বাড়ি তৈরীর খরচ নিয়ে চিন্তা শেষ! আবাস যোজনার উপভোক্তাদের জন্য জোড়া সুখবর মুখ্যমন্ত্রীর

SOBDIK NEWS: আবাস যোজনার (Awas Yojana) টাকা হাতে পেলেই যে বাড়ি তৈরির কাজ নির্বিঘ্নে শেষ হবে, বাস্তব পরিস্থিতি কিন্তু তেমন নয়। নির্মাণ সামগ্রীর লাগামছাড়া দাম সাধারণ মানুষের কাছে বড় বাধা হয়ে দাঁড়িয়েছে। এই সমস্যার কথা মাথায় রেখেই পশ্চিমবঙ্গ আবাস যোজনার উপভোক্তাদের জন্য একাধিক অতিরিক্ত সুবিধার ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)।
আবাস যোজনার (Awas Yojana) উপভোক্তাদের জন্য কী ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী?
আজ, দ্বিতীয় দফায় আবাস যোজনার টাকা পাঠানোর প্রক্রিয়া শুরু হয়েছে। এই পর্যায়ে ৭ লক্ষ ১৭১ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ৬০ হাজার টাকা করে পাঠানো হচ্ছে। এর আগে প্রথম কিস্তিতেও সমপরিমাণ অর্থ দেওয়া হয়েছিল। ফলে দুই দফা মিলিয়ে প্রত্যেক যোগ্য পরিবার পাচ্ছে মোট ১ লক্ষ ২০ হাজার টাকা।
আরও পড়ুন :সাধারণ মানুষের কাছে সরকারি পরিষেবা দ্রুত পৌঁছে দিতে কড়া পদক্ষেপ নিল রাজ্য
আবাস যোজনার সুবিধাভোগীদের বিদ্যুতের খরচ কমানোর জন্য কেন্দ্রীয় পিএম সূর্য ঘর প্রকল্পের সঙ্গেও যুক্ত করার উদ্যোগ নেওয়া হচ্ছে। তবে এই সুবিধা নিতে উপভোক্তাদের সম্মতি প্রয়োজন। সেই কারণে সংশ্লিষ্ট জেলাশাসক ও বিডিওদের প্রয়োজনীয় পদক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে। সৌরবিদ্যুৎ ব্যবস্থার ক্ষমতা অনুযায়ী ১০০ ইউনিটের ক্ষেত্রে ৩০ হাজার, ২০০ ইউনিটের ক্ষেত্রে ৬০ হাজার এবং ৩০০ ইউনিটের ক্ষেত্রে ৭৮ হাজার টাকা পর্যন্ত ভর্তুকি পাওয়া যাবে বলে জানানো হয়েছে। তফসিলি জাতি ও জনজাতিভুক্ত পরিবারগুলির জন্য রাজ্যের তরফে আরও ১৫ হাজার টাকা অতিরিক্ত ভর্তুকি দেওয়ার পরিকল্পনা রয়েছে।
এমনকি বাড়িতে শৌচালয় না থাকলে স্বচ্ছ ভারত অভিযানের অধীনে ১২ হাজার টাকা ব্যয়ে শৌচালয় নির্মাণের ব্যবস্থাও করা হবে। এর বাইরেও অতিরিক্ত ৩০ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়ার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনার সুবিধা যাতে আরও কার্যকরভাবে কাজে লাগে, তার জন্য অন্য কী কী সুযোগ দেওয়া সম্ভব, তা খতিয়ে দেখার নির্দেশও দিয়েছেন তিনি।
প্রসঙ্গত, কেন্দ্রীয় বরাদ্দ বন্ধ থাকার অভিযোগ তুলে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার নিজস্ব অর্থে ‘বাংলার বাড়ি’ প্রকল্প চালু করেছিল। সরকার পরিবর্তনের পর সেই আবাসন প্রকল্পই পশ্চিমবঙ্গ আবাস যোজনা নতুন নামে চালাচ্ছে বিজেপি সরকার। উপভোক্তাদের তালিকা যাচাই করে অযোগ্যদের বাদ দেওয়ার পর মোট ১৭ লক্ষ ২০ হাজার পরিবার দ্বিতীয় কিস্তির অর্থ পেয়েছে বলে দাবি করেছেন মুখ্যমন্ত্রী। আবাস যোজনার উপভোক্তাদের জন্য শুধু কিস্তির টাকা দেওয়াতেই সীমাবদ্ধ থাকতে চাইছে না রাজ্য সরকার। সাথে আরও বিশেষ কিছু সুবিধা যোগ করেছেন মুখ্যমন্ত্রী।



