাতে হত। ম্যাট হেনরি ভালো জায়গায় বল করছিল। তার মোকাবিলা করা উচিত ছিল। ৯০-এর ঘরে অলআউট হয়ে গেলে সবসময়ই দুশ্চিন্তা হয়। খুব বিশ্বকাপ কাছে। এমনকী আগের ম্যাচেও আমরা ১১১ রানে ৭ উইকেট হারিয়েছিলাম। এটা সত্যিই চিন্তার বিষয়। আমাদের মানসিক ভাবে প্রস্তুত থাকতে হবে। এই ধরনের পরিস্থিতিতে বিনা উইকেটে ৩৫-৪০ রান ঠিক আছে। আমাদের অভিজ্ঞতা আছে। আশা করি শেষ ম্যাচে আমরা মানিয়ে নিতে পারব।”

উল্লেখ্য, প্রথম বলেই রোহিত শর্মাকে ফিরিয়ে দেন ম্যাট হেনরি। অফ স্টাম্পের বাইরে থেকে বলটি আচমকাই ভিতরের দিকে ঢুকে আসে। সামলাতে না পেরে ব্যাটের উপরে বল লাগান হিটম্যান। স্লিপে দাঁড়িয়ে সহজ ক্যাচ নিতে ভুল করেননি অ্যালেন। পরের তিন বল সামলে খেললেও পরের বলে পারলেন বিরাট কোহলিও। হেনরির বল ভিতরের দিকে ঢুকে কিছুটা নিচু হয়ে যায়। কোহলি ব্যাট লাইনে ছিল না। বল সোজা গিয়ে লাগে স্টাম্পে। পরপর ফিরে যান রোহিত ও কোহলি। এখানেই শেষ নয়। ওভারের শেষ বলে শ্রেয়স আইয়ারকে এলবিডব্লিউ করেন হেনরি। এ হেন ব্যাটিং মেনে নিতে পারছেন না কোচ গম্ভীর। কারণ বে ওভালের পিচে ব্যাটিংয়ের জন্য বিশেষ কোনও অসুবিধা ছিল না। বিপজ্জনক সুইংও চোখে পড়েনি। সেই উইকেটেই ভারতের ব্যাটিং বিপর্যয় আরও বেশি করে প্রশ্ন তুলে দিল।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker