0%

ভারতেই ব্লু প্রিন্ট! বাংলাদেশকে হারানোয় ক্যারিবিয়ান দলকে সাহায্য ধোনির দলের মুখ্যকর্তার 

উপমহাদেশের পিচে খেলতে নেমে অতীতে বারবার স্পিনের সামনে মুখ থুবড়ে পড়েছে ওয়েস্ট ইন্ডিজ। তবে ছবিটা বদলেছে। সম্প্রতি বাংলাদেশকে টেস্ট সিরিজে হারিয়েছে ক্যারিবিয়ানরা। সাফল্যের নেপথ্যে কিন্তু ভারত। হ্যাঁ, ঠিকই শুনছেন। বাংলাদেশ যাওয়ার আগে চেন্নাইয়ে দু’সপ্তাহের বিশেষ প্রস্তুতি। কীভাবে উপমহাদেশের স্পিন-সহায়ক পরিবেশের সঙ্গে মানিয়ে নিতে হয়, তারই পাঠ নিয়েছে ক্যারিবিয়ান দল। 

এক সর্বভারতীয় প্রতিবেদন অনুযায়ী, বাংলাদেশ সফরের আগে চেন্নাইয়ে চেন্নাই সুপার কিংসের হাই পারফরম্যান্স সেন্টারে দু’সপ্তাহ কাটিয়েছিল ওয়েস্ট ইন্ডিজ। সেখানে প্রস্তুতির জন্য ছিল ন’টি আলাদা পিচ। কালো মাটি, লাল মাটি এবং দুইয়ের মিশ্রণে তৈরি উইকেটে ব্যাট করার সুযোগ পেয়েছেন ক্রিকেটারেরা। ছিল লম্বা বাউন্ডারিও। টেস্টের পাঁচ দিনের চরিত্র মাথায় রেখে সাজানো হয়েছিল প্রস্তুতির পরিকল্পনা। প্রথম, তৃতীয় ও পঞ্চম দিনের সম্ভাব্য পিচের কথা ভেবে তৈরি হয়েছিল আলাদা উইকেট। পেসারদের জন্য রাখা হয়েছিল অতিরিক্ত বাউন্সের পিচ। নেট বোলারদের মধ্যে ছিলেন উপমহাদেশের স্পিনারদের মতো বল করতে সক্ষম বোলারেরাও।

অর্থাৎ, বাংলাদেশে গিয়ে যে ধরনের পরিস্থিতির মুখোমুখি হতে পারেন ক্রিকেটারেরা, চেন্নাইয়েই তার মহড়া সেরে নিয়েছিলেন তাঁরা। ব্যাটারদের প্রস্তুতির দিকে নজর রেখেছিলেন মোট ১২ জন কোচ। স্পিন খেলার পাশাপাশি কোন পরিস্থিতিতে কীভাবে রান করতে হবে, সেই দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছিল। সিরিজ জয়ের পর সেকথাই স্বীকার করেছেন ক্যারিবিয়ান অধিনায়ক রস্টন চেজ। তাঁর কথায়, “আগে বাংলাদেশে খেলতে গেলেই স্পিনারদের সামনে সমস্যায় পড়তে হত আমাদের। তবে এখন স্পিন সামলানোর দক্ষতা অনেকটাই বেড়েছে। দলের বেশিরভাগ ক্রিকেটার চেন্নাইয়ে গিয়ে ভারতীয় পরিবেশের সঙ্গে মানিয়ে নেওয়ার প্রস্তুতি নিয়েছে। ঘূর্ণি পিচে ব্যাটিং করেছে। যে জায়গাগুলিতে উন্নতির প্রয়োজন, সেগুলিতে বাড়তি নজর দিয়েছে। আমার মনে হয়, সেই প্রস্তুতিরই সুফল পেয়েছি আমরা।”

তবে চেন্নাইয়ের এই বিশেষ প্রশিক্ষণের সুবিধা শুধু ওয়েস্ট ইন্ডিজই নেয়নি। ২০২৪ সালে শ্রীলঙ্কা সফরের আগে একই পরিকাঠামোয় প্রস্তুতি নিয়েছিল নিউজিল্যান্ড। তার পর শ্রীলঙ্কার বিরুদ্ধে ২-০ ব্যবধানে টেস্ট সিরিজ জেতে তারা। ভারতের মাটিতেও ভারতকে ৩-০ ব্যবধানে হারিয়েছিল কিউয়িরা। সিএসকে-র হাই পারফরম্যান্স সেন্টারের মুখ্যকর্তা এমএ সতীশ জানিয়েছেন, বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তুলতে দীর্ঘ দিন ধরে কাজ করেছেন তাঁরা। তাঁর কথায়, “বিশ্বমানের প্রশিক্ষণ পরিকাঠামো গড়ে তুলতে আমরা অনেক পরিশ্রম করেছি। আমাদের এখানে পিচের যে কোনও দিক থেকে ৮০ মিটার দীর্ঘ বাউন্ডারি রয়েছে। অন্ধ্রপ্রদেশ থেকে মাটি এনে পিচ তৈরি করা হয়। দেশের সেরা মাটি সংগ্রহ করেই উইকেট তৈরি করি আমরা। লাল মাটি আসে মুম্বই থেকে।”

ওয়েস্ট ইন্ডিজের ক্রিকেটারেরা ন’টি পিচেই অনুশীলন করেছেন। তবে কোনও উইকেটই হুবহু চূড়ান্ত ম্যাচের পরিস্থিতি অনুকরণ করে তৈরি করা হয়নি। বরং টেস্টের পাঁচ দিনের সম্ভাব্য চরিত্র অনুযায়ী আলাদা আলাদা পিচে প্রস্তুতির ব্যবস্থা ছিল। এমনকী, কোনও দল চাইলে নিজেদের প্রয়োজন ও পছন্দ অনুযায়ী পিচও তৈরি করিয়ে নিতে পারে। এখানে কৃত্রিমতার কোনও জায়গা নেই।

শেয়ার

লিংক

Related Articles

Back to top button

Adblock Detected

Please consider supporting us by disabling your ad blocker